বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন ফখরুল
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৬ আগস্ট (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- ১৮ সালের মতো ভোট হলে এবার বিএনপিকে কচুকাটা করবে আ. লীগ’- দৈনিক কালেরকণ্ঠ
- সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ-দৈনিক যুগান্তর
- খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন ফখরুল- প্রথম আলো
- চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী: ইত্তেফাক
- শাহবাগে সংঘর্ষের ঘটনায় জামায়াতের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: দৈনিক মানবজমিন
- সাঈদীর মৃত্যুর পর যে ব্যাখ্যা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ: দৈনিক নয়াদিগন্ত
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- এরা সাইকো পেশেন্ট, খুনি, পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’! যাদবপুরকাণ্ডে মন্তব্য বিধায়ক সোহমের: আনন্দবাজার
- বীভৎস! জলে নামতেই তরুণীকে গিলে খেল কুমির! ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা: দৈনিক সংবাদ প্রতিদিন
- সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক, কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের: পূবের কলম
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে কাঁদলেন ফখরুল- প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তাঁর জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমীন মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দেশের কৃষকের জন্য খালেদা জিয়া ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। পাঁচ হাজার টাকার কৃষিঋণ মাফ করে দিয়েছিলেন। আজ সেই নেত্রী ভীষণ অসুস্থ। বর্তমান আইনে তিনি জামিনযোগ্য ও মুক্তি তাঁর প্রাপ্য দাবি করে মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, মহীউদ্দীন খান আলমগীর, হাজি সেলিম—এমনকি ক্যাসিনো-সম্রাটকেও জামিন দিয়েছেন, কিন্তু খালেদা জিয়া, যিনি এ দেশের মানুষের হৃদয়ের মণি, তাঁর জামিন দেওয়া হয় না। তিনি এখনো অন্তরীণ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন।’
১৮ সালের মতো ভোট হলে এবার বিএনপিকে কচুকাটা করবে আ. লীগ’- দৈনিক কালেরকণ্ঠ
শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আবারও সাফ জানিয়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোর কবর দিয়েছে। যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে এটিই তাদের একটি মাত্র লক্ষ্য। এজন্য তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে।
সংবিধান লঙ্ঘন করে তারা সবকিছু দলীয়করণ করেছে। আওয়ামী লীগের অধীনে অতীতের দুটি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই। তারা গায়েবী মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। এখন নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সারা দেশে ডিসি, এসপি ও প্রশাসনকে নিজেদের মতো করে সাজাচ্ছে, যারা তাদের কথা শুনবে। আজ বুধবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় তিনি এসব কথা করেন।
বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবেন না, ন্যায়বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। কিন্তু এখনকার ডিসি-এসপিরা আওয়ামী লীগের বাবা, তারা আওয়ামী লীগের হয়ে ভোট চায়, হুমকি দেয় যা অন্যায়। এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে।
সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ-দৈনিক যুগান্তর
সাইবার হামলার আশঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেছেন; কিন্তু তারা ঢুকতে পারেননি। পরে তারা জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা করার যে ঘোষণা হ্যাকাররা দিয়েছে, সেই হামলা থেকে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের বক্তব্য পাওয়া যায়নি।
শাহবাগে সংঘর্ষের ঘটনায় জামায়াতের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: দৈনিক মানবজমিন
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দলটির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হলেও বাকিদের অজ্ঞাত আসামি করা হয়। এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদী গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পরপর জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী বিএসএমএমইউতে ভিড় করেন। ঢাকায় জানাজার দাবিতে তারা বিক্ষোভ করেন। এসময় মাওলানা সাঈদীর মরদেহ হাসপাতাল থেকে বের করতে গেলে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এদিকে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, হত্যা এবং গ্রেপ্তারের প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা করতে না দেয়া, বিভিন্ন জায়গায় হামলা এবং ১ জনকে হত্যার প্রতিবাদে এ সংবাদ সম্মেলেেন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মুজিবুর রহমান বলেন, আজ দুপুরে আমরা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে, ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশিরে গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার (১৮ আগস্ট) বাদ জম্মা সারাদেশে দোয়া এবং বুধবার (২৩ আগস্ট) সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।
সাঈদীর মৃত্যুর পর যে ব্যাখ্যা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ: দৈনিক নয়াদিগন্ত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ভর্তি শুরু পর থেকে পরের সকল চিকিৎসা বিধিসম্মতভাবে আন্তর্জাতিক প্রাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ১৪ আগস্ট রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়। বুধবার (১৬ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, তার চিকিৎসায় হাসপাতালের সংশ্লিষ্ট সকল চিকিৎসাদানকারী বিশেষজ্ঞ অধ্যাপকগণ সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। পর দিন ১৪ আগস্ট বিকেল ৬টা ৪৫ মিনিটে তার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এই রোগের গতি-প্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরের পরিণতি সম্পর্কে তার সন্তান মাসুদ সাঈদী সম্যকভাবে জ্ঞাত রয়েছেন।
বীভৎস! জলে নামতেই তরুণীকে গিলে খেল কুমির! ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা: দৈনিক সংবাদ প্রতিদিন
ড়িশায় (Odisha) কুমিরের (Crocodile) হামলায় আরও এক মৃত্যু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে স্নান করতে গিয়েছিলেন এক তরুণী। পাড়ের কাছাকাছিই ছিলেন। তথাপি জল ফুঁড়ে উঠে জীবন্ত অবস্থায় তাঁকে গিলে খায় বিরাট চেহারার কুমিরটি। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নবীন পট্টনায়কের রাজ্যে। নদীর অপরপ্রান্ত থেকে ঘটনার ভিডিও রেকর্ড করেন কেউ। সেই ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা।
বুধবার সকালে এই ঘটনাটি ঘটে জাজপুর জেলার পালাতপুর গ্রামে। বছর পয়ত্রিশের তরুণীর নাম জ্যোৎস্না রানি। স্থানীয় বিরুপা নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা হামলা চালায় বিশাল চেহারার কুমিরটি। কিছু বোঝার আগেই তরুণীকে জীবন্ত অবস্থায় গিলে খায় কুমির। মৃতা নিজেকে বাঁচানোর কোনওরকম চেষ্টাই করতে পারেননি। নদীর অপর পাড় থেকে খুনে কুমীরের ভয়ংকর কাণ্ড ভিডিও রেকর্ড করেন কেউ। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা নদীতে তল্লাশি চালিয়ে তরুণীর দেহাংশ উদ্ধার করেছে।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক, কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের: পূবের কলম
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন কর্নাটকের উপ মুখমন্ত্রী ডি কে শিবকুমার। মঙ্গলবার শিবকুমার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। কর্নাটকের প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) দফতরে স্বাধীনতা দিবসের তেরঙ্গা উত্তোলন করে শিবকুমার বলেন, ‘অহিংসা, শান্তি, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্বের ভিত্তির ওপর গড়ে ওঠা দেশে ধর্ম, বর্ণ, গোষ্ঠী সংঘর্ষের মাধ্যমে বিষের বীজ বপন করা হচ্ছে। আরেকটি স্বাধীনতা সংগ্রামের প্রয়োজন আছে। সমসাময়িক সংগ্রাম হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই।
শিবকুমার আরও বলেন, কংগ্রেসের আমলে দেশের মধ্যে একতা ছিল, আর বর্তমানে ইন্ডিয়া বিরোধী জোটের অধীনে দেশ এক হয়ে যাচ্ছে। শিবকুমারের কথায়, কর্নাটক ছিল প্রথম রাজ্য যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই রাজ্যই স্বাধীনতা আন্দোলনের রাস্তা দেখিয়েছিল। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আর দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে। যে দলটি দেশের জন্য স্বাধীনতা এনেছিল, দেশ গড়ে তুলেছে এবং উন্নতির পথে নিয়ে গেছে সেই দলটির নামই হল কংগ্রেস।
এরা সাইকো পেশেন্ট, খুনি, পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’! যাদবপুরকাণ্ডে মন্তব্য বিধায়ক সোহমের: আনন্দবাজার
যারা র্যাগিং করে তাঁরা মানসিক বিকারগ্রস্ত রোগী। তাঁদের বিচার করতে পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। বুধবার বিধানসভায় বিশেষ কাজে এসেছিলেন তিনি। টলিউডের এই ব্যস্ত নায়ককে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, “যাদবপুরের ঘটনার পর থেকেই আমি প্রচণ্ড রকমের শকড। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সেই ব্যবস্থা করতে হবে।” সোহম আরও বলেন, “এক জন নাগরিক হিসাবে আমি বলব, আমরা সকলেই ছাত্রজীবন অতিক্রম করে এসেছি। পরে আমরা ছাত্রজীবন শেষ করে যে যার বিভাগে দাঁড়িয়েছি। এই ক্রিমিনালরা ছাত্র নামের ভেক ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য থেকে যায়।”