ট্রাম্পের মশকরার নিন্দা করল ভারত
https://parstoday.ir/bn/news/world-i67094-ট্রাম্পের_মশকরার_নিন্দা_করল_ভারত
আফগানিস্তানে ভারতের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মশকরা করেছেন তার নিন্দা ও সমালোচনা করেছে ভারতের সরকারি ও বিরোধীদল। তারা বলছে, কাবুলের উন্নয়ন-অংশীদার হিসেবে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৯ ১৫:১৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি (বামে) ও ডোনাল্ড ট্রাম্প
    নরেন্দ্র মোদি (বামে) ও ডোনাল্ড ট্রাম্প

আফগানিস্তানে ভারতের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মশকরা করেছেন তার নিন্দা ও সমালোচনা করেছে ভারতের সরকারি ও বিরোধীদল। তারা বলছে, কাবুলের উন্নয়ন-অংশীদার হিসেবে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  

ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের মহাসচিব রাম মাধব টুইটার বার্তায় বলেন, “যদিও ট্রাম্প আফগানিস্তানে অনদের সহযোগিতার বিষয়টি খাটো করে দেখছেন তবে তার জানা উচিত যে, ভারত সেখানে শুধুমাত্র লাইব্রেরি তৈরি করছে না বরং রাস্তাঘাট, ড্যাম, স্কুল প্রতিষ্ঠা করছে এমনকি সংসদ ভবনও ভারত নির্মাণ করেছে। তিনি বলেন, “আমরা জীবনকে সচল করে তুলছি এবং আফগান নাগরিকরা আমাদের ধন্যবাদ দিচ্ছে; সেখানে কে কী বলল তা কিছু আসে যায় না।”

ট্রাম্পের বক্তব্যে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসও প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটি বলেছে, “আফগানিস্তানের বিষয়ে আমেরিকা থেকে নসিহতের কোনো প্রয়োজন নেই।” কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য একদম অগ্রহণযোগ্য। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিতেও তিনি নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকের পর এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মশকরা করে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একবার দেখা হলে তিনি আমাকে বার বার বলছিলেন যে, তিনি আফগানিস্তানে লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন।” ট্রাম্প বলেন, “আপনারা কী জানেন এটা কী? এটা হচ্ছে এমন কিছু যা আমরা ৫ ঘণ্টায় খরচ করি।” ট্রাম্প আরো বলেন, “মোদির একথায় আমি নিতান্তই তাকে ধন্যবাদ দিতে বাধ্য হলাম। কিন্তু আমি জানি না যে, আফগানিস্তানে কে ওই লাইব্রেরি ব্যবহার করবে।”#

পার্সটুডে/এসআইবি/৪