আফগানিস্তানে ফের তালেবানি তাণ্ডব: তীব্র সংঘর্ষ, দখল-পাল্টা দখল
https://parstoday.ir/bn/news/world-i93860-আফগানিস্তানে_ফের_তালেবানি_তাণ্ডব_তীব্র_সংঘর্ষ_দখল_পাল্টা_দখল
আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশকিছু জেলা শহর দখল করে নিয়েছে এবং আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে নতুন করে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন খবরে জানা গেছে ওই সব এলাকা দখলের পর পরই সশস্ত্র তালেবানরা সরকারি অফিস, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে, ব্যাপক লুটপাট চালিয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুন ২৮, ২০২১ ১২:৪৪ Asia/Dhaka

আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশকিছু জেলা শহর দখল করে নিয়েছে এবং আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে নতুন করে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন খবরে জানা গেছে ওই সব এলাকা দখলের পর পরই সশস্ত্র তালেবানরা সরকারি অফিস, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে, ব্যাপক লুটপাট চালিয়েছে।

গত কয়েক সপ্তাহে ওইসব এলাকায় তালেবান দখলদারিত্বের কারণে ক্ষয় ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। জানা গেছে তালেবানরা তাদের দখলীকৃত এলাকাগুলোতে ঘর বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ ও দোকানপাট ভাঙচুর প্রভৃতি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় বিদেশি সেনাদের সহযোগিতা ছাড়াই আফগান সরকারের সেনাবাহিনী একাই তালেবানের এই আগ্রাসন মোকাবেলা করতে বাধ্য হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের বর্তমান সহিংস পরিস্থিতির জন্য মার্কিন সেনাদের ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, 'আফগানদেরকেই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।' এই সাক্ষাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, 'তালেবানের কাছ থেকে আবারো বেশ কিছু  এলাকা দখল করা হয়েছে।' তিনি বলেছেন, 'আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাই।' বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর আশরাফ গনি সাংবাদিকদের বলেছেন, 'আফগানিস্তান বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কাবুলের। অন্যদিকে আফগান জাতীয় শান্তি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, 'রাজনৈতিক উপায়ে বিরাজমান বিভিন্ন মতপার্থক্য ও সমস্যা সমাধানের জন্য আফগানদের মধ্যে সংলাপের প্রক্রিয়া অব্যাহত থাকবে যদি না তালেবানরা শান্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যায়।' তিনি বলেন 'আলোচনায় এখনো অগ্রগতি না হলেও এবং সংঘর্ষের ঘটনা ঘটলেও আলোচনা থেকে আমরা বেরিয়ে যেতে পারি না।'

পর্যবেক্ষকরা বলছেন, আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ এমন সময় যুক্তরাষ্ট্র সফরে এলেন যখন তালেবানদের সাথে শান্তি আলোচনা স্থগিত আছে এবং নতুন করে আফগানিস্তানের তালিবান প্রভাবিত এলাকায় সহিংসতা শুরু হয়েছে। তালেবানদের অগ্রাভিযান থামানোর জন্য আফগান সেনাবাহিনী বিভিন্ন প্রদেশে যুদ্ধে লিপ্ত রয়েছে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে এবং এ দেশটির কেউ কেউ তালেবানদের আগ্রাসন ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সে দেশে অবস্থিত মার্কিন সেনাদের এগিয়ে আসার জন্য প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে উগ্র ও ধর্মান্ধ এই তালেবান গোষ্ঠী আবারো আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সামরিক জোট দুই দশক ধরে আফগানিস্তানের উপস্থিত থাকলেও আবারো তালেবানরা সক্রিয় হয়ে উঠছে।

এদিকে আফগানিস্তানের কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র সফর করছেন তখন সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আরো কয়েকটি এলাকার পতন ঘটেছে। পারওয়ান প্রদেশের স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আফগান বার্তাসংস্থা ওফোক জানিয়েছে সরকারি সেনারা পিছু হটে যাওয়ায় তালেবানরা ওই প্রদেশের কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। এদিকে আফগান সরকারি সূত্র বলছে তালেবানের অগ্রাভিযান ঠেকানোর জন্য সরকারের বিমান হামলায় তালেবানের অনেক সদস্য প্রাণ হারিয়েছে। গত কয়েক সপ্তাহের যুদ্ধে তালেবানরা অনেক এলাকা দখল করে নিলেও কিছু কিছু এলাকা পুনরুদ্ধার করেছে সরকারি সেনাবাহিনী। অর্থাৎ দখল ও পাল্টা দখল চলছে। এ অবস্থায় আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।#

পার্সটুডে/রেজওয়ান  হোসেন/২৮