মে ১৭, ২০২৩ ১০:০৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৭ মে (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • 'বাড়তি নিরাপত্তা' প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না: মাসুদ নি মোমেন- প্রথম আলো
  • ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তায় দেড় শতাধিক পুলিশ: কালের কণ্ঠ
  • নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদন: মানবজমিন
  • গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব: নয়াদিগন্ত
  • হঠাৎ গভীর রাতে মেয়র আরিফের নিরাপত্তায় থাকা ২৪ আনসার প্রত্যাহার: যুগান্তর
  • চিরিরবন্দর সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার: ডেইলি স্টার
  • গ্যাসভিত্তিক কিছু কেন্দ্র বন্ধ: রাজধানীতে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং কালের কণ্ঠ

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • এনআইএ তদন্তে আপত্তি নেই, আগ বাড়িয়ে জানালেন মমতা: গণশক্তি
  • অখিলেশের মুখে মমতার সুর! ২০২৪ লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা: সংবাদ প্রতিদিন
  • মিরাট, সাহারানপুরে ফিকে যোগী-ম্যাজিক: পুরভোটে ৯০ আসনের মধ্যে ৬৪টি'তেই হার বিজেপির: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

'বাড়তি নিরাপত্তা' প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না: মাসুদ নি মোমেন- প্রথম আলো

প্রথম পাতার দুই কলাম জুড়ে প্রকাশিত খবরে লেখা হয়েছে, চার দেশের রাষ্ট্রদূতদের দেওয়া ‘বাড়তি নিরাপত্তা’ প্রত্যাহারের ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই গতকাল মঙ্গলবার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন। তিনি মনে করেন, এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ভারত—এই চার দেশের রাষ্ট্রদূতকে দেওয়া বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) সরকার প্রত্যাহার করে নেয়। হঠাৎ এমন সিদ্ধান্তে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অনেকে বিস্মিত হয়েছেন। ওই দিনই একাধিক দূতাবাস এমন সিদ্ধান্ত নিয়ে তাদের হতাশার কথা অনানুষ্ঠানিকভাবে সরকারকে জানিয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।

অবশ্য বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বিভিন্ন দূতাবাস বা রাষ্ট্রদূতদের মৌলিক নিরাপত্তা দেওয়ার যে যে বাধ্যবাধকতা আছে, বাংলাদেশ সেটা করবে। ভিয়েনা সনদে স্বাগতিক দেশ হিসেবে যে বিধান রয়েছে, বাংলাদেশ সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকে তা মেনে চলবে।

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তায় দেড় শতাধিক পুলিশ: কালেরকণ্ঠ

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় দেড় শতাধিক নিরাপত্তা কর্মী কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (১৬ মে) সকালে একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, সৌদি আরবের ক্লাব, দূতাবাস, বাসভবনসহ কূটনীতিকদের নিরাপত্তায় ৪৮ জন পুলিশ মোতায়েন আছে।

ব্রিটিশ হাইকমিশনের নিরাপত্তায় ২৯ জন দায়িত্ব পালন করছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ১৫৮ জন নিরাপত্তায় নিয়োজিত আছেন। তাদের এসব নিরাপত্তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি সুবিধা প্রত্যাহার হবে।

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদন: মানবজমিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার এই রিভিশন আবেদনটি দায়ের করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, রিভিশন আবেদন করা হয়েছে।  হাইকোর্টে বিষয়টির শুনানি হবে।

২০০৭ সালের ৯ই ডিসেম্বর কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। মামলায় তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব: নয়াদিগন্ত

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো: আলী আকবরের স্বাক্ষর করা এক নোটিশে আগামী ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডসহ দুদক কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানা প্রয়োজন। তবে নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে, অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে দুদকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

হঠাৎ গভীর রাতে মেয়র আরিফের নিরাপত্তায় থাকা ২৪ আনসার প্রত্যাহার: যুগান্তর

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তায় নিয়োজিত থাকা (অন পেমেন্ট) আনসার বাহিনীর সদস্যদের কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মেয়রের কার্যালয়, গাড়িবহর ও বাসার নিরাপত্তায় থাকা ২৪ আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, মেয়র আরিফুল হক চৌধুরীর কার্যালয় নগরভবন, গাড়ি ও বাসার নিরাপত্তার জন্য গত ৫ বছর আগে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে তাদের বেতন সিসিক থেকে পরিশোধ করা হতো। বিভিন্ন শিফটে ভাগ হয়ে ২৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কোনো রকম আগাম লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই আনসার সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে আনসার বাহিনী। এমনকি আনসার সদস্যদের নিয়ে যাওয়ার আগে সিসিক বা মেয়রকে অবগত করাও হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

চিরিরবন্দর সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার: ডেইলি স্টার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মঞ্জুরুল ইসলাম (২২) চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। স্থানীয়রা বলছেন, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি তারা পুলিশকে অবহিত করে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে।

গ্যাসভিত্তিক কিছু কেন্দ্র বন্ধ: রাজধানীতে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং কালের কণ্ঠ

মেঘনাঘাট, হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র এখনো চালু করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে গতকাল মঙ্গলবার সারা দেশে প্রায় তিন হাজার মেগাওয়াটের লোডশেডিং করতে হয় দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কম্পানিকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চার-পাঁচ ঘণ্টা এবং বাইরের জেলা শহর ও গ্রামাঞ্চলে আট থেকে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

এনআইএ তদন্তে আপত্তি নেই, আগ বাড়িয়ে জানালেন মমতা: গণশক্তি

সিআইডি’র হাতে তদন্তভার তুলে দিয়েও এগরা বিস্ফোরণকাণ্ডে আগ বাড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এনআইএ’কে দিয়ে তদন্তে আপত্তি নেই বলে জানিয়ে রাখলেন মমতা ব্যানার্জি!

ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে এনআইএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির আপত্তি নতুন কিছু নয়। বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটলে, কেন সেই রাজ্য ইডি, সিবিআই, এনআইএ যাচ্ছে না, নবান্ন থেকে সেই প্রশ্ন তুলতেন মুখ্যমন্ত্রী। কিন্তু মঙ্গলবার মমতা ব্যানার্জি স্বতঃস্ফূর্তভাবে এগরার বিস্ফোরণকাণ্ডে ১০ জনের মৃত্যুর পর নবান্ন থেকে জানিয়েছেন,‘‘ এনআইএ নিয়ে আমাদের আপত্তি নেই। ’’

একইসঙ্গে ১০ জনের মৃত্যুতে বিস্ফোরণকে লঘু করার জন্য ‘ঘটনা’র পরিবর্তে ‘দুর্ঘটনা’ বলে দাবি করেছেন মমতা ব্যানার্জি। ঘটনার সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা জড়িত নয় বলে দাবি করেও মুখ্যমন্ত্রীর বক্তব্য,‘‘এটা তো আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত বিষয় নয়। এটা বেআইনি বাজি কারখানায় দুর্ঘটনা।’’

অখিলেশের মুখে মমতার সুর! ২০২৪ লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা: সংবাদ প্রতিদিন

কিছুদিন আগেও কংগ্রেসকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। কংগ্রেসের কর্ণাটক জয়ে বদলে গেল রাজনৈতিক চিত্র। ২০২৪ লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেন তিনি। কর্ণাটকের ফল প্রকাশের পর লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নিয়ে মতপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাবনার সঙ্গে একমত অখিলেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢঙেই জানালেন, যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে সমর্থন করবে সমাজবাদী পার্টি। তবে কংগ্রেসকেও পালটা সমর্থন দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশের সমর্থন কংগ্রেসের জন্য সুসংবাদ। যেহেতু উত্তর প্রদেশে বিজেপির পাশাপাশি এসপি এবং বিএসপি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল তাদের। যা যোগীরাজ্যে তাদের হতাশাজনক ফলের অন্যতম কারণ। কংগ্রেস সমর্থনের পাশাপাশি অখিলেশ অবশ্য জানিয়ে দিয়েছেন, যে রাজ্যে তাঁর দল শক্তিশালী সেখানে তারাই প্রার্থী দেবেন। আরও জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্য বিরোধী দলগুলিও একই মত পোষণ করে।

মিরাট, সাহারানপুরে ফিকে যোগী-ম্যাজিক

পুরভোট: ৯০ আসনের মধ্যে ৬৪টি'তেই হার বিজেপির: পূবের কলম

উত্তরপ্রদেশের পুর নির্বাচনে বিজেপি সমস্ত ১৭টি নগর নিগমের আসন জিতে নিলেও এবং পশ্চিম উত্তরপ্রদেশে পর্যাপ্ত ফলাফল করা সত্ত্বেও মিরাট, গাজিয়াবাদ এবং সাহারানপুরে যোগী আদিত্যনাথের কোনও প্রভাব পরিলক্ষিত হয়নি। বিশেষ করে নগরপালিকা ও নগর পঞ্চায়েত স্তরে। অবশ্যই গেরুয়া দলের পক্ষে উদ্বেগের বিষয় কারণ এই ঘটনা প্রমাণ করে গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় যোগী আদিত্যনাথের যাদু চলেনি। মিরাট, সাহারানপুর ডিভিশনে মেয়রের আসন ছাড়া বিজেপির ম্যাজিক চলেনি। পুরসভায় ৯০টি আসনের মধ্যে বিজেপি ৬৪টি আসন হারিয়েছে, এমনকী বিজেপি পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং মণ্ডলও জিততে পারেনি। বিজেপি প্রার্থী সেখানে জিতেছে মাত্র ২৬টি আসনে। অপরদিকে নির্দল প্রার্থীরা জাদু দেখিয়েছে বাগবা, মুজফফরনগর এবং গাজিয়াবাদ শহরে। গুরুত্বপূর্ণ বিষয় হল- এইসব জেলায় মাত্র ১টি করে আসন জিতেছে বিজেপি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।