বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: বিএনপির উসকানির ফাঁদে পা দেবে না সরকার: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- মালিকরা কেন বাস বন্ধ রেখেছে সেটি আমাদের জানার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
-
আ.লীগ নেতাদের হুমকি-যারা সমাবেশে যাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে-প্রথম আলো
- বিএনপির উসকানির ফাঁদে পা দেবে না সরকার: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- সরকার খুলনায় জনস্রোত ঠেকাতে পারেনি : রিজভী-কালের কণ্ঠ
- নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস : বিমানের ৫ কর্মকর্তা ছয় দিনের রিমান্ডে-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- বাংলা, বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল! ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রকের গভীর ষড়যন্ত্র-সংবাদ প্রতিদিন
- নিজেদের সিদ্ধান্তে অনড়, শুক্রবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
আ.লীগ নেতাদের হুমকি-যারা সমাবেশে যাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে-প্রথম আলো
পরিবহন ধর্মঘট ও অন্যান্য যান চলাচলে বাধার কারণে জরুরি প্রয়োজনে খুলনা যাওয়ার জন্য মানুষ হেঁটে রূপসা নদীর ওপর নির্মিত সেতু পার হচ্ছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া অধিকাংশ মানুষের গন্তব্যই ছিল খুলনার দিকে। তবে কেউ কেউ ফিরছিলেন খুলনা থেকে। এর মধ্যে মোটরসাইকেল দেখে একজন অনুরোধ করছিলেন, তাঁকে বাগেরহাট নিয়ে যাওয়ার জন্য। কাঁপা কাঁপা স্বরে ওই ব্যক্তি বলেন, ‘সমাবেশের আগে যেভাবেই হোক বাড়ি যাতি হবে। এলাকায় না থাকলে পরে বিপদ আছে।’
পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নাম নিয়েন না। ছোট একটা ব্যবসা করি। ডাক্তার দেখাতি বৃহস্পতিবার খুলনা আইছিলাম। অনেকগুলো টেস্ট দিছিল। আবার শনিবার রিপোর্ট দেখাবো, তাই এক আত্মীয়ের বাড়ি থেকে গেছিলাম। তবে এখন এলাকায় যাতি হবে। সমাবেশ শুরুর আগে এলাকায় থাকতে হবে। তা না হলি আমি সমাবেশে আসছি, এই খবর হবে। তালি বিপদ আছে।’
সরকার খুলনায় জনস্রোত ঠেকাতে পারেনি : রিজভী-কালের কণ্ঠ
বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার খুলনায় সান্ধ্য আইন জারি করেছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সরকারের নির্দেশে আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু জনতার ঢলে পরিপূর্ণ এখন খুলনা শহর। তারা তাদের অধিকার ফিরে পেতেই সব চ্যালেঞ্জ উপেক্ষা করে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন। অন্যদিকে গণসমাবেশ ঠেকাতে সরকার যা করেছে তা নজিরবিহীন ও কলঙ্কজনক। আজ শনিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের নির্দেশে সমাবেশের দুইদিন আগে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট শুরু করা হয়। এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ, রোগী, পরীক্ষার্থীরা। গতকাল থেকে ফেরি ও নৌ চলাচল বন্ধ করা হয়েছে। সমাবেশে যাতে লোক সমাগম না হয়, তার সব চেষ্টাই করে যাচ্ছে সরকার। অন্যদিকে চেকপোস্টসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। খুলনা মহানগরীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যই হচ্ছে গণসমাবেশে যাতে মানুষের ঢল না নামে। সরকারের এ অপকৌশলে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা সীমাহীন ভোগান্তিতে পড়লেও তারা অদম্য উৎসাহ-উদ্দীপনায় সমাবেশের দিকে ছুটে যাচ্ছে। প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নদীপথে ট্রলার যোগে খুলনা মহানগরীর দিকে যাওয়ার পথে পথে পুলিশ ব্যারিকেড দিয়ে অত্যধিক মাত্রায় হয়রানি করছে।
বিএনপির উসকানির ফাঁদে পা দেবে না সরকার: ওবায়দুল কাদের-ইত্তেফাক-
বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে সহিংসতার জন্য বিএনপির উসকানির ফাঁদে সরকার পা দেবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উসকানি দেবে না। শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খুলনায় সমাবেশ করতে তারা সন্ত্রাসী যোগার করেছে, যারা খুনের এবং মাদকের আসামি। দখল করে নিয়েছে হোটেল। এখন ২০১৩-১৪ সাল নয়। তারা যদি আগের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
মালিকরা কেন বাস বন্ধ রেখেছে সেটি আমাদের জানার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
বিএনপির গণসমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। খুলনায় দুদিনের ‘পরিবহণ ধর্মঘট’-এর কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটি আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না। বাস মালিকদের কিছু দাবি-দাওয়া কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা তা আমি নিশ্চিত নই। শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেফতার হয়নি। যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। পুলিশ তাদের নিয়মিত প্রক্রিয়ায় করছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেফতার করা হয়নি।
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস : বিমানের ৫ কর্মকর্তা ছয় দিনের রিমান্ডে-বাংলাদেশ প্রতিদিন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, হারুন-অর-রশিদ, ও মাহফুজুল আলম। গত শুক্রবার বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
১০ লক্ষ চাকরি দেব’, রোজগার মেলায় ঘোষণা মোদীর, বিলি করলেন ৭৫ হাজার নিয়োগপত্র- আনন্দবাজার পত্রিকা
প্রতিশ্রুতি মেনে দীপাবলির আগেই চাকরি দেওয়ার ‘রোজগার মেলা’ কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৭৫,০০০ জন নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোভিড পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সমস্যার জেরে অর্থনীতিতে আঘাত এসেছে। সেই আঘাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতেই এই উদ্যোগ।’’
শনিবার মোদী যাঁদের হাতে ইন্টারনেটের মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছেন তাঁরা কেন্দ্রীয় সরকারের ৩৮টি মন্ত্রকের গ্রুপ এ এবং বি (গেজেটেড), গ্রুপ বি (নন-গেজেটেড) এবং গ্রুপ সি-র বিভিন্ন পদে যোগ দেবেন। অতিমারি এবং তাঁর পরবর্তী অনিশ্চতার কারণে বেশ কয়েকটি দেশে, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো সমস্যা দেখা দিয়েছে বলে শনিবার জানান প্রধানমন্ত্রী। গত এক শতাব্দী ধরে কর্মসংস্থানের সমস্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘১০০ বছরের এই সমস্যার ১০০ দিনের মধ্যে সমাধান করা সম্ভব নয়।’’
বাংলা, বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল! ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রকের গভীর ষড়যন্ত্র-সংবাদ প্রতিদিন
বাংলা ও বিহার (Bihar), দুই রাজ্যের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। সর্বভারতীয় এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের দাবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই তথ্য ফাঁস হতেই তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ও সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। তাঁর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের হার সহ্য করতে না পেরেই বাংলা দখল করতে এই কৌশল নিতে চাইছে বিজেপি (BJP)।
এক বিবৃতিতে তিনি বলেন, ”২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই কেন্দ্র বাংলা দখল করতে দুটি নীতি গ্রহণ করেছে। (১) বাংলার আঞ্চলিক অখণ্ডতাকে বিভক্ত করতে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে চাইছে। যার মধ্যে বিহারের পূর্ণিয়া, সহর্ষ, কিষানগঞ্জ, কাটিহার এবং বাংলার উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি অঞ্চলের একাংশ থাকবে। (২) বাংলার উপর কার্যত অঘোষিত অর্থনৈতিক অবরোধ তৈরি হচ্ছে একশো দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিতে কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা না দিয়ে।”
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।