মে ০৯, ২০২৩ ১১:৩৭ Asia/Dhaka
  • ৯ মে প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৯ মে (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।  

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে: প্রথম আলো
  • স্থানীয় নির্বাচন বর্জনের ডাক খালেদার: মানবজমিন
  • পাচার করা টাকা ফেরানোর সুযোগ আর থাকছে না: দৈনিক আমাদের সময়
  • ঢাকার বাইরে ঘন ঘন লোডশেডিং, চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আভাস: কালেরকণ্ঠ
  • 'হিট অফিসার' নিয়োগে সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই: মেয়র আতিক- সমকাল
  • ইসলামী ব্যাংকের ৬৬ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দুবাই পলায়ন: ইনকিলাব

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • রাজ্যে নিষিদ্ধ হল ‘দ্য কেরালা স্টোরি' ছবির প্রদর্শন: আজকাল
  • মধ্যপ্রদেশের পথেই হাঁটল যোগীর রাজ্য, এ বার উত্তরপ্রদেশেও করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি': আনন্দবাজার
  • কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় বরখাস্ত তিন: পুবের কলম

বিশ্লেষণের বিষয়:

১. রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে: ফখরুল….এটা দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। আসলে কী হতে যাচ্ছে?
২. সিরিয়াকে সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করতে প্রস্তুত ইরান; প্রয়োজনে সিরিয়ায় স্থাপিত হবে অস্ত্র তৈরির কারখানা। এই ঘোষণা দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি। তাহলে মধ্যপ্রাচ্যে কী বড় পরিবর্তন আসতে যাচ্ছে?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে: প্রথম আলো

ডলার–সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ-এপ্রিল সময়ে আমদানি বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর আজ সোমবার রিজার্ভ কমে গেছে। ফলে গতকাল সোমবার (৮ মে, ২০২৩) দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৩ কোটি ডলার। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ তিন হাজার কোটি ডলারের নিচে ছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

স্থানীয় নির্বাচন বর্জনের ডাক খালেদার: মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হয়ে আসেন। রাতেই মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কী আলাপ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মান্না মানবজমিনকে বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই। বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

পাচার করা টাকা ফেরানোর সুযোগ আর থাকছে না: দৈনিক আমাদের সময়

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সহজশর্তে সুযোগ দিলেও তাতে লাভ হয়নি। চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথমবারের মতো মাত্র ৭ শতাংশ কর দিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয় সরকার। সরকারের প্রস্তাব অনুযায়ী, কর দেওয়া হলে বাংলাদেশের বাইরে থেকে আসা এসব অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগসহ কোনো কর্তৃপক্ষই কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু গত ১০ মাসে একজনও টাকা না ফিরিয়ে আনেনি। ফলে পাচার করা অর্থ দেশে আনার ব্যাপারে সরকার যে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে, তা আর আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে থাকছে না। একই সঙ্গে রিটার্নে অপ্রদর্শিত অফশোর সম্পদ বা বিদেশে স্থাবর সম্পদ দেখানোর সুযোগ বাতিল করা হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

ঢাকার বাইরে ঘন ঘন লোডশেডিং, চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আভাস: কালেরকণ্ঠ

দেশে তাপমাত্রা বাড়ায় বাড়ছে বিদ্যুতের চাহিদা। রাজধানী ঢাকায় লোডশেডিং তেমন না হলেও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে বেড়েছে লোডশেডিং। ঘন ঘন লোডশেডিংয়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। চলছে এসএসসি পরীক্ষা। দিনে-রাতে আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিংয়ে বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। গরমের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তারা। ব্যাটারিচালিত ভ্যান ও অটোচালকরা ঠিকমতো চার্জ দিতে না পারায় দিনের অর্ধেক সময়ও গাড়ি চালাতে পারছেন না। এতে কমে গেছে তাঁদের আয়।

আবহাওয়া অধিদপ্তর গত ২ মে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও এপ্রিল মাসের আবহাওয়ার বিশ্লেষণ প্রকাশ করেছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তারা জনিয়েছে, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানায় অধিদপ্তর।

'হিট অফিসার' নিয়োগে সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই: মেয়র আতিক- সমকাল  

বুশরা আফরিনের ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তাঁর বাবা ও উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বুশরা আফরিনের জন্য ঢাকা উত্তর সিটিতে কোনো অফিস বা চেয়ারও নেই। এ ধরনের কোনো পদও নেই। বুশরা বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে তাকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়রস কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, বুশরাকে কোনো বেতন-ভাতা বা গাড়ির সুবিধা দেবে না সিটি করপোরেশন। তার সবকিছু দেবে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার। প্রতিষ্ঠানটি বিশ্বে এখন পর্যন্ত বুশরাসহ সাতজন নারী চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে।

ইসলামী ব্যাংকের ৬৬ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দুবাই পলায়ন: ইনকিলাব

গাজীপুরে কারখানা তৈরির কথা বলে ইসলামী ব্যাংক থেকে ৬৬ কোটি টাকা ঋণ নিয়ে মঞ্জুরুল আলম রতন নামের এক ব্যক্তি সপরিবারে দুবাই পালি দিয়েছেন। দুবাই

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

রাজ্যে নিষিদ্ধ হল দ্য কেরালা স্টোরি' ছবির প্রদর্শন: আজকাল

সোমবার নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। মমতা জানান, শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখার কথা ভেবেই রাজ্যে এই ছবির প্রদর্শন বন্ধ করা হল। জেলা থেকে কলকাতা, কোথাও এই ছবি দেখানো যাবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের একটি জনসভায় এই ছবির ভুয়সী প্রশংসা করলেও ছবিটি ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে প্রদর্শন বন্ধ করে দিয়েছে। রাজ্যে এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী ছবিটির সমালোচনা করে বলেন, আগুন নিয়ে খেলছে রাজনৈতিক দলগুলি। জাত–ধর্ম–বর্ণ নিয়ে তারা বিভেদের চেষ্টা করছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ একটি সম্প্রদায়কে হেনস্থা করার জন্য। তেমনি দ্য কেরালা স্টোরিও এক অসত্য ও বিকৃত কাহিনী। প্রসঙ্গত, দ্য কেরালা স্টোরিতে ৩২ হাজার হিন্দু ও খৃষ্টান মহিলাকে  ধর্মান্তরিত করার কথা বলা হয়েছে। যেই ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছে কেরালা সরকার।

মধ্যপ্রদেশের পথেই হাঁটল যোগীর রাজ্য, এ বার উত্তরপ্রদেশেও করমুক্ত দ্য কেরালা স্টোরি': আনন্দবাজার

সব বিতর্ক পেরিয়ে গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এ বার একই পথে হাঁটল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশও। মঙ্গলবার থেকে যোগীর রাজ্যে করমুক্ত করা হল ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের কথায়, ‘‘আমি চাই উত্তরপ্রদেশের জনগণ দেখুন ও জানুন, আমাদের বোনেরা কী ভাবে যন্ত্রণা পেয়েছেন।’’

কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় বরখাস্ত তিন: পুবের কলম

১৪ দিন ধরে যন্তরমন্তরে প্রতিবাদ মঞ্চে বসে রয়েছেন দেশের মহিলা কুস্তিগীররা। তাঁদেরকে সমর্থন জানাতে একে একে যোগ দিয়েছেন ভিআইপি থেকে সাধরণ কৃষক। আর এই সমর্থন জানাতে আসা মানুষজনকে আটকে দেবার প্রাণপন চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কৃষক ও কংগ্রেস নেতাদের আটক করার পর এবার ধর্ণা মঞ্চে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর জন্য বরখাস্ত করা হল হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন (এইচএডব্লিউএ)-র তিন সদস্যকে।

শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজেকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারো আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯