ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৪৯ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৪ ডিসেম্বর (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

বাংলাদেশের দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:

  • একাত্তরের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত: সেতুমন্ত্রী
  • শহীদ বুদ্ধিজীবীরা এমন বাংলাদেশ চাননি: মোশাররফ: দৈনিক বাংলা
  • আ. লীগের ‘অনুরোধে’ গণমিছিল করবে না বিএনপি: কালেরকণ্ঠ
  • জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জিএম কাদের: ঢাকা পোস্ট
  • ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর: নয়াদিগন্ত
  • বিশ্বকাপের উন্মাদনায় এক মাসে ১২ মৃত্যু: প্রথম আলো

ভারতের পত্রপত্রিকার শিরোনাম:

  • লালনকাণ্ডে নয়া মোড়, আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন সিবিআইয়ের
  • আধারের পর নয়া গেরো, জম্মু -কাশ্মীরে এক পরিবারের একটাই আইডি!: পূবের কলম
  • শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও রাম-বাম মহাজোট! চিন্তায় আলিমুদ্দিন: সংবাদ প্রতিদিন
  • দিল্লিতে বসে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে দেব না, হুঙ্কার মমতার: বর্তমান পত্রিকা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

একাত্তরের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত: সেতুমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হতে হবে।  

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল জামায়াতে ইসলামী। আর তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি।’ বুধবার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শহীদ বুদ্ধিজীবীরা এমন বাংলাদেশ চাননি: মোশাররফ: দৈনিক বাংলা

দেশে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার নেই অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের রাজনীতির অধিকার নেই, অর্থনৈতিক সুবিচার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোট দেয়ার অধিকার নেই, সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আ. লীগের অনুরোধে গণমিছিল করবে না বিএনপি: কালেরকণ্ঠ

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে। ’

জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জিএম কাদের: ঢাকা পোস্ট

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর: নয়াদিগন্ত

বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারও বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩৮২।

৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি যথাক্রমে ২৩৬, ১৭৬ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী তিনটি স্থান দখল করেছে।

বিশ্বকাপের উন্মাদনায় এক মাসে ১২ মৃত্যু: প্রথম আলো

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খেসারতে জীবন দিয়ে দিলেন ১২ জন। ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সংঘর্ষে, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, খেলা দেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এঁদের বেশির ভাগই কিশোর ও তরুণ। 

এদিকে, ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতদের সবাই বিশ্ব ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক।

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত:

দিল্লিতে বসে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে দেব না, হুঙ্কার মমতার: বর্তমান পত্রিকা

নির্বাচিত সরকারকে উপেক্ষা করে রাজ্যগুলিকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি পরিচালিত কেন্দ্র। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চক্রান্ত চলছে। এতদিন বাংলা থেকে এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেঘালয়ের মাটিতে দাঁড়িয়েও দৃপ্ত কণ্ঠে তাঁর হুঙ্কার, ‘দিল্লিতে বসে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে দেব না।’ মঙ্গলবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরি অডিটরিয়ামে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের যাবতীয় নেতা-কর্মীদের নিয়ে কনভেনশন আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই একথা জানান নেত্রী।

লালনকাণ্ডে নয়া মোড়, আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন সিবিআইয়ের: আনন্দবাজার

লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে গেল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে। সেই ৭ জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য নামে এক সিবিআই আধিকারিক। তিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে কাজ করছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারও করেছিলেন সুশান্ত। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টে গিয়েছে সিবিআই।

আধারের পর নয়া গেরো, জম্মু -কাশ্মীরে এক পরিবারের একটাই আইডি!: পূবের কলম

জম্মু-কাশ্মীরের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি আইডি নামে একটি ইউনিক আলফা কোড সরবরাহ করা হবে।  যার মাধ্যমে তৈরি হবে একটি ডেটাবেস। ফ্যামিলি আইডি ডেটাবেসের ডেটা একবার যাচাই করা থাকলে,   কোনও সুবিধাভোগীকে কোনও পরিষেবা পাওয়ার জন্য আর কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না।

সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে প্রতি পরিবারকে একটাই আইডি থাকবে বলে জম্মু- কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন।

'ফ্যামিলি আইডি’ নামক এই প্রস্তাবিত পদক্ষেপকে বিজেপি স্বাগত জানিয়েছে। তবে অন্যান্য দলগুলি ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রিয়াসি জেলার কাটরায় ই-গভর্ন্যান্স সংক্রান্ত একটি সম্মেলনে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার একটি ডিজিটাল জে অ্যান্ড কে ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছেন।

শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও রাম-বাম মহাজোট! চিন্তায় আলিমুদ্দিন: সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত ভোটে নিচুতলায় বিজেপির (BJP) সঙ্গে সমঝোতা করলে ইতিমধ্যেই দলের সদস‌্যদের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে সিপিএম। কিন্তু সেই বার্তার পরও তৃণমূলকে ঠেকাতে নিচুতলায় বিজেপির হাত ধরতেই আগ্রহী স্থানীয় নেতা-কর্মীদের একটা বড় অংশ। পার্টির স্থানীয় নেতারাও পঞ্চায়েতস্তরে বিজেপির সঙ্গে অঘোষিত জোটের পক্ষে সওয়াল করছেন।

সম্প্রতি আলিমুদ্দিনে রাজ‌্য কমিটির বৈঠকে একাধিক জেলার রিপোর্টে নিচুতলায় বিজেপির সঙ্গে এই মহাজোটের আশঙ্কার কথা বলা হয়েছে। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে আলিমুদ্দিন। নিচুতলায় এই বিজেপি ছোঁয়াচ কতটা এড়ানো যাবে তা নিয়ে সংশয়ে রাজ‌্য নেতৃত্ব। বিজেপির ছোঁয়া এড়াতে শীর্ষনেতারা নিচুতলার নেতাকর্মীদের পরামর্শ দিচ্ছেন, গ্রামেগঞ্জে হারানো ভোটব‌্যাংক ফেরাতে যে বামপন্থীরা দূরে সরে গিয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪