সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ ঘোষণা
-
অবস্থান কর্মসূচিতে ১১ দলের নেতৃবৃন্দ
গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানের দাবিসহ একাধিক ইস্যুতে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। টানা কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) রাজধানীর সচিবালয় অভিমুখে পদযাত্রা এবং মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে সারাদেশে 'লংমার্চ' ও 'মহাসমাবেশ'সহ নতুন একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‘কারো অসম্মান নয়, জনগণের দাবি নিয়ে এসেছি’
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী। পদযাত্রাটি সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দিয়ে পথ আটকে দেয়। পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন: “আজ শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা কাউকে অসম্মান করতে আসিনি, সম্মানের সাথে জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই এখানে এসেছি।”
সরকারের দায়িত্বশীল প্রতিনিধির হাতে দাবি তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ১০ মিনিটের সময়সীমা বেঁধে দেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে সরকারের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি আদায়ে ব্যর্থ হলে আন্দোলন থামবে না, একের পর এক কর্মসূচি অব্যাহত থাকবে।
১১ দলীয় জোটের ঘোষিত কর্মসূচি
পরবর্তীতে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ডা. শফিকুর রহমান গণহত্যা ও সংশ্লিষ্ট সব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনভোগান্তি নিরসনে বৃহত্তর আন্দোলনের লক্ষে ধারাবাহিক **লংমার্চ ও মহাসমাবেশের সূচি** ঘোষণা করেন:
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম (সড়কপথে লংমার্চ)
১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে রংপুর (সড়কপথে লংমার্চ)
১০ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে খুলনা (সড়কপথে লংমার্চ)
২৪ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে সিলেট (রেলপথে লংমার্চ)
১৪ নভেম্বর ২০২৬ (শনিবার): ঢাকায় মহাসমাবেশ
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের নেতারা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক দেশীয় স্বার্থে সর্বস্তরের সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএআর/৬