ইরানের সরকার নয়, তাদের আচরণের পরিবর্তন চায় আমেরিকা: জন বোল্টন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান সরকারের আচরণ পরিবর্তনের জন্য আমেরিকা তেহরানের ওপর নজীরবিহীন চাপ প্রয়োগের উদ্যোগ নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক একতরফা নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করার কিছুক্ষণ পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বোল্টন এ মন্তব্য করেন। এ সময় তিনি দাবি করেন যে, ট্রাম্প প্রশাসন ইরানের সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করছে না। বোল্টন বলেন, "আমাদের নীতি ইরানের সরকার পরিবর্তন নয়। ইরানের সরকার যাতে তার আচরণের পরিবর্তন ঘটান সে জন্য আমরা তাদের ওপর নজীরবিহীন চাপ প্রয়োগ করছি। কিন্তু আচরণ পরিবর্তনের ব্যাপারে তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রমাণ বা নিদর্শন পাওয়া যাচ্ছে না।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে আবারো ভয়ঙ্কর একপেশে বলে উল্লেখ করেন। তিনি তার ভাষায় বলেন, এ সমঝোতা ইরানকে পরমাণু বোমা বানানো থেকে বিরত রাখার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বোল্টন ইরানকে অভিযুক্ত করে বলেন, দেশটি পরমাণু বোমা তৈরির চেষ্টার পাশাপাশি সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে এবং আমেরিকা তাদের এ ধরনের তৎপরতা বন্ধের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। তিনি তার ভাষায় আরো বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, সন্ত্রাসবাদে সমর্থন এবং তাদের অস্বাভাবিক সামরিক তৎপরতা বিষয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি।" #
পার্সটুডে/বাবুল আখতার/৭