আগস্ট ০৪, ২০১৬ ১৩:৪৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
খালেদা জিয়া জঙ্গি-খুনিদের বাঁচাতে পারবেন না'-ইত্তেফাক
মিথ্যা’ মামলা লাখ ছাড়িয়েছে : ফখরুল -প্রথম আলো
হাসনাত-তাহমিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর-যুগান্তর
যারা মানুষ হত্যা করে তারা মুসলমান নয় : নৌমন্ত্রী -কালের কণ্ঠ
'রিজভীকে নিরাপদে আত্মসমর্পণের সুযোগ দিন' -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
হাইকোর্টে ধাক্কা খেলেন কেজরী, কেন্দ্রের হাতেই দিল্লির আইনশৃঙ্খলা -আনন্দবাজার
সৌদিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে বিদেশমন্ত্রক -সংবাদ প্রতিদিন
ভাল করে হাতও মিলল না রাজনাথ, পাক মন্ত্রীর -আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ক্ষমতা ভোগের কোন বিষয় নয়, দায়িত্ব পালনের-ইত্তেফাক
দেশের শাসনকার্য পরিচলনা করা গুরু দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, জাতির প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের। 
 তিনি বলেন, কারো কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু আর কারো কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। আমাদের চিন্তা হচ্ছে, জাতির প্রতি কর্তব্য পালন। দেশের প্রতি, তার মানুষের প্রতি কর্তব্য পালন করা। মানুষ যে আমাকে একটা ভোট দিল, তার বদলে সে কি পেল- এটাই তখন বিবেচ্য হয়ে দাঁড়ায়।
 প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার তার তেজগাঁও কার্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
 প্রধানমন্ত্রী মানুষকে সুন্দর আগামীর জন্য স্বপ্ন দেখার আহবান জানিয়ে বলেন, জনগণের জীবনমান উন্নয়নের যে চেতনা তা জনগণের মধ্যে জাগিয়ে রাখতে পারলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

হাসনাত ও তাহমিদ ৮ দিনের রিমান্ডে-যুগান্তর
গুলশানের হলি আর্টিজানে হামলায় জড়িত সন্দেহে আটক বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম ও কানাডা প্রবাসী যুবক তাহমিদ হাসিব খানকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন্নাহার ইয়াসমিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান বলেন, ‘গুলশানের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’
মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে তারা গ্রেপ্তার করেন।
গুলশানের মতো ঘটনা আরো ঘটতে পারে -বিবিসি বাংলাকে ইইউ দূত পিয়ের মায়াদু-যায় যায় দিন
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ের মায়াদু বলেছেন, গুলশান হামলার পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি। গুলশান হামলার মতো ঘটনা বাংলাদেশে আরো ঘটতে পারে।

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মায়াদু বলেন, নিরাপত্তা নিয়ে এই উদ্বেগের কারণে ঢাকায় তাদের মিশনে যেসব বিদেশি কর্মকর্তারা কাজ করেন তাদের পরিবারের সদস্যদের ইউরোপে ফেরত পাঠিয়ে দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তাভাবনা করা হচ্ছে।

বৃটেন ‘বিজনেস নেশন’ব্যবসা চায় তবে নিরাপত্তা নিয়ে সতর্ক-মানবজমিন
ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য অব্যহত রাখতে চায়। তারা মূলত ‘বিজনেস নেশন’। বাংলাদেশের সঙ্গে তারা ‘ব্যালান্সড ট্রেড’ বা সুষম বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী। তবে, নিরাপত্তা নিয়ে ‘কনসার্নড’। নিরাপত্তার বিষয়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা নিবিড়ভাবে কাজ করতে চায় বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন কাদেরের ছেলে ও তার গাড়িচালক আটক-কালের কণ্ঠ
যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়ি চালককে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে। হুম্মাম কাদের চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী সাংবাদিকদের জানান, সকালে আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে গাড়িতে করে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। বংশাল মোড়ের কাছে পুলিশের একটি টিম হুম্মাম চৌধুরী ও তার গাড়ি চালককে আটক করে থানায় নেয়া হয়।
 পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান জানান, হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়ি চালককে পুলিশ আটক করেনি। তাদের আটক সংক্রান্ত কোনো খবর তার কাছে নেই।
অন্যদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানান, হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়িচালককে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে নেয়া হয়েছে।

খালেদা জিয়া জঙ্গি-খুনিদের বাঁচাতে পারবেন না' কালের কণ্ঠ/ইত্তেফাক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি, তেমনি জঙ্গি-খুনিদেরও বাঁচাতে পারবেন না।' 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের জন্য খালেদা জিয়া অনুপযুক্ত। খালেদা জিয়া এবং বিএনপি যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে খুনিদের পক্ষ নিয়েছেন।

মিথ্যা’ মামলা লাখ ছাড়িয়েছে : ফখরুল-প্রথম আলো
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার সংখ্যা এক লাখের বেশি ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই দাবি করেন।
বিএনপির মহাসচিব বলেন, দলের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধে মনে হয় ২৫টির কম মামলা নেই। মির্জা ফখরুলের ভাষ্য, সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে অকার্যকর করার চেষ্টা করছে।
বিএনপির মহাসচিবের দাবি, সরকার গণতন্ত্র ধ্বংসের লক্ষ্য স্থির করেছে। তারা বিরোধী দলকে পুরোপুরি নিস্তব্ধ করে দিতে চায়। এ জন্য তারা মামলাকে বড় অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। এর প্রধান কারণ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। 
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মির্জা ফখরুল বলেন, তাঁকে (রিজভী) উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে এমনটা করা হয়েছে।

২০–দলীয় জোটে জামায়াতে ইসলামীর থাকা না–থাকা-আ.লীগ মনে করে, এটা রাজনৈতিক কৌশল-প্রথম আলো
বিএনপি জোটে জামায়াতকে রাখা না-রাখার বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না সরকারি দল আওয়ামী লীগ। এটি রাজনৈতিক ফায়দা নেওয়ার কৌশল এবং এর পেছনে নতুন ষড়যন্ত্র আছে—এমনটাও মনে করছে তারা। আওয়ামী লীগ মনে করে, বাহ্যিকভাবে জামায়াতকে ছাড়ার ঘোষণা দিলেও ভেতরে ভেতরে একটা সম্পর্ক থাকবে বিএনপি-জামায়াতের মধ্যে।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে এই মনোভাব জানা গেছে

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

হাইকোর্টে ধাক্কা খেলেন কেজরী, কেন্দ্রের হাতেই দিল্লির আইনশৃঙ্খলা-আনন্দবাজার
বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। লেফ্টেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল্লির নির্বাচিত সরকারের হাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের মামলাটি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। উপ রাজ্যপালকে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ মতো কাজ করার প্রস্তাবটিও খারিজ করে গিয়েছে আদালত।
দিল্লির পুলিশকে নিজেদের নিয়ন্ত্রনে রাখতে বারেবারেই কেন্দ্রে সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে দিল্লির আপ সরকার।

ভাল করে হাতও মিলল না রাজনাথ, পাক মন্ত্রীর-আজকাল
কাশ্মীরে সন্ত্রাসবাদী বুরহান ওয়ানিকে হত্যার আঁচ পড়ল রাজনাথ সিংয়ের পাকিস্তান সফরে। সার্ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। ইসলামাবাদের অভিজাত হোটেল সেরেনায় চলছে দক্ষিণ এশীয় দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৃহস্পতিবার হোটেলের ফটকের কাছে দাঁড়িয়ে অতিথি মন্ত্রীদের স্বাগত জানাচ্ছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান। হোটেলে ঢোকার সময় রাজনাথের সঙ্গে দেখা নিসারের। প্রত্যক্ষদর্শীদের মতে, ভাল করে হাতও মেলাননি দু’জনে। নেহাতই দায়সারা করমর্দন। এর পরেই মুখ ঘুরিয়ে দুই মন্ত্রী দু’দিকে হেঁটে চলে যান। তখনই পাকিস্তানি নিরাপত্তারক্ষীদের বচসা বেঁধে যায় ভারতীয় সাংবাদিকদের সঙ্গে।

সৌদিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে বিদেশমন্ত্রক-সংবাদ প্রতিদিন
সৌদি আরব থেকে ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য পেলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বৃহস্পতিবার মন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের কর্মহীন কয়েকশো ভারতীয় শ্রমিকদের দেশে ফিরে যেতে সৌদি আরব সমস্ত রকম সাহায্য করবে৷ শুধু তাই নয়, ভারতীয় শ্রমিকদের দেশে ফেরানোর জন্য প্রয়োজন মতো অর্থ ব্যয় করবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন৷
এদিন রাজ্যসভায় এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা এবং খাবারের যোগানের ব্যবস্থাও করা হচ্ছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে৷ এছাড়া, কর্মহীন ভারতীয়রা সেখানে কাজের জন্য পুনরায় আবেদন করতে পারেন বলেও তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে৷
মন্ত্রী সুষমা স্বরাজ এদিন বিবৃতিতে বলেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌদি শাসক সেখানকার কর্মহীন ভারতীয়দের দেশে ফেরাতে পদক্ষেপ গ্রহণ করেছে৷

রাজ্যের হাতে কি এ বার ভিক্ষার ঝুলি, প্রশ্ন সংসদে-আনন্দবাজার
জিএসটি-র পথে কেউই বাধা হয়ে দাঁড়ালেন না। কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে সকলেই তুললেন। তা হল, এ বার কি রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়াতে হবে!
জিএসটি চালু হলে রাজ্য সরকারের হাতে কর বসানোর ক্ষমতাই থাকবে না। রাজ্যে যে সব কর প্রযোজ্য হবে, সেখানেও করের হার বাড়ানো বা কমানোর অধিকার থাকবে না রাজ্যের হাতে। যার অর্থ, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে যাবে।
আজ পণ্য পরিষেবা কর বা জিএসটি বিল নিয়ে বিতর্কে জয়ললিতার এডিএমকে ছাড়া সব আঞ্চলিক দলই জিএসটি-তে সমর্থন জানিয়েছে। কিন্তু এর ফল কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলেই।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪