অক্টোবর ২৯, ২০২২ ১৩:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রেসক্লাবের সামনে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা নারীর-প্রথম আলো
  • বিএনপির সমাবেশে মানুষের ঢল’’-কালের কণ্ঠ
  • জনগণ পাশে থাকলে কিছুই অসাধ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

  • ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • সরকার রিজার্ভের সঠিক তথ্য দিচ্ছে না-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • বিশেষ কারণে নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক –-সংবাদ প্রতিদিন
  • বিশেষ কারণে নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক –দৈনিক আজকাল
  • পালিত কন্যা হানিপ্রীতের সঙ্গে যৌন সম্পর্ক! রাম রহিমের মুক্তির বিরোধিতায় মোদীকে চিঠি -আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রেসক্লাবের সামনে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা নারীর-প্রথম আলো

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক নারী তাঁর দুই সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় জনগণ তাঁদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।

৩৫ বছরের ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাঁর দুই সন্তানের একজনের বয়স ১৬ ও আরেকজনের বয়স ১০ বছর।  বড়জন মেয়ে এবং ছোটজন ছেলে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ওই নারী তাঁর দুই সন্তান ও স্বামীকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন। কয়েক বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তাঁরা জমি কেনেন। পরে সেখানে তাঁরা ঘর তুলে বসবাস করছিলেন। তবে জমির দাম বেড়ে যাওয়ায় ওই লোক তাঁদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিলেন। তাঁর স্বামী নিরুদ্দেশ হয়ে যান। ওসি নূর মোহাম্মদ আরও বলেন, পরে ওই নারীকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়। তিনি আজ দুই সন্তানকে নিয়ে প্রেসক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালানোর সময় স্থানীয় লোকজন বাধা দেন। তাঁকে পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনই ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে জানা গেছে।

বিএনপির সমাবেশে মানুষের ঢল’’-কালের কণ্ঠ

বিএনপির গণসমাবেশ ঘিরে হাজার হাজার লোক রংপুর নগরীর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। গতকাল থেকেই মানুষ মাঠে প্রবেশ করেছেন। এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। 

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সমাবেশ স্থানে মিছিল ও শোডাউন করছেন বিএনপির সমর্থক ও কর্মীরা। সড়ক-মহাসড়কে খণ্ড খণ্ড মিছিল করছেন তারা। মিছিল করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে। তবে এই সমাবেশে কোনো বাধা দিলে তা রাজনৈতিকভাবে জবাব দিবেন তারা। এদিকে পত্রিকার খবর- রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টার দিকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামও মঞ্চে উপস্থিত আছেন।

জনগণ পাশে থাকলে কিছুই অসাধ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছিলাম তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠে। জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই আর অসাধ্য থাকে না।

শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জঙ্গি দমন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণি-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না। কিশোর গ্যাং নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনা মহামারির জন্য শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুব সমাজ অকর্মণ্য হয়ে পড়ে। সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। সেটার একটা কুপ্রভাব এখনো রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।

সরকার রিজার্ভের সঠিক তথ্য দিচ্ছে না-মানবজমিন

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই সরকার রিজার্ভ নিয়ে আমাদের সঠিক তথ্য দিচ্ছে না। তাদের জ্বালানি উপদেষ্টা এক রকম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সত্য কথা বলেছেন যে দুর্ভিক্ষ আসবে। এই কথা সঠিক, তাই আমরা এই সরকারের হাত থেকে মুক্তি চাই। আজকের জনস্রোত থেকে বোঝা যাচ্ছে এই সরকারের আর বেশিদিন বাকি নেই। গণঅধিকার পরিষদের হাত ধরেই জনগণের মুক্তি আসবে ইনশাআল্লাহ্। গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, জেলে আটক সকল আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। তা না হলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে। আর নয়ছয় করে পার পাবে না এই বিনা ভোটের সরকার।

ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা।’

কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রধান বক্তা হিসেবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের জোয়ারে এখন কোথাও কুঁড়েঘর ও পায়ে চলার মেঠো পথ খুঁজে পাওয়া যায় না। এখন আর সকাল বেলায় কোন মানুষের কণ্ঠে শোনা যায় না,  মাগো আমাকে একটু বাসি ভাত দাও। এখন দেশে অনাহারী মানুষ নেই বললেই চলে। এগুলো এখন আর কোন স্বপ্ন নয়, এটাই বাস্তব।’ তিনি আরও বলেন,  ‘গত ১৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের সকল উন্নয়ন দেশের জন্য উদাহরণ। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে যখন সারা বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা তখনো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার জানা। করোনাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম ৩টি দেশের একটি।’

পালিত কন্যা হানিপ্রীতের সঙ্গে যৌন সম্পর্ক! রাম রহিমের মুক্তির বিরোধিতায় মোদীকে চিঠি -আনন্দবাজার পত্রিকা

খুন, ধর্ষণের পাশাপাশি রাম রহিমের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ওরফে প্রিয়ঙ্কাকে নিয়ে।  ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম প্যারোলে ৪০ দিনের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু খুন, ধর্ষণে দোষী রাম রহিমের প্যারোলে মুক্তিতে খুশি নন অনেকেই। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাম রহিমকে জেলে ঢোকানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। স্বাতীর দাবি, রাম রহিমের মতো অপরাধীকে জেল থেকে মুক্তি দেওয়ার অর্থ হল, দেশ জুড়ে সমস্ত ‘নির্ভয়া’র নিরাপত্তা ছিনিয়ে নেওয়া। রাম রহিমের মতো অপরাধীদের এখনই জেলে ভরারও সওয়াল করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান। স্বাতী বলেছেন, ‘‘রাম রহিম একজন ধর্ষক এবং খুনি। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু হরিয়ানা সরকার যখনই চায়, তাকে প্যারোলে মুক্ত করে। ও জেল থেকে বেরিয়েই সৎসঙ্গের আয়োজন করছে এবং সেই অনুষ্ঠানে হরিয়ানা সরকারের ডেপুটি স্পিকার এবং মেয়রও যোগ দিচ্ছেন।’

বিশেষ কারণে নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক –-সংবাদ প্রতিদিন

ফের খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখোমুখি বৈঠকের সম্ভাবনা। আগামী ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু দিল্লি সূত্রের খবর, বিশেষ কারণে ৫ নভেম্বর নবান্নে আসতে পারবেন না শাহ। তাই আপাতত এই বৈঠক স্থগিত।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৫ নভেম্বর অমিত শাহ মন্ত্রকের একটি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন। তাই ওইদিন সম্ভবত তিনি নবান্নে আসতে পারবেন না। সেকারণে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Zonal Security Council) বৈঠক আপাতত স্থগিত রাখা হতে পারে। ইতিমধ্যেই মৌখিকভাবে নবান্নকে বিষয়টি জানানো হয়েছে। যদিও কবে পুনরায় ওই বৈঠকের আয়োজন করা হবে, সেটা এখনও জানানো হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আগামী কয়েকদিনের মধ্যেই ৫ নভেম্বরের ওই হাই প্রোফাইল বৈঠকের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে বলে সূত্রের খবর।

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।