সুন্দরবনে দস্যু আস্তানা,ওয়াচ টাওয়ার ধ্বংস
প্রিয় পাঠক সালাম ও শুভেচ্ছা নিন। ৫ আগস্টের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি । শুরুতেই যথারীতি বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ কয়েকটি খবরের শিরোনাম। তারপর কিছু খবর বিস্তারিতভাবে তুলে ধরবো।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
- ঐক্য করতে যাইনি: কাদের সিদ্দিকী: প্রথম আলো
- রাজধানীতে ৪৪ নেপালি নাগরিক আটক:ইত্তেফাক
- ইত্তেফাকের আরেকটি শিরোনাম: সুন্দরবনে দস্যু আস্তানা,ওয়াচ টাওয়ার ধ্বংস
- বাড়িভাড়ায় হয়রানির প্রতিবাদে ব্যাচেলরদের মানববন্ধন:কালের কণ্ঠ
- বাংলাদেশে সন্ত্রাসের মোকাবিলায় যা জরুরি:মানবজমিন
- শোলাকিয়ার ঘটনায় আটক ২ জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত: নয়াদিগন্ত
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
- অসমের কোকরাঝাড়ে ব্যস্ত বাজারে জঙ্গি হামলা, নিহত ১২, গোলাগুলি চলছে: আনন্দবাজার
- বুলন্দশহরের নির্যাতিতাদের পাশে অখিলেশ: আজকাল
- সিবিআই না পারলে রবীন্দ্রনাথের নোবেল পদক আমি খুঁজে দেব: এই পত্রিকারই আরেকটি শিরোনাম।
- কাজ শুরু করল কবিতা আকাদেমি: সংবাদ প্রতিদিন
পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি খবর বিস্তারিত।
ঐক্য করতে যাইনি: কাদের সিদ্দিকী:
প্রথম আলো'র এই শিরোনামের খবরে এসেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাননি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে খালেদা জিয়ার বাসায় গেছেন। জামায়াতকে নিয়ে কোনো রাজনীতি করবেন না বলেও জানান তিনি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্ত্রী নাসরিন সিদ্দিকীর একটি বক্তব্য সংশোধন করে কাদের সিদ্দিকী এ কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে কৃষক শ্রমিক জনতা লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাসরিন সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া আমাদের ডেকেছিলেন, কালকে (বৃহস্পতিবার) আমরা গিয়েছিলাম দেশে যাতে জঙ্গি দমন হয়, সে কারণে একটি ঐক্য করতে।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছেন, জামায়াতকে নিয়ে তিনি কোনো ঐক্য করবেন না। এটাই উনি বলেছেন। দেশের যে অবস্থা চলছে আমি মনে করি, স্বাধীনতার সপক্ষের শক্তি একত্র হয়ে কাজ করলে জঙ্গি দমন হবে। আর জঙ্গি উত্থান হয়েছে কোত্থেকে, সেটা সরকারকে দেখতে হবে।’
রাজধানীতে ৪৪ নেপালি নাগরিক আটক:ইত্তেফাক
রাজধানীর মিরপুর এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী ৪৪জন নেপালি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়েছে। আটক নেপালি নাগরিকদের নাম জানা যায়নি।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মিরপুর ডিওএইচএস-এর এলাকার ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটের ৪৪ জন নাগরিক তারা সবাই পুরুষ ছিলেন। তারা গত মে মাসে ১ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসে। গত জুন মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আটককৃতদের ভিসার মেয়াদ না থাকার বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
ইত্তেফাকের আরেকটি শিরোনাম: সুন্দরবনে দস্যু আস্তানা,ওয়াচ টাওয়ার ধ্বংস
বিস্তারিত খবরে পত্রিকাটি জানিয়েছে: সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান ‘অপারেশন পাইরেটস হান্ট’র দ্বিতীয় দিনে দস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী।
অভিযানের সময় কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় দস্যুদের ব্যবহৃত ৮/১০টি আস্তানার সন্ধান পায় যৌথ বাহিনী। পরে বন বিভাগের সহায়তায় দস্যু আস্তানার বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয় অভিযানকারীরা। জানা গেছে, কোস্টগার্ডের সব স্টেশন থেকে একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুই জাহাজসহ ৮টি আধুনিক জলযান রয়েছে।
সুন্দরবনের দস্যু নির্মুল ও জিম্মি জেলেদের উদ্ধারের লক্ষে বৃহস্পতিবার থেকে কোস্টগার্ড ও নৌ বাহিনী অপারেশন পাইরেটস হান্ট শুরু করে।
বাড়িভাড়ায় হয়রানির প্রতিবাদে ব্যাচেলরদের মানববন্ধন:কালের কণ্ঠ
অবিবাহিত (ব্যাচেলর) ও মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতবিরাতে অভিযানের নামে তাদের হয়রানি করছে। বাড়িওয়ালারা বাড়ি ছেড়ে দিতে বলছেন। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাচেলররা এক মানববন্ধনে এ কথা বলেন। ‘বাংলাদেশ মেস সংঘ’ নামের একটি সংগঠন ব্যাচেলর ও মেসের ভাড়াটেদের নিরাপদ জীবনের দাবিতে ‘মেসে জঙ্গি পোকা আর চাই না’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির মহাসচিব মেসের ভাড়াটে আয়াতুল্লাহ আকতার বলেন, জঙ্গি ইস্যুতে মেসের ভাড়াটেদের দোষ দেওয়া হচ্ছে। এই শহরে অনেক শিক্ষার্থী, চাকরিজীবী, পোশাককর্মী মেসে বাস করছে। গুটিকয়েক বিপদগামী ছেলের জন্য মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযানের নামে মেসের ভাড়াটেদের হয়রানি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে সন্ত্রাসের মোকাবিলায় যা জরুরি: মানবজমিন
গত ১৮ মাস ধরে বাংলাদেশের মুক্তচিন্তার মানুষ, ধর্মগুরু, সমকামী অধিকার আন্দোলনকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর একের পর এক আঘাত নেমে আসছিল। কিন্তু প্রবাসী ও অভিজাতদের পছন্দের ক্যাফে হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা সব বাস্তবতার মোড় ঘুরিয়ে দিয়েছে। এ ঘটনার পর ঢাকার অধিকাংশ বাসিন্দাই মনে করছেন, তাঁদের প্রিয় এই নগরী আর কখনওই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না।
আর্টিজানে হামলায় অভিযুক্ত পাঁচ তরুণের মধ্যে তিন জনই ঢাকার সচ্ছল পরিবারের সন্তান। লেখাপড়া করেছে বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে। তিন জন এসেছে সচ্ছল মধ্যবিত্ত পরিবার থেকে। তারা বিশেষ সুবিধাভোগী এবং বেসরকারি ভাবে বাংলাদেশ ও বিদেশে শিক্ষিত। সন্ত্রাসীদের জন্য আমরা যে প্রোফাইল তৈরি করেছি, তা হল অনেকটা এ রকম: তারা গরিব, গ্রামের ছেলে, মাদ্রাসা শিক্ষার্থী। কিন্তু আর্টিজানে হামলাকারীদের ক্ষেত্রে এই প্রোফাইল মিথ্যা প্রমাণিত হল। কারণ তাদের প্রয়োজনীয় সব কিছুই ছিল, কোনও অভাব-অনটন ছিল না। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের ইসলামি জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার ঘটনা এই প্রথম নয়, কিন্তু তাদের এ ভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার ঘটনা এই প্রথম।
শোলাকিয়ার ঘটনায় আটক ২ জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত: নয়াদিগন্ত
এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশে রিমান্ডে নেয়ার পর বন্দুক যুদ্ধে মানুষ হত্যা করা হচ্ছে। এ রকম আজব দেশ আর নেই। তিনি বলেন, ছাত্রলীগ ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরা হয়না, অথচ নিরীহ ছাত্রদের ধরে নির্যাতন করা হচ্ছে। সরকার মিথ্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামীলীগ নেতা শেখ সেলিম বলেছেন নিম্ন আদালতের বিচারক নাকি তিন কোটি টাকা ঘুষ নিয়ে খালাসের রায় দিয়েছিলেন। তাহলে কি উনি সেখানে ছিলেন? বিচার বিভাগের প্রতি এভাবে দোষারোপ করায় প্রধান বিচারপতিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানান শাহ মোয়াজ্জেম। তিনি বলেন, নির্যাতন, অপশাসন ও ব্যাংক লুটপাটের কথা মানুষ যাতে ভুলে যায় সেজন্য জঙ্গিবাদ ইস্যু সামনে আনা হয়েছে। অথচ সরকারের মধ্যেই জঙ্গি রয়েছে। তারাই জঙ্গিদের লালন পালন করছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সবিস্তারে।
অসমের কোকরাঝাড়ে ব্যস্ত বাজারে জঙ্গি হামলা, নিহত ১২, গোলাগুলি চলছে: আনন্দবাজারপত্রিকা।
অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার দূরে বালিজান বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা ও গুলিতে নিহত হলেন ১২ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি বলে দাবি প্রশাসনের।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ একটি অটোতে চেপে ৫-৭ জনের অস্ত্রধারী একটি দল বালিজান বাজারে নেমেই এলোপাথারি গুলি চালাতে থাকে। সেই সঙ্গে গ্রেনেড নিয়ে হামলা চালায়। ব্যস্ত বাজারে আচমকাই হামলা চালানোয় দিশেহারা হয়ে পড়েন মানুষ।
বুলন্দশহরের নির্যাতিতাদের পাশে অখিলেশ: আজকাল
বুলন্দশহর ধর্ষণকাণ্ডে নির্যাতিতা মা ও মেয়ের সাহায্যে এগিয়ে এল উত্তরপ্রদেশ সরকার। নির্যাতিতাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট ও ৩ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ৩০ জুলাই দিল্লি–কানপুর জাতীয় সড়কে নৃশংস ঘটনাটির পর থেকেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিও উঠেছে। এমন অবস্থায় নিজেই এগিয়ে এলেন অখিলেশ যাদব। তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।
কাজ শুরু করল কবিতা আকাদেমি: সংবাদ প্রতিদিন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি তৈরি করেছেন। যার সভাপতি করেছেন কবি সুবোধ সরকারকে। বৃহস্পতিবার এই আকাদেমি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল। কলকাতা তথ্যকেন্দ্রের তিনতলায় কবিতা আকাদেমির অফিসঘর হয়েছে। গত মঙ্গলবার গৃহপ্রবেশ অনুষ্ঠান করেন তথ্যসংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তথ্যসংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য। এদিন এক সাংবাদিক বৈঠকে আকাদেমির সভাপতি সুবোধ সরকার বলেন, কবিতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কবিতা আকাদেমি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্সটুডে/নাসির মাহমুদ/৫