ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে মার্কিন কংগ্রেস সদস্যদের চাপ সৃষ্টি
-
তেহরানের একটি হাসপাতালে একজন করোনারোগীর চিকিৎসা চলছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন দেশটির বেশ কয়েকজন আইনপ্রণেতা।
গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন নুচেনকে লেখা এক চিঠিতে আমেরিকার ৩০ জন কংগ্রেস সদস্য বলেছেন, এখন নিষেধাজ্ঞা অব্যাহত রাখার চেয়ে বরং ইরানের জনগণের কথা বিবেচনা করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার। কারণ করোনাভাইরাসের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব মানবতার জন্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
এই চিঠিতে অন্যদের মধ্যে সই করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, এডওয়ার্ড জে মারকি, প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ এবং ইলহান ওমর। তারা সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এ মুহূর্তে পরিস্থিতি খারাপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।
এসব কংগ্রেস সদস্য স্পষ্ট করে বলেছেন যে, “আমরা মার্কিন প্রশাসনকে সরাসরি ইরানের জনগণের জন্য সহায়তা পাঠানোর ব্যবস্থা করার পথ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।” আমেরিকার এসব কংগ্রেস সদস্য বলেছেন, আট কোটি মানুষের দেশ ইরানে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে করোনার বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে বিশেষ করে তাদের খাদ্য এবং প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার উপায়-উপকরণ পেতে বাধা সৃষ্টি হবে।
এর আগে বিশ্বের অন্তত আটটি দেশ একযোগে জাতিসংঘের কাছে চিঠি দিয়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। কিন্তু আমেরিকা সমস্ত আহ্বান উপেক্ষা করে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। করোনাভাইরাসে এরইমধ্যে ৪৭,৫৯৩ জন ইরানি নাগরিক আক্রান্ত হয়েছেন যার মধ্যে ৩,০৩৬ জন মারা গেছেন।#
পার্সটুডে/এসআইবি/১