কথাবার্তা
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বাইডেন- যুগান্তর
-
পেশাজীবীদের সঙ্গে ইসির সংলাপ-আমন্ত্রিত ৩৯ জন অতিথির মধ্যে যোগ দিলেন ১৯ জন-মানবজমিন
- ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘নড়বড়ে’: বাইডেন ইত্তেফাক
- ইউক্রেনে কি এবার ‘প্ল্যান বি’ কার্যকর করবে রাশিয়া-প্রথম আলো
-
আইকিউএয়ারের প্রতিবেদন-বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ’- দৈনিক কালের কণ্ঠ
- নিজেদের ১০ হাজার সেনা নিহতের খবর খোদ রুশ গণমাধ্যমে!-দৈনিক নয়াদিগন্ত
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বাংলা, দাবি সুকান্তের, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর-আনন্দবাজার পত্রিকা
- বাড়িতে আগুন লাগানো হয়নি, শট সার্কিট থেকে দুর্ঘটনা’, রামপুরহাট-কাণ্ডে দাবি অনুব্রতর- আজকাল
- যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য আমি দায়ী হই, ফাঁসিতে ঝোলান’, মন্তব্য ফারুক আবদুল্লার-সংবাদ প্রতিদিন
ইউক্রেনে কি এবার ‘প্ল্যান বি’ কার্যকর করবে রাশিয়া-প্রথম আলো
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনে খুব দ্রুত সময়ের মধ্যে বিজয় নিশ্চিত করতে না পেরে এখন কৌশলে পরিবর্তন আনছে রাশিয়া। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণের জন্য এখন ইউক্রেনকে বাধ্য করতে চাইছে মস্কো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণ থেকে এসব তথ্য জানা গেছে। মস্কোর নতুন কৌশলকে ‘প্ল্যান বি’ বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা।
এত দিন পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশ্লেষকদের কেউ কেউ দাবি করে আসছিলেন, ইউক্রেনে রুশ সেনাদের চলমান অভিযানের অগ্রগতি খুব ধীর। ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধ এবং নিজেদের রসদ সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় রুশ বাহিনী খুব একটা এগোতে পারছে না। আর মস্কোর দাবি, তারা নির্ধারিত সময়সীমার মধ্যেই সবগুলো লক্ষ্য অর্জন করতে পেরেছে।
আইকিউএয়ারের প্রতিবেদন-বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ’- দৈনিক কালের কণ্ঠ
সবচেয়ে দূষিত বায়ু রয়েছে এমন তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী দূষিত বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে চাদ। তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তান, চতুর্থস্থানে রয়েছে তাজিকিস্তান। আর পঞ্চমস্থানে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে। সেসময় সংস্থাটি জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ।
পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বাইডেন- যুগান্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশে অবস্থান নিয়েছেন রুশ সেনারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে গেছে।
সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে। তিনি বলেন, তারা বলছেন— ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। ফলে এটি পরিষ্কার যে তিনি দুটিই ব্যবহারের চিন্তা করছেন। বিবিসির বরাত দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ক্রিমিয়া উপত্যকায় রুশ সেনারা একটি স্থল করিডরের নিয়ন্ত্রণ নেওয়ায় আজভ সাগরের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘নড়বড়ে’: বাইডেন ইত্তেফাক
যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে কিছুটা ভিন্ন ভারত। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটির অবস্থান ‘নড়বড়ে’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার (২১ মার্চ) এক ভাষণে বাইডেন বলেন, ইউক্রেন ইস্যুতে সামরিক জোট ন্যাটো, ইউরোপ ও এশিয়ার সহযোগী দেশগুলোর ভূমিকা প্রশংসাযোগ্য। রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে। রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তাতে অংশ নিয়েছে দেশগুলো। কিন্তু ভারত এর মধ্যে নেই। বিবিসি জানায়, কোয়াডে চারটি দেশ আছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই সরব কোয়াডের দেশগুলো। কিন্তু ভিন্ন পথে ভারত। তারা রাশিয়ার বিরিদ্ধে কোনো অবস্থান না নিয়ে উল্টো ডিসকাউন্টে তেল কিনছে বলে অভিযোগ উঠেছে। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে তোলা একাধিক প্রস্তাবের কোনোটিতেই ভোট দেয়নি দিল্লি।
এ প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, ‘কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম এবং তারা নড়বড়ে।’
পেশাজীবীদের সঙ্গে ইসির সংলাপ-আমন্ত্রিত ৩৯ জন অতিথির মধ্যে যোগ দিলেন ১৯ জন-মানবজমিন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন। আজ দ্বিতীয় দফা পেশাজীবীদের সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে আমন্ত্রিত ৩৯ জন অতিথিদের মধ্যে সংলাপে যোগ দিয়েছেন মাত্র ১৯ জন। আজ সকালে ঢাকায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। অতিথিদের স্বাগত জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।যারা সংলাপে যোগ দিয়েছেন তারা হলেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সেন্টার ফর আরবার স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম
নিজেদের ১০ হাজার সেনা নিহতের খবর খোদ রুশ গণমাধ্যমে!-দৈনিক নয়াদিগন্ত
ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ১০ হাজার রুশ সেনা, আহত হয়েছেন আরো ১৬ হাজার। এমনই এক সংখ্যা প্রকাশ করেছে রুশ সংবাদপত্র। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তারা এটি ডিলিট করে দেয়।
রাশিয়ার একটি সংবাদপত্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনার মৃত্যুর সংখ্যা প্রকাশ করে দিয়েছিল। কমসোমোলসকায়া প্রাভদা একটি প্রতিবেদনে লিখেছিল, তিন সপ্তাহ লড়াইয়ের পর প্রায় ১০ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৬ হাজার। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেয়া হয়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, অন্তত ১৪ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে।
যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য আমি দায়ী হই, ফাঁসিতে ঝোলান’, মন্তব্য ফারুক আবদুল্লার-সংবাদ প্রতিদিন
কেন নিজেদের দেশেই প্রাণভয়ে ভিটেমাটি ছেড়ে পালাতে হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit exodus)? কেন এমন হিংসার মুখে পড়তে হয়েছিল তাঁদের? ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নামের ছবিটিকে ঘিরে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। সেই বিতর্কে বারবার উঠে এসেছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) নাম। এবার মুখ খুললেন প্রবীণ রাজনীতিবিদ। দাবি জানালেন, যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তাঁকে ফাঁসিতে ঝোলানো হোক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আসল সত্য়িটা তখনই জানা যাবে, যখন কোনও সৎ বিচার কমিটি নিয়োগ করা হবে। তখনই সবাই জানতে পারবে কারা দায়ী। যদি ফারুক আবদুল্লা দোষী সাব্যস্ত হয় তাহলে দেশের যে কোনও প্রান্তে তাকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি সেই বিচারের মুখে পড়তে রাজি আছি। কিন্তু যাঁরা দোষী নন, তাঁদের দায়ী করা বন্ধ হোক।”
রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বাংলা, দাবি সুকান্তের, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর-আনন্দবাজার পত্রিকা
অগ্নিগর্ভ রামপুরহাট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন।সোমবার রামপুরহাটে একটি পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনা ঘটে। তার পর গোটা রাত ধরে এলাকায় তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। দমকলের দাবি, সোমবার তিন জন এবং মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে সাত জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তাতে খুশি নয় বিরোধীরা। ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। সুকান্ত বলেন, ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে। মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত। ১০ জনকে পুড়িয়ে মেরে ফেলা হল। আর কথায় কথায় গুজরাত, উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল! এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীর। আমার বার বার মনে হচ্ছে, এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’
বাড়িতে আগুন লাগানো হয়নি, শট সার্কিট থেকে দুর্ঘটনা’, রামপুরহাট-কাণ্ডে দাবি অনুব্রতর- আজকাল
রামপুরহাটের বগতুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে ‘শট সার্কিট’। এমনটাই মন্তব্য করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে আগুন নেভানো শুরু করে। পুলিশ পিকেটিং ছিল। টিভি ফেটে গিয়ে আগুন লাগে। তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।’ যদিও স্থানীয়দের বক্তব্য, ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শট সার্কিট থেকে এত বড় অগ্নিকাণ্ড হতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে এই ঘটনায় এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে রাজ্যের তরফে। সেই দলে রয়েছেন মিরাজ খালিফ এবং ভরতলাল মীনা। পাশাপাশি এই ঘটনায় আইসিকে ক্লোজ করা হয়েছে। এসডিপিও-কে অপসারণ করা হয়েছে। নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি। জেলা পুলিশের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। কড়া হাতে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রামপুরহাটের উদ্দেশে রওনা দিয়েছেন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও আশিস বন্দ্যোপাধ্যায়।
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।