জুলাই ২৩, ২০১৬ ১৩:৪০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৩ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
'তারেক রহমানের মামলা আইনগত মোকাবেলা করা হবে'-ইত্তেফাক
আইএস না, দেশের জঙ্গিরাই হামলা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
জঙ্গিবাদ দমনে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ-যুগান্তর
নদ-নদীর ৫৭টি স্থানে পানি বৃদ্ধি-নয়া দিগন্ত
বিএনপি নেতাকর্মীরা হতাশ-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
খোঁজ মিলল কলকাতার মেয়ে জুডিথের-আজকাল
কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তারই অপেক্ষায় রয়েছি, বললেন নওয়াজ-আনন্দবাজার
মমতাকে খুশি করতে জমি বিল ফের ঠান্ডা ঘরে পাঠালেন মোদি-বর্তমান
স্যামুয়েলের অ্যাকাউন্টে বিপুল টাকা, বাড়ছে রহস্য-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
জঙ্গিবাদ দমনে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ-যুগান্তর

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জনপ্রশাসন পদক-২০১৬' প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। দেশের উন্নয়ন প্রক্রিয়া তরান্বিত করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'শুধু চাকরির স্বার্থে চাকরি করবেন না। মনে রাখবেন- জনগণের সেবা করাই আমাদের প্রকৃত দায়িত্ব। কারণ বেতন-ভাতা যা কিছু আসে, এই গরীব কৃষকের শ্রম থেকেই।'
তিনি বলেন, লাখো শহীদ এ দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশটাকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই। আমরা (রাজনীতিবিদ) যেমন মানুষের সেবক, তেমন প্রজাতন্ত্রের কর্মচারীদেরও মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে।

‘জঙ্গিদের জামিনে ওকালতনামা নয়-আইনমন্ত্রী; ইত্তেফাক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'জঙ্গিদের বিচার আইনানুযায়ী হবে। কিন্তু সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে জঙ্গিদের জামিনে বাধা দিতে হবে। কোর্টে জঙ্গিদের জামিন চাওয়া প্রতিরোধ করতে হবে। এজন্য জঙ্গিদের পক্ষে কোনো ওকালতনামা আদালতে জমা দেবে না।' 
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। আইএস নামে যেটা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। যুদ্ধাপরাধীদের বিচার যেন সরকার শেষ না করতে পারে সেজন্যই অপচেষ্টা চালানো হচ্ছে।

আইএস না, দেশের জঙ্গিরাই হামলা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
আইএস না, দেশীয় জঙ্গি সংগঠনগুলোই দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জঙ্গিবাদ মোকাবিলায় পরিবারগুলোকে সন্তানদের প্রতি নজর দেওয়াসহ সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
আজ শনিবার বেলা ১১টায় কাওরান বাজারের এফডিসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’—এই স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’-এর উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

'তারেক রহমানের মামলা আইনগত মোকাবেলা করা হবে- ফখরুল: ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানের বিরুদ্ধে এ রায় দিয়েছে। তারেক রহমানের মামলা আইনগত ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।'
 প্রায় এক সপ্তাহ যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে মানবজমিনের একটি খবরে বলা হয়েছে,  বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ডাকা বিএনপির কর্মসূচি বানচাল করতে গতকাল শুক্রবার রাত থেকে দলের নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা জঙ্গিদের মতো চালাচ্ছেন। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।

বাংলাদেশ প্রতিদিনের রাজনীতি বিষয়ক বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম: বিএনপি নেতা-কর্মীরা হতাশ-নির্বাচনে অযোগ্য হচ্ছেন তারেক,খালেদা জিয়ার মামলা নিয়েও শঙ্কা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় সংসদসহ সব ধরনের নির্বাচনে অংশ নেওয়া অনেকটাই ‘অনিশ্চিত’ হয়ে পড়েছে। অর্থ পাচার মামলায় সাজা নিয়ে এ সরকারের আমলে তার সশরীরে আপিল করার সম্ভাবনাও কম। নিজেকে নির্দোষ প্রমাণ না করলে সংবিধানসম্মতভাবেই আগামী সাত বছর সব ধরনের নির্বাচনে অযোগ্য হবেন তিনি। একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রমও শেষ পর্যায়ে। এ মামলায়ও বেগম জিয়ার ‘সাজার’ আশঙ্কা করছেন দলের আইনজীবীরা। ‘সাজা’ হলে খালেদা জিয়াকেও আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। পরে জামিন চেয়ে আপিল করতে হবে। সরকার হার্ডলাইনে থাকলে তাকেও সাজার ঘানি টানতে হবে। সে ক্ষেত্রে নির্বাচনে ‘অযোগ্য’ হতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রীও। এ পরিস্থিতিতে বিএনপির শীর্ষ দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নেতা-কর্মীদের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ নিয়ে দলের ভিতরে-বাইরে সর্বত্রই হতাশভাব দেখা যাচ্ছে।

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-ইত্তেফাক
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বিপরিতে ভারতের আংরাইল সীমান্তে বিএসএফ’র গুলিতে শহিদুল ইসলাম ফনে (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি চোরাকারবারীর সঙ্গে জড়িত বলে জানা গেছে। শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে পুটখালী বিজিবি সীমান্তের ১৭ নং মেইন পিলারের ১২৬ নং আর সি  পিলারের কাছ থেকে তার লাশ  উদ্ধার করা হয়েছে।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তারই অপেক্ষায় রয়েছি, বললেন নওয়াজ-আনন্দবাজার

অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কাশ্মীর নিয়ে এ বার চরম উস্কানি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ। কাশ্মীর সমস্যা মেটাতে চার দফা শর্ত না মানলে ভারতের বিরুদ্ধে একেবারে যুদ্ধের ডাক দিয়েছেন সইদ। আর পাক-অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে শরিফের মন্তব্য, ‘‘কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তারই অপেক্ষায় রয়েছি।’’ এক জনসভায় তিনি হুঙ্কার দিয়ে জানান, কাশ্মীরের ‘আজাদির লড়াই’ থামানো যাবে না, আর তা সফল হবেই।

মমতাকে খুশি করতে জমি বিল ফের ঠান্ডা ঘরে পাঠালেন মোদি-বর্তমান
আগামী তিন বছর ধরে নানাবিধ বিল পাশ করানো কিংবা সরকারি সিদ্ধান্ত কার্যকর করানোর লক্ষ্যে মমতার সমর্থন যাতে পাওয়া যায়, তা নিশ্চিত করতেই মরিয়া মোদি সরকার। সেই লক্ষ্যে মমতাকে খুশি করতে সচেষ্ট হয়েছেন নরেন্দ্র মোদি। তাই জমি অধিগ্রহণ বিলকে ফের পিছিয়ে দেওয়া হচ্ছে।

ভারতকে আফগান সতর্কবার্তা-আজকাল
আফগানিস্তানের মাটিতে ভারতীয় নাগরিক জুডিথ ডিসুজার অপহরণের মতো ঘটনা আরও ঘটতে পারে। জুডিথের মুক্তির দিনেই রাষ্ট্রপুঞ্জ সতর্ক করল ভারতকে। রাষ্ট্রপুঞ্জের আফগান সদস্য মেহমুদ সায়কল বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন ভারত বিরোধী লড়াই চালাচ্ছে, তারা আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের অপহরণ বা হত্যার ছক কষছে।’ সন্দেহভাজন সংগঠনগুলির মধ্যে হিজবুল মুজাহিদিন, আই এস, তালিবান, জৈশ-‌ই-‌মহম্মদ নাম উল্লেখ করেছেন সায়কল। তাঁর দাবি, আফগানিস্তানের মাটিতে একাধিক নাশকতামূলক কর্মসূচি নিয়ে তারা আফগান ও ভারতীয়দের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২