পাকিস্তানের আরেকটি ড্রোন ভূপাতিত করল ভারত
-
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক গোলা বিনিময়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক পাকিস্তানি বাড়ী (ফাইল ফটো)
পাকিস্তানের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর এ নিয়ে তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করল নয়া দিল্লি। গতকাল (শনিবার) ভারতের সেনাবাহিনী জানিয়েছে, রাজস্থান রাজ্যের আকাশে ঢোকার পর পাকিস্তানি ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।
এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত পাঁচ বছরে তারা পাকিস্তান ভূখণ্ডে তিন বার হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের সেনারা পাঁচ বছরে তিন বার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সাফল্যের সঙ্গে হামলা চালিয়ে এসেছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে নতুনকরে উত্তেজনা বেড়েছে গত ১৪ ফেব্রুয়ারি থেকে। সেদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা এলাকায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ওই বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় স্বীকার করে। এরপর থেকে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত।
এরপর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। এতে উত্তেজনা চরমে ওঠে। ভারতের হামলার পরের দিন ভারতীয় বিমান ধ্বংসের পাশাপাশি পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান। পরে শান্তির বার্তা হিসেবে পাইলটকে মুক্তি দেয় ইসলামাবাদ। এর ফলে বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে এসেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন