লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলি: নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i67148-লস_অ্যাঞ্জেলেসে_দুর্বৃত্তের_গুলি_নিহত_৩
আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের টোরান্সে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। এখনো সন্দেহভাজনদের কাউকে আটক করতে পারে নি টোরান্স পুলিশ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৯ ১৯:৪৯ Asia/Dhaka
  • লস অ্যাঞ্জেলেস শহরের টোরান্সে গোলাগুলির পর পুলিশেল তৎপরতা
    লস অ্যাঞ্জেলেস শহরের টোরান্সে গোলাগুলির পর পুলিশেল তৎপরতা

আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের টোরান্সে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। এখনো সন্দেহভাজনদের কাউকে আটক করতে পারে নি টোরান্স পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে টোরান্সের একটি বোলিং খেলার হাউস ‘গ্যাবল হাউস বোলে’ হতাহতের এ ঘটনা ঘটে। টোরান্স পুলিশ জানায়, সেপুলভিডা রোডের কাছে ওই বোলিং হাউস থেকে একটি বার্তা আসে। পুলিশের সন্দেহ, আন্তঃকোন্দলের কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টোরান্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

Image Caption

টোরান্স পুলিশ বলছে, গুলির আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই বোলিং হাউসটিতে মানুষের চিৎকার ও কোলাহল শুরু হয়। কয়েকজন উপস্থিত দর্শনার্থী ঘটনাস্থলে ছুটে গিয়ে বন্দুকধারীর ছবি তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জন্মদিনের একটি অনুষ্ঠানে বোলিং হাউসে উপস্থিত লোকজন সমবেত হয়েছিলে। তারা ৯টি গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দে অনেকেই বিভিন্ন জায়গায় লুকিয়ে যান। গুলির ঘটনার আগে সেখানে একটি মারামারি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে দুই জন বন্দুকধারী ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বোলিং হাউসটির এক কর্মী জানান, পার্কিং লটে কয়েকজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। তাদের মধ্যে কয়েকজন মাতাল অবস্থায় ছিল।#

পার্সটুডে/এসআইবি/৬