বিচারককে ৩ কোটি টাকা ঘুষ দিয়েছিল তারেক: শেখ সেলিম
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২২ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
তারেক দেশে ফিরলে আপিল করা হবে: বিএনপি-ইত্তেফাক
বিচারককে তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন তারেক : শেখ সেলিম-প্রথম আলো
লাশ হয়েই ফিরল শিশু সাব্বির-যুগান্তর
দেশের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : বাণিজ্যমন্ত্রী -নয়া দিগন্ত
খোঁজ মিলেছে নিখোঁজ ১০ যুবকের-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
আই এসের নিন্দায় জাকির, মোদিকে সাধুবাদ-আজকাল
সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের পাশেই থাকবে ভারত: মোদী-আনন্দবাজার
লোকের থেকে টাকা তুলে দল চালাতে চাই না: তৃণমূল নেত্রী-বর্তমান
সংসদের ভিডিও ফেসবুকে পোস্ট, বিপাকে আপ সংসদ সদস্য-সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
হলি আর্টিজানে নিহত জঙ্গিদের ডিএনএ নমুনা এফবিআইয়ের কাছে হস্তান্তর’ এ খবরটি দৈনিক যুগান্তরসহ কয়েকটি দৈনিকে ছাপা হযেছে।
খবরে বলা হয়েছে, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজন জঙ্গির ডিএনএ নমুনা মার্কিং তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটে’র কর্মকর্তারা এফবিআইয়ের একজন লিগ্যাল প্রতিনিধির কাছে নিহতদের রক্ত, চুল ডিএনএ নমুনা হিসেবে হস্তান্তর করেন।
বিচারককে তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন তারেক: শেখ সেলিম-প্রথম আলো
খবরে লেখা হয়েছে, বিচারিক আদালতের বিচারক মো. মোতাহার হোসেনকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অর্থ পাচার মামলায় বিচারিক আদালতে তারেক রহমানের খালাস পাওয়া প্রসঙ্গে শেখ সেলিম বলেন, ‘ওই যে খালেদা জিয়ার একটা পোলা আছে না, তারেক জিয়া। চোর, চুরি করে টাকা পাচার কইরা বাইরে নিছে। বিচারের সময় কী করছে জানেন? মোতাহার নামের এক বিচারককে তিন কোটি টাকা ঘুষ দিয়ে কোনোমতে তারে বাঁচাবার জন্য বলছে। বলছে আমারে বাঁচিয়ে দাও কোনোভাবে। ঘুষ দিছে। ওই ব্যাটা করছে কী; যেদিন রায় দিছে, ওই দিন রাতেই পালাইয়া গেছে। কারণ, তিনি জানেন নিম্ন আদালত যে রায় দিছে, তা ঠিকমতো দেন নাই।’
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: তারেকের সাজার প্রতিবাদে কাল বিএনপির মিছিল-সমাবেশ
অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাত বছরের সাজা ‘ন্যায় বিচারের পরিপন্থী’বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলছে, এ ক্ষেত্রে ‘হাইকোর্ট একতরফাভাবে বিচার করেছেন। দলের আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন।
এদিকে জজ আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি কাল শনিবার দেশের সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি দিয়েছে।
বিচারককে প্রভাবিত করে তারেক রহমান খালাস পান বলে আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ কথা আমিও বলি, যেহেতু তারা যখন বলছেন যে বিচারিক আদালতকে প্রভাবিত করেছেন। বিএনপির পক্ষে যদি আদালতকে প্রভাবিত করা যায়, তাহলে সরকার কতটা প্রভাবিত করতে পারেন এবং কোন পর্যন্ত যেতে পারে, তা আপনারাই বিবেচনা করেন।’
যৌন হয়রানির অভিযোগ, ঢাবি অধ্যাপক বাধ্যতামূলক ছুটিতে-ইত্তেফাক
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহাদাৎ হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে সাহাদাৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে সিন্ডিকেট সদস্য মাকসুদ কামাল জানান।
গত ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী এই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করে অধ্যাপক সাহাদাৎ বলেছেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ করা হয়েছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মুম্বই–তে গ্রেপ্তার জাকির নাইকের সহযোগী-আজকাল
আই এসের হয়ে লোক নিয়োগের অভিযোগে গ্রেপ্তার বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের সহযোগী আরশিদ কুরেশি। জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সক্রিয় সদস্য ছিল সে। বুধবার রাতে নবি মুম্বইয়ে সি–উড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিসের সন্ত্রাস দমন শাখা ও কেরল পুলিসের একটি যৌথ দল। তার বিরুদ্ধে ধর্মান্তরিত করে আই এসে যোগ দিতে বাধ্য করার অভিযোগ এনেছেন কেরলের বাসিন্দা ২৫ বছর বয়সী এবিন জেকব।
রাজধানী এক্সপ্রেস: আগ্রহ দেখাননি কুর্সিতে, তবে মমতার নজরে দিল্লি-আনন্দবাজার
একুশের শহিদ-স্মরণ মঞ্চ। আর সেই মঞ্চ থেকেই স্থির চোখ রইল ২০১৯-এর দিকে।
বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর থেকেই তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্খা নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনকী সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম তুলে ধরতে শুরু করেছিলেন পর্যবেক্ষকদের কেউ কেউ। ব্যাপারটা যে নিছক জল্পনা নয়, এ বার তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বৃহস্পতিবার একুশের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হওয়ার বাসনা তাঁর না থাকলেও আগামী দিনে জাতীয় রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হয়ে ওঠাই তাঁর অন্যতম লক্ষ্য।
বস্তুত একটি নির্বাচন উতরে যাওয়ার পরেই পরবর্তী ভোটের ‘টার্গেট’ বেঁধে দেওয়া মমতার বরাবরের অভ্যাস।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২