জুলাই ১৭, ২০১৬ ১৪:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১৭ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

বাংলাদেশ ব্যাংকের জিএমসহ গ্রেফতার ২-ইত্তেফাক

তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ-প্রথম আলো

জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী-মানবজমিন

জঙ্গিদের শনাক্তে সবাইকে এগিয়ে আসার আহ্বান আইজিপির-বাংলাদেশ প্রতিদিন

বিএনপির জাতীয় ঐক্যের ডাক সন্ত্রাসী বাঁচানোর কৌশল : হানিফ- যুগান্তর

৬০ হচ্ছে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স-যায় যায় দিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

হার্দিককে নিয়ে কাড়াকাড়ি বিরোধীদের-আজকাল

ভারতকেও বড় হামলার নিশানা করেছে আইএসআইএল, মানছেন উদ্বিগ্ন রাজনাথ-আনন্দবাজার

কেন্দ্রের দাদাগিরি মানব না দিল্লিতে দাঁড়িয়ে তোপ মমতার-বর্তমান

কেন্দ্র-দিল্লি সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো: কেজরিওয়াল-সংবাদপ্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

আজও দৈনিকগুলোতে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান ও বাংলাদেশে জঙ্গি হামলার ফলোআপ খবর বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: জনস্রোতে ভেসে গেল সেনা অভ্যুত্থান, রক্তাক্ত তুরস্ক । নিহত ২৬৫

জনস্রোতে ভেসে গেছে তুরস্কে ডানপন্থি সরকারকে হটাতে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা। সরকারের পক্ষে রাজপথে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। পুলিশ আটক করছে বিদ্রোহী সেনাসদস্যদের। রাতভর নানা নাটকীয় ঘটনার পর ক্ষমতার নিয়ন্ত্রণ নিজের হাতে ফেরত পেয়ে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এদিকে প্রথম আলোর শিরোনাম এরকম যে, টানাপোড়েনে তুরস্ক-যুক্তরাষ্ট্র

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের দোলাচলে থমকে দাঁড়িয়েছে আইএসবিরোধী সামরিক অভিযান। দেশটির বিমানঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধ করে দেয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, তুরস্কের দক্ষিণে সিরিয়া সীমান্তের বিমানঘাঁটির বিদ্যুৎ–সংযোগ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নর্থ সাউথের শিক্ষকসহ ৪ জনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন- ৮ দিনের রিমাণ্ড মঞ্জুর-প্রথম আলো

গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের বাসা ভাড়া দেওয়া এবং তথ্য গোপন করার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ ।

ইত্তেফাকের শিরোনাম: ‘জঙ্গি হামলায় উদ্বিগ্ন হলেও শঙ্কিত নই’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে জঙ্গি হামলায় আমরা উদ্বিগ্ন কিস্তু শঙ্কিত নই। আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমরা ভেঙ্গে পড়িনি।

জঙ্গিবাদ দমনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন হবে : শিক্ষামন্ত্রী- এ শিরোনামে যুগান্তরে লেখা হয়েছে- জঙ্গিবাদ দমনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এসব বিষয় দমনের জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হবে যাতে জঙ্গিবাদে কেউ সম্পৃক্ত হতে না পারে। আর বাংলাদেশ প্রতিদিনে এ সম্পর্কে আইজিপির বক্তব্য ছাপা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে আইজিপি এ কে এম শহীদুল হক- জঙ্গিদের শনাক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

দৈনিক যুগান্তরের রাজনৈতিক একটি খবরের শিরোনাম:

বিএনপির জাতীয় ঐক্যের ডাক সন্ত্রাসী বাঁচানোর কৌশল: হানিফ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে প্রশ্ন তুলেন মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাক সন্ত্রাসী বাঁচানোর জন্য এক ধরণের কৌশল মাত্র। আন্দোলনের টানা ৯০ দিন মানুষ পুড়িয়ে যে অপকর্ম করেছে সেটা ডাকার জন্যই তারা এখন এ কৌশলের আশ্রয় নিয়েছে।

এদিকে, প্রথম আলো, ইত্তেফাক ও মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে বলা হয়েছে, জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে।

আজ গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে একজন সাংবাদিক জানতে চান, গুলশান হামলার পর জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলছেন অনেকে। এই ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন আছে বলে প্রধানমন্ত্রী মনে করেন কি না?

উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের কথা আলাদা। এদের বাইরে যাদের মধ্যে ঐক্য দরকার, তাদের মধ্যে ঐক্য হয়েছে।’

আরেক সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো কোনো রাজনৈতিক দল বলছে, তাদের সঙ্গে আলোচনায় না বসলে উগ্রবাদ বন্ধ হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (রাজনৈতিক দল) এই কথার অর্থ মনে হয়, তাদের সঙ্গে বসলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ হবে, নইলে তারা তা চালিয়েই যাবে।’

৬০ হচ্ছে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স-যায় যায় দিন

অবশেষে বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়সসীমা। সবকিছু ঠিক থাকলে এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তার আগেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। আপাতত অবসর গ্রহণের এ বয়সসীমা বাড়বে ১ বছর। পরবর্তী সময়ে আরো কয়েকটি ধাপে এই বয়সসীমা বাড়বে বলে জানা গেছে।

পাঠক! এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশে মৃত ২১- আনন্দবাজার

বিষাক্ত মদ খেয়ে ২১ জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের এটায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েক জন। এই ঘটনার পরই আবগারি দফতরের পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, শনিবার এটা জেলার লুহরি দরওয়াজা ও লওখেরা গ্রামের জনা তিরিশেক লোক বিষাক্ত মদ খান। খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই তাঁদের অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে নিয়ে যেতে যেতে কয়েক জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও কয়েক জন। ৬ জনের দৃষ্টিশক্তি চলে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ঘটনাস্থলে ছুটে যান পদস্থ কর্তারা। জেলা প্রশাসন থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।

কেন্দ্র-দিল্লি সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো: কেজরিওয়াল-সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধিতা সুবিদিত৷ এবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর কায়দাতেই ‘টক টু একে’ শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আর অনালইন এই শো-তে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্র সরকারকে এক হাত নিলেনও তিনি৷ দিল্লির হয়ে তিনি একাধিক কাজ করে চলেছেন বলে বারবার উল্লেখ করেন৷ পাশাপাশি মোদি তাঁকে কাজ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ তোলেন৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭