কথাবার্তা
এক নজরে বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৭ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সংকটের মধ্যেই বাড়বে গ্যাসের দাম, খাতভেদে ৫০–১০০ শতাংশ বাড়তে পারে-প্রথম আলো
- হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা পড়লেন ছাত্রদল নেতা–মানবজমিন
- জাজিরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- ডলারের দাম কমে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন- বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- মোদির সাধের গঙ্গাবিলাসকে ‘অশোভনীয়’ বলে কটাক্ষ কংগ্রেস নেতার, আশঙ্কা ক্ষতিরও!-সংবাদ প্রতিদিন
- সৌদির রাজ পরিবারের কর্মী পরিচয়ে চার মাস পাঁচতারা হোটেলে বসবাস, তারপর যা হল...-আজকাল
- দিল’ কাঁপানো ঠান্ডায় দিল্লি থরহরিকম্প! তাপমাত্রা ২.৪ ডিগ্রি, দু’দিন পর থেকে খানিক রেহাইয়ের পূর্বাভাস–আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করে গেলেন। তার এ সফর নিয়ে আগে থেকেই নানামুখী আলোচনা হচ্ছে। আপনি কীভাবে দেখছেন এ সফরকে?
২. ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে- একথা বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। আপনারও কী তাই মনে হয়?জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
সংকটের মধ্যেই বাড়বে গ্যাসের দাম, খাতভেদে ৫০–১০০ শতাংশ বাড়তে পারে-প্রথম আলো
সরকার আবারও গ্যাসের দাম বাড়াবে। মূল্যবৃদ্ধির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, প্রজ্ঞাপন জারি হতে পারে চলতি সপ্তাহে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ দফায় দাম বাড়ানোর ক্ষেত্রে আমদানি বৃদ্ধির বিষয়টি সামনে আনা হচ্ছে। বলা হচ্ছে, বিদেশ থেকে বাড়তি দাম দিয়ে কিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানো হবে। এ জন্য বেশি টাকা লাগবে। ভর্তুকি কমাতে সেই টাকার একটা অংশ ওঠানো হবে গ্যাসের দাম বাড়িয়ে। ব্যবসায়ীরা বাড়তি দাম দিতে রাজি।
যদিও এর আগে দুই দফা সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। কিন্তু পরে গ্যাস আমদানি বাড়ানো হয়নি।
এবার আবার একই প্রতিশ্রুতি দিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এমন একটা সময়ে, যখন শিল্প খাত গ্যাস–সংকটে ভুগছে। অনেক এলাকার বাসাবাড়িতেও দিনের বেশির ভাগ সময় চুলা বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের অভাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি বিভাগের দায়িত্বশীল দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ দফায় শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতের গ্রাহকদের ক্ষেত্রে দাম বাড়ানো হবে। পরিবহন খাত ও আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম আপাতত বাড়বে না।
দেশে দিনে এখন গ্যাসের মোট চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। গড়ে সরবরাহ করা হয় ২৬৬ কোটি ঘনফুট। প্রতিদিন ৩১০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প খাতের সংকট মোটামুটি কাটবে। গত জুলাই থেকে দেশে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। তখন চড়া দামের কারণে বৈশ্বিক খোলাবাজার (স্পট মার্কেট) থেকে গ্যাস কেনা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো সরকার খোলাবাজার থেকে গ্যাস কিনছে না। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস আসছে। মোট সরবরাহ আগের চেয়ে কম।
জাজিরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন মারা যান। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
ডলারের দাম কমে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন- বাংলাদেশ প্রতিদিন
আন্তর্জাতিক মুদ্রাবাজারে কমছে মার্কিন মুদ্রা ডলারের দাম। ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর বিপরীতে বিগত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ডলারের দাম। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস মূল্যস্ফীতি কমেছে। এতে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে। কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসতে পারে তারা। ফলে ডলারের দরপতন ঘটছে।
এদিকে, আন্তর্জাতিক মুদ্রার বিরুদ্ধে ব্যাপক শক্তিশালী হয়েছে জাপানি মুদ্রা ইয়েন। গত ৭ মাসের মধ্যে যা সর্বোচ্চ। এক প্রতিবেদনে তা জানিয়েছে ব্যাংক অব জাপান (বিওজে)। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। এ নিয়ে ২০২০ সালের মে মাসের পর প্রথমবারের মতো তা কমলো।
সিপিআই প্রতিবেদন প্রকাশের পর ইউরোর বিপক্ষে ডলারের দর নিম্নমুখী হয়েছে প্রায় ১ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৮৪৫ ডলারে। গত ২১ এপ্রিলের পর যা সর্বনিম্ন।
ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ডলারের দাম হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। পাউন্ডপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২২১৯৫ ডলারে। গ্রিনব্যাক সূচক শূন্য দশমিক ৮১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০২ দশমিক ২০ পয়েন্টে। গত ৬ জুনের পর যা সবচেয়ে কম।
জাপানি ইয়েনের বিরুদ্ধে ২ দশমিক ৭ শতাংশ শক্তি হারিয়েছে ডলার। গত ৭ মাসের মধ্যে যা সর্বাধিক কম। এক ডলার বিক্রি হয়েছে ১২৯ দশমিক ৩৫ ইয়েনে। চীনের অফশোরে ইউয়ানের বিপরীতে ডলারের মূল্যমানও কমেছে। প্রতি ডলার বিকিয়েছে ৬ দশমিক ৭৩৩১ ইউয়ানে। গত পাঁচ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা পড়লেন ছাত্রদল নেতা–মানবজমিন
হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়লেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সেলিম রেজা। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে গত রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি শরিয়তপুরের সুজন দোয়াল এলাকায় জানাজায় উপস্থিত হন তিনি। তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট সেলিম রেজা।
সেলিম রেজার মা নাসিমা অসুস্থতাজনিত কারণে গত রোববার সকাল সাড়ে দশটায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্বজনেরা জানান, শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে রোববার সকালে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন সেলিম রেজা। ওইদিন বিকাল সাড়ে চারটা থেকে রাত ২টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি পান তিনি । তবে তার মুক্তি নিয়েও টালবাহানা করা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত পৌনে এগারোটায় দিকে পুলিশী পাহারায় মুক্তি দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে রাত তিনটায় শরিয়তপুরের বাসায় পৌঁছান সেলিম রেজা। সোয়া তিনটায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন তিনি। জানাজায় এলাকার লোকজন ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, আরিফুল ইসলাম আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক শাহরিয়র হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিল’ কাঁপানো ঠান্ডায় দিল্লি থরহরিকম্প! তাপমাত্রা ২.৪ ডিগ্রি, দু’দিন পর থেকে খানিক রেহাইয়ের পূর্বাভাস–আনন্দবাজার
প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাবে পারদ নামছে তো নামছেই, থামার ব্যাপার নেই। কোথাও তাপমাত্রা পৌঁছেছে মাইনাসে, আবার কোথাও শূন্যের কাছাকাছি। সব মিলিয়ে উত্তরে ঠান্ডার দাপটে সবই ম্লান। তবে আশার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের পর থেকে সামান্য হলেও মুক্তি মিলতে পারে হাড়কাঁপানো ঠান্ডা থেকে। জোড়া পশ্চিমি ঝঞ্ঝার জেরে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
সোমবার রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার তা আরও খানিক কমতে পারে, এই আশঙ্কা নিয়ে নিদ্রা গিয়েছিলেন দিল্লিবাসী। মঙ্গলবার ভোরে তাপমাত্রা মেপে দেখা গেল তা ২.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় দিল্লির ‘সফদরজং অবজ়ার্ভেটরি’তে তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি। লোধি রোডে ২ ডিগ্রি, দিল্লি রিজে ২.২ ডিগ্রি এবং আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়ে ২.৮ ডিগ্রি সেলসিয়াস।
মোদির সাধের গঙ্গাবিলাসকে ‘অশোভনীয়’ বলে কটাক্ষ কংগ্রেস নেতার, আশঙ্কা ক্ষতিরও!-সংবাদ প্রতিদিন
গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে হয় উদ্বোধন। আর যাত্রা শুরুর পর দিন চারেকের মধ্যেই বিতর্কে জর্জরিত মোদির সাধের প্রমোদতরী গঙ্গাবিলাস। কখনও এই ক্রুজে মদ পরিবেশনের অভিযোগ উঠছে তো কখনও যাত্রাপথে বিভ্রাটের জেরে এটি উঠে আসছে শিরোনামে। এবার সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। গঙ্গাবিলাসকে ‘অশোভনীয়’ করে কটাক্ষ করেন তিনি।
১৩ জানুয়ারি বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু করে ক্রুজটি। ২৭টি নদী পেরিয়ে যার গন্তব্য ডিব্রুগড়। পথে যাত্রীরা দেখে নিতে পারবেন অন্তত ৫০টি পর্যটনস্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতিরাতে যাত্রীদের খরচ ৫০ হাজার। আর এই বিপুল খরচ নিয়েই আপত্তি জয়রাম রমেশের। তাঁর দাবি, এই প্রমোদতরী যেন চোখে আঙুল দিয়ে গবির ও ধনীর পার্থক্য বুঝিয়ে দিচ্ছে। তাই এটি ‘অশোভনীয়’। কংগ্রেস নেতার কথায়, “প্রধানমন্ত্রীর উদ্বোধন করা গঙ্গাবিলাস আসলে অশোভনীয়।
অত্যন্ত ধনী ছাড়া প্রতিরাতে ৫০ হাজার টাকা খরচ করার সাধ্য আর কার আছে?” শুধু তাই নয়, রমেশের দাবি, গঙ্গা এখনও নির্মল নয়। আর পবিত্র নদীর নিচে থাকা প্রাণীদেরও ক্ষতি করবে এই ক্রুজটি। টুইটারে তিনি লেখেন, “এই নাটকের জেরে গঙ্গার নিচে থাকা প্রাণীগুলো বিপদে পড়বে।”
সৌদির রাজ পরিবারের কর্মী পরিচয়ে চার মাস পাঁচতারা হোটেলে বসবাস, তারপর যা হল...-আজকাল
সৌদির রাজ পরিবারের কর্মী।ঃ
এই পরিচয়ে দিল্লির পাঁচতারা হোটেলে দিব্যি থাকছিলেন মহম্মদ শেরিফ। চার মাস পর তিনি গা ঢাকা দিয়েছেন। অভিযোগ, হোটেল থেকে একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে তিনি চম্পট দিয়েছেন। পাশাপাশি চার মাস হোটেলে থাকা খাওয়া বাবদ প্রায় ২৩ লক্ষ টাকা বকেয়া রয়েছে অভিযুক্তের নামে।
দিল্লির লীলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ গত শনিবার থানায় এফআইআর দায়ের করেছে। বয়ানে বলা হয়েছে, অভিযুক্ত মহম্মদ শেরিফ ১ আগস্ট হোটেলের ৪২৭ নম্বর রুম ভাড়া নেন। তারপর থেকে থাকছিলেন সেখানে। ২০ নভেম্বর আচমকা তিনি হোটেল ছেড়ে চলে যান। হোটেল কর্মীদের দাবি, হোটেলের ঘর থেকে ওই ব্যক্তি রূপোর পাত্র ও মুক্তোর ট্রে নিয়ে বেপাত্তা। আর বকেরা ২৩ লক্ষ টাকার বিল তো রয়েইছে। পুলিশ ঘটনার তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চলছে।
জানা গেছে, গত বছরের ১ আগস্ট ওই ব্যক্তি দিল্লির পাঁচতারা হোটেলে আসেন। নিজেকে সৌদির বাসিন্দা পরিচয় দেন। বলেন, সৌদির রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। হোটেল কর্তৃপক্ষকে ওই ব্যক্তি জানান, কর্মসূত্রেই তিনি দিল্লি এসেছেন। এরপর তিনি হোটেল কর্তৃপক্ষকে তাঁর বিজনেস কার্ড, সৌদির পরিচয়পত্র ও অন্যান্য কাগজ দেখান। হোটেল কর্তৃপক্ষ বিশ্বাস করে ওই ব্যক্তিকে থাকতে দেন। এমনকী প্রতিনিয়ত ওই ব্যক্তি নাকি হোটেল কর্মীদের সৌদির নানা গল্প বলতেন। পুলিশের অনুমান, সবই ভুয়ো পরিচয়পত্র। #
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।