রাশিয়ায় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i65626-রাশিয়ায়_বহুপক্ষীয়_সংলাপে_প্রতিনিধিদল_পাঠাবে_তালেবান
যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গত ১৭ বছরের সংকট সমাধানের লক্ষ্যে চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান। মস্কো গত শনিবার ঘোষণা করেছে, কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করা যায় কিনা তা নিয়ে আগামী ৯ নভেম্বর মস্কোয় ওই সংলাপ অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৮ ০৭:০০ Asia/Dhaka
  • একদল তালেবান জঙ্গি (ফাইল ছবি)
    একদল তালেবান জঙ্গি (ফাইল ছবি)

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গত ১৭ বছরের সংকট সমাধানের লক্ষ্যে চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান। মস্কো গত শনিবার ঘোষণা করেছে, কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করা যায় কিনা তা নিয়ে আগামী ৯ নভেম্বর মস্কোয় ওই সংলাপ অনুষ্ঠিত হবে।

তালেবান মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, তারা তাদের কাতার দপ্তর থেকে একটি ‘উচ্চ-পর্যায়ের’ প্রতিনিধিদল মস্কোয় পাঠাবে।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তর

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে বলেন, “এই সম্মেলনে বিশেষ কোনো পক্ষের সঙ্গে আলোচনা হবে না বরং এখানে শান্তিপূর্ণ উপায়ে আফগান সংকটের সমাধান ও মার্কিন দখলদারিত্বের অবসানের ব্যাপারে বহুপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।”

গুয়ান্টানামো বন্দি শিবির থেকে মুক্তিপ্রাপ্ত পাঁচ কমান্ডারকে তালেবান গত মাসে কাতারে তাদের রাজনৈতিক দপ্তরে নিয়োগ দেয়। ২০১৪ সালে ওই পাঁচ নেতা মার্কিন সেনা বো বার্গডালকে হস্তান্তরের পরিবর্তে মুক্তি পেয়েছিলেন।  এসব কমান্ডারকে ‘শান্তি আলোচনার’ ব্যাপারে পরিপূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে বলে একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭