চীনে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু; কমছে নতুন রোগীর সংখ্যা
https://parstoday.ir/bn/news/world-i77502-চীনে_করোনাভাইরাসে_আরও_১৪৩_জনের_মৃত্যু_কমছে_নতুন_রোগীর_সংখ্যা
চীনে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫ জনে পৌঁছেছে। তবে আশার বিষয় হলো, টানা তৃতীয় দিনের মতো নতুন রোগীর সংখ্যা কমেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ০৯:১২ Asia/Dhaka
  • চীনে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু; কমছে নতুন রোগীর সংখ্যা

চীনে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫ জনে পৌঁছেছে। তবে আশার বিষয় হলো, টানা তৃতীয় দিনের মতো নতুন রোগীর সংখ্যা কমেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শনিবার আরও ২ হাজার ৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৬৪১ জন।

সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০০ জনে। শনিবার চীনে ১৪২ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ঘটেছে হুবেই প্রদেশে। এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই গতবছরের শেষে নভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করে।

করোনাভাইরাসে আক্রান্ত এক চীনা পর্যটক শনিবার মারা গেছেন ফ্রান্সে; ইউরোপে এ ভাইরাসে এটাই প্রথম মৃত্যু। চীনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে হংকং, ফিলিপিন্স ও জাপানে তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১৬৬৯ জনে।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।

করোনাভাইরাস এখন শুধু চীনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করলে এই রোগ অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন। #

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।