ইরান থেকে তেল আমদানি: মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করল চীন
-
চীনের কসকো শিপিং কোম্পানির একটি জাহাজ
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনার জন্য চীনের কয়েকটি কোম্পানি এবং কয়েকজন ব্যক্তির ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে বেইজিং।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে গতকাল (বুধবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের ৬টি কোম্পানি এবং পাঁচজন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র গেং শুয়াং আজ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের সহযোগিতা বৈধ এবং আইনসম্মত।
তিনি বলেন, “আমরা সব সময় এই ধরণের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করি একই সঙ্গে আমরা আমেরিকার বলদর্পী দুর্নীতিরও বিরোধী।” গেং শুয়াং আমেরিকার আচরণ সংশোধনের আহ্বান জানান।
গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরান যাতে আন্তর্জাতিক বাজারে কোন রকম তেল বিক্রি না করতে পারে তার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা। তবে চীন ইরানের কাছ থেকে তেল নেয়া অব্যাহত রেখেছে বলে বিভিন্ন খবর থেকে জানা গেছে।#
পার্সটুডে/এসআইবি/২৬