মে ২৫, ২০২৩ ০৯:০১ Asia/Dhaka
  • ' বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র'

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। ২৫ মে (বৃহস্পতিবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে বাংলাদেশের বিষয়ে মার্কিন ভিসানীতি ঘোষণার খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতের বাংলা দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের পত্রপত্রিকার শিরোনাম

  • ব্লিঙ্কেনের ঘোষণা: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র- প্রথম আলো
  • নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে: মোমেন –যুগান্তর
  • যুক্তরাষ্ট্র যে বাধার কথা বলছে, সেটা আমাদেরও কথা: কাদের – দৈনিক বাংলা
  • সরকারের অঙ্গীকারে সহায়ক হবে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার- মানবজমিন
  • নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির: কালের কণ্ঠ
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে: নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল? অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা শুভেন্দুর: আনন্দবাজার
  • 'আমি ১৪০ কোটি ভারতবাসীর প্রতিনিধি’, নতুন সংসদের উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের তোপ মোদির: সংবাদ প্রতিদিন
  • দিল্লির পর কলকাতা, ১০০ ডায়াল করলে আসবে পুলিশের বাইক বাহিনী: পূবের কলম
  • বিশ্লেষণের বিষয়:

১. যুক্তরাষ্ট্র আমাদের কমিশনের কোন অংশ না: ইসি আলমগীর। এই শিরোনাম করেছে দৈনিক মানব জমিন। কী বলবেন আপনি?

২. তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সম্মেলন শুরু। ডলার মুক্ত লেনদেনের বিষয়টি এজেন্ডার শীর্ষে রয়েছে। আসলেই কী ডলার মুক্ত লেনদেন সম্ভব?

বিশ্লেষণের বাইরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

ব্লিঙ্কেনের ঘোষণা: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র- প্রথম আলো

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী নতুন যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। ৩ মে যুক্তরাষ্ট্র নতুন এই ভিসা নীতির বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে: মোমেন -যুগান্তর

সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য মার্কিন সরকারের ভিসানীতি আমাদের সহায়ক হতে পারে।

নতুন মার্কিন ভিসানীতি নিয়ে চিন্তিত নয় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী- আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউএনবিকে বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি নিয়ে চিন্তিত নয়। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। বিএনপির চিন্তার কারণ আছে। কারণ, নির্বাচনের আগে বা পরে কোনো নৃশংসতা হলেও ভিসায় বিধিনিষেধ আসতে পারে।’

যুক্তরাষ্ট্র যে বাধার কথা বলছে, সেটা আমাদেরও কথা: কাদের দৈনিক বাংলা

বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বিবৃতি দিয়েছেন, সেটি আওয়ামী লীগেরও কথা বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসে বৃহস্পতিবার সকালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের এ বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তা কী, জানতে চাইলে কাদের বলেন, আমরা নির্বাচন চাই, যুক্তরাষ্ট্র বাধার কথা বলেছে। আমাদেরও একই কথা। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই আমরা প্রতিহত করব। বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এখানে বক্তব্য আছে।

সরকারের অঙ্গীকারে সহায়ক হবে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারে সহায়ক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র ম্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সব পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দ্ব্যর্থহীন অঙ্গীকারের বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে দেখতে চায় বাংলাদেশ। বিবৃতিতে নির্বাচন সুষ্ঠু করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার- মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরীর হরগ্রাম এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান।

উল্লেখ্য, গত ১৯শে মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতা চাঁদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির: কালের কণ্ঠ

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। আজ বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কবি নাতনি বলেন, তিনি আমাদের জাতীয় কবি, তবে সর্বস্তরের মানুষের কাছে আমরা এখনো তাকে পৌঁছে দিতে পারিনি। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়, আমরা অনেক দিন ধরে বলে আসছি কাজী নজরুল ইসলামের জন্মদিনও ছুটি ঘোষণা করা হোক।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে: নয়াদিগন্ত

বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর'।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

কুয়েতের কুয়েত সিটি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে ১৬৩ এবং ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল? অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা শুভেন্দুর: আনন্দবাজার

অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাই কোর্টে এই মামলা দায়ের করা হয়। চলতি মাসে ইটাহার এবং ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ তাঁর। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন বলছে অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে বিজেপির অভিযোগ।

'আমি ১৪০ কোটি ভারতবাসীর প্রতিনিধি, নতুন সংসদের উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের তোপ মোদির: সংবাদ প্রতিদিন

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে এবার ঘুরিয়ে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেই মোদি বললেন, “অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠান ছিল। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী যেমন ছিলেন, তেমনই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী সাংসদরাও ছিলেন।”

বুধবার রাতেই ৩ দিনের বিদেশ সফর শেষে অস্ট্রেলিয়ায় থেকে ফিরেছেন মোদি। পালাম বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার বিজেপি কর্মী। বুধবারই অস্ট্রেলিয়ায় ভারতীয় ভারতীয় বংশোদ্ভূতদের সংবর্ধিত করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে মোদি বলেন,”অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠানে শুধু যে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ উপস্থিত ছিলেন তা নয়, একই সঙ্গে ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী সাংসদরা। শুধু নিজেদের দেশের জন্য ঐক্যবদ্ধ ছিলেন তাঁরা।”

দিল্লির পর কলকাতা, ১০০ ডায়াল করলে আসবে পুলিশের বাইক বাহিনী: পূবের কলম

১০০ ডায়ালে ফোন আসলেই আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইছে কলকাতা পুলিশ। এর জন্য এবার ১০০ ডায়ালের সঙ্গে বাইক বাহিনীকে যুক্ত করার কথা ভাবছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, বর্তমানে শুধুমাত্র দিল্লিতে ১০০ ডায়ালের সঙ্গে মোটরবাইক পরিষেবা যুক্ত রয়েছে। এবার কলকাতাতেও যুক্ত হতে চলেছে বাইক বাহিনী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রতিটি থানা এলাকায় একটি করে বাইক বাহিনী থাকবে। তাতে চেপেই দ্রুত সাহায্যপ্রার্থীর কাছে পৌঁছে যাবে পুলিশ। বর্তমানে চারটি ডিভিশনে একটি করে মোটরবাইক নিয়ে এর মহড়া শুরু হয়েছে। লালবাজার সূত্রের খবর, আগামী মাসের মধ্যে ১০০ ডায়ালের সঙ্গে ৭২টি মোটরবাইক বাহিনী যুক্ত হয়ে যাবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/ গাজী আবদুর রশীদ/ ২৫