জুলাই ২৫, ২০১৬ ১২:১৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
মীর কাসেমের রিভিউ শুনানি পিছিয়ে ২৪ আগস্ট-ইত্তেফাক
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন-প্রথম আলো
নির্ধারিত সময়ে বিচার শেষ না করায়-দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের ব্যাখ্যা তলব-যুগান্তর
রিজভীসহ ৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-মানবজমিন
একই গ্রুপের একাধিক মিশন-খুনিরাই খুঁজে নিয়েছে টার্গেট-যায় যায় দিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ফল ভুগতে হবে ভারতকে, হুঁশিয়ারি চীনের-আজকাল
ফল ভুগতে হবে ভারতকে, হুঁশিয়ারি চীনের-আনন্দবাজারে

আবেশ মৃত্যু রহস্যে সিট গঠন কলকাতা পুলিশের-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
মীর কাসেম আলীর রিভিউ শুনানি পিছিয়ে ২৪ আগস্ট-ইত্তেফাক
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ পিটিশনের শুনানি ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করে। মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার পক্ষে শুনানি প্রস্তুতির জন্য দুই মাস সময় চান। আদালত এক মাস সময় মঞ্জুর করে উপরোক্ত দিন ধার্য করে।
 আদালত বলে, এটাই শেষ সময়, আর কোনো সময় দেয়া হবে না। ২০১৪ সালের ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়। গত ৮ মার্চ আপিল বিভাগ ট্রাইব্যুনালের ওই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। গত পহেলা জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপরই ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মীর কাসেম।

'শোলাকিয়া ও গুলশানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎসের সন্ধান পেয়েছি'-ইত্তেফাক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, 'শোলাকিয়া ও গুলশানে জঙ্গি হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎসের সন্ধান পেয়েছি। গুলশান হামলার নেপথ্যে কারা তাদের কয়েকজনের পরিচয় জানতে পেরেছি।' সোমবার মিরপুর পুলিশ লাইনের স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অবশ্য ‘তদন্তের স্বার্থে’এখনই সেসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন আইজিপি।

জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ঢাবি উপাচার্য-ইত্তেফাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,  এখানে যদি কাউকে পাওয়া যায়, যারা নিষিদ্ধ জঙ্গিদের সঙ্গে যুক্ত আছে, তাদের হয়ে কাজ করেছে, তাদের প্ররোচনা প্ররোচিত করছে, সেক্ষেত্রে আমাদের একাডেমিক ডিসিপ্লিনারি অ্যাকশন খুবই শক্ত। তাৎক্ষণিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
যায় যায় দিনের প্রতিবেদনের শিরোনাম: একই গ্রুপের একাধিক মিশন-খুনিরাই খুঁজে নিয়েছে টার্গেট
একের পর এক পুরোহিত, ধর্মযাজক হত্যা থেকে শুরু করে শোলাকিয়া হামলা- অধিকাংশ জঙ্গি মিশনে একই কিলার (খুনি) গ্রুপ বিভিন্নভাবে অংশ নিয়েছে। তাদের যে সদস্য এক অপারেশনে মোটরসাইকেল চালকের ভূমিকায় থেকেছে, সে-ই আবার অন্য অপারেশনে টার্গেটকৃত ব্যক্তিকে জবাই কিংবা গুলি করার মূল কাজটি করেছে। কখনও আবার সে 'ব্যাকআপ' টিমে থেকে জঙ্গি হামলার গোটা মিশন পরিচালনার দায়িত্ব নিয়েছে। আত্মঘাতী দুর্ধর্ষ জঙ্গি টিমের অর্ধ শতাধিক সদস্য এভাবেই তাদের 'কতল মিশন' চালিয়েছে। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দেয়া তাদের জন্য সহজ হয়েছে। সম্প্রতি সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গিরা এসব তথ্য দিয়েছে।

মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ- প্রথম আলো
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সাংসদসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেওয়ার পর আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন। এ সময় তথ্যমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য বলেন, মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচি শেষ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের লোগোসংবলিত একটি খাম মন্ত্রিসভার সদস্যদের টেবিলে পৌঁছে দেন তথ্যমন্ত্রী। খামের ভেতরে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার শিরোনাম ছিল ‘তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ। এতে তিনি বলেছেন, টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।

রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-প্রথম আলো
রাজধানীর মিরপুরের পল্লবী থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত আগামী ২৩ আগস্ট আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।
এদিকে যুগান্তরের একটি খবরে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে  বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন নড়াইলের একটি আদালত।

বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় মামলা, গ্রেপ্তার ১- মানবজমিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবায়দা স্পিনিং মিলের শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে নিহত শিশুর বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় এ মামলা করেন। ওই চারজন হলেন স্পিনিং মিলের জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদা, হারুন রশিদ, রাশিদুল ইসলাম ও আজাহার। এদের মধ্যে নাজমুল হুদাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলের শিশুশ্রমিক সাগরের পায়ুপথে বাতাস ঢুকানো হলে অসুস্থ হয়ে পড়ে সে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
তিন সাংবাদিককে দেশে ফেরত পাঠানোর পরিণতি মারাত্মক, হুমকি চিনের-আনন্দবাজার
নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে দিল বেজিং। তিন চিনা সাংবাদিককে দেশে ফেরত যেতে বলার ঘটনা যে তারা ভাল ভাবে নেয়নি তা সোমবার বুঝিয়ে দিল চিন। এমনকী, এর ফল যে মারাত্মক হবে সে বার্তাও দিয়ে রাখল তারা। তবে, পরিণতির সেই হুঁশিয়ারি সরকারি ভাবে জানায়নি বেজিং। সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তে ওই সতর্কবার্তা প্রকাশিত হয়েছে।
বিষয়টিকে অপমানজনক হিসাবে বর্ণনা করে সেখানে লেখা হয়েছে, চিনের বাগড়া দেওয়ার কারণে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারত সদস্যপদ পায়নি। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ভারত তাদের তিন সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশে ফেরত যেতে বলেছে।

২ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি অভিযান-সংবাদ প্রতিদিন
তোলাবাজি এবং হুমকি দেওয়ার পৃথক অভিযোগে এবার সল্টলেক ও কামারহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরের বিরু‌দ্ধে শনিবার বিশেষ পুলিশি অভিযান শুরু হল৷ এঁরা হলেন সল্টলেকের নারায়ণপুরের ৪ নম্বর ওয়ার্ডের ডাম্পি মণ্ডল এবং কামারহাটির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিতা ঘোষ৷ দুই কাউন্সিলরের  বাড়িতে গিয়ে পুলিশ দু’জনকেই দেখতে পায়নি৷ সংবাদ মাধ্যমের তরফেও বারে বারে দুই জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে কারও দেখা পাওয়া যায়নি৷ দু’জনেরই মোবাইল বন্ধ৷

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫