জুলাই ১৯, ২০১৬ ১৪:২০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১৯ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
বিএনপির টার্গেট বৃহত্তম প্ল্যাটফর্ম-যায় যায় দিন
জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি প্রতিরোধ করতে হবে’-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
৫০ কোটি টাকা মূল্যের ১০ লাখ ইয়াবা উদ্ধার-প্রথম আলো
মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশংকা- যুগান্তর
ঝুলছে শতাধিক জঙ্গি মামলা-মামলা হয় বিচার শেষ হয় না-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ঘুষকাণ্ডে ধৃত আমলার স্ত্রী, মেয়ে আত্মঘাতী-আজকাল
সঙ্ঘের মানহানির মামলা: রাহুল গাঁধীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট-আনন্দবাজার
রাজ্যের নিখোঁজ ৬ যুবক আইএসে, স্বীকারোক্তি মুসার-বর্তমান
শ্লীলতাহানির অভিযোগ তুলে ছিনতাই করল নকল ‘পুলিশ’-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ইত্তেফাক: জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি প্রতিরোধ করতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে মেধাবী তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে মূলোৎপাটন করা হবে। 
তিনি বলেন, জনগণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছেলে মেয়েদের ভুল বোঝানো হচ্ছে। আধুনিক লেখাপড়া শিখে ধমান্ধতায় কি করে ঝুঁকে যায় লোকজন! তাদের মাথায় ঢুকিয়ে দেয় জঙ্গি চিন্তা, তার মূলটা বের করতে হবে। কারা এর পেছনে কাজ করছে সেটা বের করতে হবে।
এদিকে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি  বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। যা বলব ইশারা-ইঙ্গিতে বুঝে নেবেন। স্বাধীনতার পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। দ্বিতীয়বার যাতে ওই ধরনের ঘটনা ঘটতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

প্রথম আলো ও যুগান্তরের খবর: গুলশান হামলা-ভিডিও দেখে ৪ জনকে সন্দেহ র‍্যাবের
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে চিহ্নিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই চারজনকে ১ জুলাই রাতে গুলশান হামলার দিন রেস্তোরাঁর সামনের সড়কে দেখা গিয়েছিল। 
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে র‍্যাব এদের চিহ্নিত করেছে। এই চারজনের ভিডিও ফুটেজও র‍্যাব তাদের ফেসবুক পেজে আপলোড করেছে। র‍্যাব সদর দপ্তর থেকে তাদের ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে। 
চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এর পাশাপাশি সিলভার রঙের একটি মাইক্রোবাসকেও সন্দেহ করছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ প্রথম আলোকে বলেন, ভিডিও দেখে এই চারজনকে সন্দেহ করা হচ্ছে। তারা ওই দিনের ঘটনায় জড়িত থাকতে পারে। ভিডিও দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে ধরিয়ে দিতে তিনি অনুরোধ করেন।
ভিডিওতে এই চারজনকে কয়েকবার আসা-যাওয়া করতে দেখা গেছে। একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরা একটি জায়গাতেই অবস্থান করছিল।
মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশংকা-যুগান্তর
মন্ত্রীদের ওপর জঙ্গিরা যে কোনো সময় হামলা চালাতে পারে- এমন আশংকা প্রকাশ করে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সোমবার রাতে এ এসএমএস পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 

এদিকে বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম: ঝুলছে শতাধিক জঙ্গি মামলা
খবরটিতে বলা হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে মামলা হয় বিচার শেষ হয় না। জামিনে ছাড়া পেয়ে বহু আসামি পলাতক রয়েছে। মামলার  সাক্ষী আসে না তাই থমকে আছে বিচার। আর  গোঁজামিলের জন্য বারবার সময় চায় রাষ্ট্র পক্ষ।

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-প্রথম আলো
ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম ওরফে মামুন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ছাত্রশিবিরের নেতা ছিলেন। তবে সাইফুলের পরিবার বলছে, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ মাসের ১ তারিখে পুলিশ তাঁকে নিয়ে যায়।
এদিকে যশোর শহরের বারান্দিপাড়া-ঝুমঝুমপুর ব্রিজের পশ্চিমপাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে।
গ্রেফতার সম্পর্কিত দুটি খবর- ছাপা হয়েছে প্রথম আলোতে এবং আরেকটি ছাপা হয়েছে  মানবজমিনে।
প্রথম আলোর খবর দুটিতে বলা হয়েছে, কুষ্টিয়া শহরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষকসহ নয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক আট শিক্ষার্থী ছাত্রশিবিরের সদস্য। সেখান থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ওই শিক্ষার্থী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. আবদুল আজিজ।পুলিশ আজ মঙ্গলবার আজিজকে আটকের কথা জানিয়েছে।

মানবজমিনের খবরে লেখা হয়েছে, খিলগাঁওয়ে শিবিরের দুই নেতাসহ গ্রেফতার ২০, জিহাদি বই-ককটেল উদ্ধার করা হয়েছে।
রাজনীতির খবরে দৈনিক যায় যায় দিন লিখেছে,
বিএনপির টার্গেট বৃহত্তম প্ল্যাটফর্ম
জাতীয় ঐক্যের আহ্বানে ক্ষমতাসীনরা সাড়া না দেয়ায় বিচলিত নয় বিএনপি। কারণ আওয়ামী লীগ এই ডাকে সাড়া দেবে না এমনটা জেনেই কর্মপরিকল্পনা ঠিক করেছিল বিএনপি। এবার তা প্রকাশ্যে আসায় অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি। তবে জামায়াত ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পথ চলবে বিএনপি, যাতে জামায়াতকে কেন্দ্র করে অন্যদের হারাতে না হয়।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রাজ্যের নিখোঁজ ৬ যুবক আইএসে, স্বীকারোক্তি মুসার-বর্তমান
আইএসআইএল জঙ্গি মহম্মদ মসিউদ্দিন মিয়া ওরফে মুসার হাত ধরে এ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদহের কমপক্ষে ছ’জন যুবক সিরিয়া পাড়ি দিয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ। গত ছ’-সাত মাসের বেশি সময় ধরে বাংলাদেশ সীমান্তের ওই দুই জেলার ছয় যুবক নিখোঁজ। খোঁজখবর নিয়ে গোয়েন্দারা দেখেছেন, সংশ্লিষ্ট যুবকরা ধর্মশিক্ষার জন্যই বাইরে গিয়েছে বলে বাড়ির লোকজনের ভাষ্য। তবে এই ছয় যুবকের সঙ্গে মুসার যোগাযোগ ও ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।

অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুমকি, দুই তোলাবাজ ধৃত-সংবাদ প্রতিদিন
তোলাবাজি, সিন্ডিকেট চক্রের পাল্লায় পড়ে কোনও মানুষের হয়রানি বরদাস্ত করা যাবে না৷ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজারহাট, নিউটাউন এলাকায় চলল পুলিশের বড় অভিযান৷ বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার হল একাধিক সিন্ডিকেটের পাঁচ মাথা ও সদস্য৷ বিমানবন্দর, নিউটাউন ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চারটি ঘটনায় অভিযুক্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে নিউ টাউনে এক প্রাক্তন বিচারপতিকে হুমকি দেওয়ার অভিযোগেও গ্রেফতার করা হয়েছে একটি সিন্ডিকেটের দুই সদস্যকে৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯