ইরানের প্রতিরোধমূলক হামলা শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই পরিচালিত হয়েছে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162764-ইরানের_প্রতিরোধমূলক_হামলা_শুধু_সামরিক_লক্ষ্যবস্তুতেই_পরিচালিত_হয়েছে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অবৈধ যুদ্ধগুলোর স্থায়ী কৌশল হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
(last modified 2026-09-04T11:38:40+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৬ ১৪:৫১ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অবৈধ যুদ্ধগুলোর স্থায়ী কৌশল হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

অপরদিকে ইরানের প্রতিরোধমূলক হামলা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুর ওপরই পরিচালিত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বার্তায় কাতারের পক্ষ থেকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-তে জমা দেওয়া একটি নথির উল্লেখ করেন। ওই নথিতে বলা হয়েছে, ইরানের প্রতিরোধমূলক হামলাগুলো কাতারের মাটিতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে; কোনো বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয় নি।

তিনি বলেন, কাতারের দাবি অনুযায়ী একমাত্র ব্যতিক্রম ছিল ১৮ মার্চ একটি গ্যাস স্থাপনায় হামলা। তবে ওই স্থাপনাটিও সে সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল-বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

বাকায়ি বলেন, হামলার লক্ষ্য নির্ধারণে ইরানের এই সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে যুক্তরাষ্ট্রের বারবার বেসামরিক মানুষ ও স্থাপনায়-স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকা, বিয়ের অনুষ্ঠান, সেতুসহ অন্যান্য স্থানে-হামলা চালানোর মতো কর্মকাণ্ডের তুলনা করা উচিত।

তিনি আরও বলেন, পার্থক্যটি অত্যন্ত স্পষ্ট-একদিকে এমন একটি সভ্য জাতি, যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও 'নৈতিক ও মানবিক নীতিমালা মেনে চলার গুরুত্ব' শিখেছে; অন্যদিকে এমন যুদ্ধবাজ শাসকগোষ্ঠী, যারা শক্তি প্রদর্শনের সময় 'কোনো আইনি নীতি বা নৈতিক বিধি' মেনে চলে না।#
 

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।