মে ৩১, ২০১৬ ১৬:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে-প্রথম আলো

সুন্দরবনের 'মাস্টার বাহিনী'র আত্মসমর্পণ- সমকাল

বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ-মানবজমিন

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল--বাংলাদেশ প্রতিদিন

মুস্তাফিজকে সতর্ক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর- ইত্তেফাক

কোচিংবাণিজ্য: সরকারি হুশিয়ারিতেও হুশ নেই-যায় যায় দিন

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি : ৬ জনের ফাঁসির আদেশ-নয়া দিগন্ত

ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশের অপেক্ষায়-মানবকন্ঠ

৪ জুন থেকে দেশের সকল জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা-যুগান্তর

সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে দোষী সাব্যস্ত ৪ বাংলাদেশি-জনকন্ঠ

কোলকাতা:

জামাইয়ের দুর্নীতির অভিযোগ আড়াল করে বিতর্কে সনিয়া- আনন্দবাজার

নতুন পাঁচটি জেলা দ্রুত গঠনের নির্দেশ মমতার- সংবাদ প্রতিদিন

মহারাষ্ট্রে সেনা অস্ত্রাগারে আগুন, ২ অফিসার-সহ মৃত ১৭ –বর্তমান

২৪ ঘণ্টায় সাফল্য পুলিশের, সল্টলেক গণধর্ষণে গ্রেপ্তার ৩-এইসময় অনলাইন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিনের রিমান্ডে আসলাম-প্রথম আলো

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানি শেষে আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে।

উঠে যাচ্ছে পিএসসি পরীক্ষা-ইত্তেফাক

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ায় তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।’

প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পর ক্ষুদে শিশুদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখে ঠেলে দেয়ায় তা নিয়ে শিক্ষাবিদদের অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন। অভিভাবক সংগঠনের পক্ষ থেকেও তা বাতিলের দাবি জানানো হচ্ছে।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

সরকার দলীয়রা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে : আব্বাস-প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, রমজানকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সমর্থকেরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন। আব্বাস বলেন, সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, সে কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সরকারের আমলে দুর্নীতি-গুম-খুন সারা দেশে ছড়িয়ে গেছে। প্রতিটি খুন-গুমের জবাব এই সরকারকে একদিন দিতে হবে।

ধান কেনা হবে সরাসরি কৃষকের কাছ থেকে: খাদ্যমন্ত্রী-ইত্তেফাক

এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের এবার কৃষকের কাছে ভিড়তে দেয়া হবে না। কৃষকরা যাতে সরাসরি খাদ্য অধিদফতরের কর্মীদের কাছে ধান বিক্রিতে উদ্বুদ্ধ হয় সেজন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হবে। এবার ৭ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, কার্ডধারী কৃষকদের কাছ থেকেই এসব ধান কেনা হবে এবং দাম দেয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

৯২০ টাকা মণ দরে গত ৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান কেনার ঘোষণা রয়েছে। তবে বোরোর এই ভরা মৌসুমে কৃষকরা সরকারের কাছে নয়, ব্যবসায়ীদের কাছে কম টাকায় ৫০০ থেকে ৭০০টাকায় মণ ধান বিক্রি করছেন বলে বিভিন্ন জেলা থেকে খবর এসেছে।

সিরাজগঞ্জে ৪০০ টাকায় এক মণ ধান বিক্রির খবর পত্রিকায় এসেছে, যেখানে এক কেজি গরুর মাংস কিনতে এর চেয়ে বেশি গুণতে হচ্ছে। খাদ্যমন্ত্রী কামরুল গত ২৪ এপ্রিল সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণা দেয়ার পর সে সময়ও সংশয় প্রকাশ করেছিলেন কৃষকরা।

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকদের প্রতিবাদ-মানবজমিন

হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে প্রতিবাদ জানিয়েছে কৃষকরা। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে ওই কর্মসূচি পালিত হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ওই কর্মসূচির আয়োজন করে। কৃষকদের দাবি বরাবরের মতো এবারো তাদের লোকসানের মুখে পড়তে হয়েছে। তারা বলেন, হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে। এদিকে সড়ক অবরোধ চলাকালে রাস্তার উভয়পারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকরা চরম দূর্ভোগে শিকার হন। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, কৃষক নেতা আহসানুল হাবীব সাঈদ, গোলাম সাদেক লেবু, নিলুফার ইয়াসমীন শিল্পী, মিলন মিয়া প্রমুখ।

এই কমিশন আর কত-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন পরিচালনার তকমা পেয়েছে বর্তমান নির্বাচন কমিশন। সংবিধানে অগাধ ক্ষমতা দেওয়া হলেও তা ব্যবহার না করার অভিযোগে অভিযুক্ত এ কমিশন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতাধিক প্রাণহানির পরও কোনো ভ্রূক্ষেপ নেই কমিশনের। এর আগে তারা দশম সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা, ঢাকার দুটিসহ বিভিন্ন সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক জাল ভোট, কারচুপি, দখল, ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের কারণে চরম বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, আর কত দিন দায়িত্বে সিইসি রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন?

কোচিংবাণিজ্য: সরকারি হুশিয়ারিতেও হুশ নেই-যায় যায় দিন

কোচিংবাণিজ্যে জড়িত এমপিওভুক্ত শিক্ষকের এমপিও স্থগিত করাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আবারো নতুন করে হুশিয়ারি দেয়া হলেও কারোরই তাতে গা নেই। বরং বেপরোয়া শিক্ষকদের অনেকে এটিকে সংশ্লিষ্ট প্রশাসনের 'ফাঁকা বুলি' বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। কেউ কেউ আবার এসব হুমকি-ধমকিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) 'চাঁদাবাজির' নতুন কৌশল বলে ধরে নিয়েছেন। তাই অনেকেই তাদের 'ম্যানেজ মিডিয়াকে' খুঁজে পেতে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছেন।

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ-আনন্দবাজার

ক্ষোভ উগরে নরেন্দ্র মোদীকে ‘শাহেনশা’ বলতে গিয়ে একটি বেনজির কাণ্ড ঘটিয়ে ফেললেন সনিয়া গাঁধী। জামাই রবার্ট ভদ্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আড়াল করে বসলেন কংগ্রেস সভানেত্রী।

এ যাবৎ রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ উঠলে কংগ্রেস তার থেকে দূরত্ব তৈরি করে বলত, রবার্ট ভদ্র এক জন ‘প্রাইভেট সিটিজেন। তিনি কংগ্রেসের সদস্য নন। বড়জোর রবার্টের আইনজীবীর সাফাইকে সামনে রেখে কংগ্রেস মুখপাত্ররা উল্টে বিজেপিকে আক্রমণ করতেন। এক বার রাজীব-সনিয়া তনয়া প্রিয়ঙ্কা তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগে মুখ খুলে বলেছিলেন, যে ভাবে তাঁর পরিবারের উপরে আক্রমণ হচ্ছে, তাতে তিনি ‘ব্যথিত। কিন্তু এ বারে খোদ সনিয়া গাঁধী রবার্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বললেন, ‘‘কংগ্রেস-মুক্ত ভারত করার জন্য রোজ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এটি ষড়যন্ত্র। তদন্ত হলে ‘দুধ কা দুধ, পানি কা পানি’ হয়ে যাবে।’’

মহারাষ্ট্রে অস্ত্রাগারে আগুন: মৃত ১৭, জখম ১৯-বর্তমান

মহারাষ্ট্রের পুলগাঁওতে কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে অগ্নিকাণ্ড। ঘটনায় ২ সেনা আধিকারিক-সহ মোট ১৭ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে জখম আরও ১৯। আহতদের ওয়ার্ধার এক হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুলগাঁও-র সেনা অস্ত্র ভাণ্ডারে আচমকাই বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১