আগস্ট ২০, ২০১৬ ১৫:০৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ২০ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরেও যথারীতি বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবর সবিস্তারে তুলে ধরা হবে। তার আগে চলুন শিরোনামগুলো জেনে নিই।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • বাড্ডায় গ্রেপ্তার জামায়াতের ১৮ নেতা-কর্মী রিমান্ডে:প্রথম আলো
  • সারাদেশে পেট্রোলপাম্পে ২৮ আগস্ট কর্মবিরতির হুমকি:ইত্তেফাক
  • ২৪ ঘন্টার মধ্যে ধর্ম সচিব ও হজ্জ পরিচালকের অপসারণ দাবি: মানব জমিন
  • জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের: মানব জমিন
  • জঙ্গিবাদের জন্মদাতা আওয়ামী লীগ: আলাল/নয়াদিগন্ত

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • নোট চাইলে আর দলে নয়, শেষ হুঁশিয়ারি মমতার:আনন্দবাজার পত্রিকা
  • তৃণমূল কর্মী খুনের মামলায় ধৃত কাউন্সিলরের পুত্র:সংবাদ প্রতিদিন

বাড্ডায় গ্রেপ্তার জামায়াতের ১৮ নেতা-কর্মী রিমান্ডে:

প্রথম আলো জানিয়েছে, রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম সাজেদুর রহমান এই আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী এই স্কুলটির অধ্যক্ষ।

১৮ জন আসামির মধ্যে দুজনকে তিন দিন এবং অপর ১৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিন করে যাদের রিমান্ডে দেওয়া হয়েছে তাঁরা হলেন মামলার প্রধান আসামি ফখরুদ্দিন মোহাম্মদ ওরফে কেফায়েত উল্লাহ এবং মো. শাহীন।

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এই আসামিদের আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে বাড্ডা থানা-পুলিশ। আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়।

গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে রয়েছে ওই স্কুল। বাড্ডা থানার পুলিশ বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। শামসুন্নাহার নিজেও জামায়াতের নেতা। তিনি দলটির মহিলা বিভাগের সাধারণ সম্পাদক।

সারাদেশে পেট্রোলপাম্পে ২৮ আগস্ট কর্মবিরতির হুমকি:

ইত্তেফাকের এই খবরে বলা হয়েছে, ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এর মধ্যে দাবি পূরণ করা না হলে ওইদিন সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ওইদিন দেশের সব পেট্রোলপাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে।

এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

২৪ ঘন্টার মধ্যে ধর্ম সচিব ও হজ্জ পরিচালকের অপসারণ দাবি: মানবজমিন

আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত ধর্ম সচিব আব্দুল জলিল ও হজ্জ পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের অপসারণ দাবি করেছে হজ্জ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা। শনিবার তারা এ দাবি জানান। হাব নেতারা বলেন, গত ৪ থেকে ২০ আগস্টের মধ্যে হজ্জ ফ্লাইটে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তাতে ১৫ টি হজ্জ ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৭ হাজার যাত্রী হজ্জে যেতে পারেনি। তাদের হজ্জ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামীতে এই সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। তাই আমরা ভারপ্রাপ্ত ধর্ম সচিব ও হজ্জ পরিচালকের অপসারণ দাবি করছি। তা না হলে ১৪ হাজার হজ্জ এজেন্সি ও হাব সদস্যদের নিয়ে আমরা আন্দোলনো নামতে বাধ্য হব।

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের,পত্রিকাটির আরেকটি শিরোনাম:

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সাংবাদিকরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জেগে ওঠ দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে মানববন্ধন করেন তারা।  যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। এক ঘণ্টার ওই মানববন্ধনে অংশ নিয়ে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক নন, সাংবাদিকেরা বঙ্গবন্ধুর আদর্শের মাঠের সৈনিক। কোনো অপশক্তি সাংবাদিকদের প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না। জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস করা চলবে না। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে। বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আজকে জঙ্গিবাদ জাতি ও রাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সাংবাদিক ও মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

জঙ্গিবাদের জন্মদাতা আওয়ামী লীগ: আলাল/নয়াদিগন্ত

আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 
তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করেন আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।’

আজ শনিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আলাল বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনজন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান দেখানো উচিত।’

কালো কোট ছেড়ে সত্য ও পরিছন্ন ইতিহাসের দিকে নজর দিতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হজ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়ে যাওয়ায় সাত হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

হুট করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ মানবে না, বিএনপিও মেনে নেবে না বলেও উল্লেখ করেন আলাল।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

এবারে কোলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক।

নোট চাইলে আর দলে নয়, শেষ হুঁশিয়ারি মমতার:আনন্দবাজার পত্রিকা এই শিরোনামে লিখেছে, মানুষের ‘ভোটের কথা ভেবে’ দলীয় কাউন্সিলরদের এ বার ‘নোটের খিদে’ ছাড়তে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

রাজ্য জুড়ে সমস্ত পুরসভার তৃণমূল কাউন্সিলরদের শুক্রবার কলকাতায় এক কর্মশালায় ডেকেছিলেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রের খবর, সেখানেই এ দিন তাঁদের স্পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন, যদি মনে করেন, ভোট নয় নোটই আসল, তা হলে কিন্তু দু’দিনেই চলে যেতে হবে! কেন চলে যেতে হবে, তা ব্যাখ্যা করে এর পরই দলনেত্রী কঠিন গলায় বলেন, কারণ কদ্দিন খাবেন? দু’বছর! তার পর ধরা পড়লে আইন তো ছাড়বেই না, মনে রাখবেন দলও ছাড়বে না। তাই কাউন্সিলরদের মমতা বলেছেন, ঠিক করে নিন, শুধু খাওয়া-দাওয়াই করবেন, নাকি লং টার্মে দলটা করবেন!

তৃণমূল কর্মী খুনের মামলায় ধৃত কাউন্সিলরের পুত্র:সংবাদ প্রতিদিন

বাগুইআটিতে তৃণমূল কর্মী সঞ্জয় দাস ওরফে বুড়ো খুনের মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হল বিধাননগর পুরসভার এক মেয়র পারিষদের পুত্র বিশ্বজিত্‍ বিশ্বাস ওরফে বাবাইকে৷ শুক্রবার বিরাটিতে তার নিজের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ৷ গত কয়েকমাস সেখানেই সে থাকছিল৷ জুন মাসে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ৷ আজ তাকে আদালতে পেশ করা হবে৷ এই নিয়ে বাগুইআটি খুনের মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হল গত তিন মাসের মধ্যে৷

গত ২৫ ফেব্রুয়ারি জগৎপুরে খুন হন তৃণমূলের যুবনেতা সঞ্জয় রায় ওরফে বুড়ো৷ অভিযোগ, বাপি রহমান নামে এক সুপারি কিলার এই খুনটি করে৷ এই খুনের ঘটনায় সামনে চলে আসে এলাকা দখলের লড়াই৷ নিজের হারানো জমি ফেরত পেতে বাবাই ভাড়াটে খুনি দিয়ে বুড়োর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কিছু স্থানীয় কয়েকজন মানুষ৷ বিধানসভা ভোটের পর থেকেই বাবাই এলাকাছাড়া৷ প্রায় আড়াই মাস আগে তার নামে ওয়ারেন্ট জারি করার পর এদিন ধরা পড়ে সে৷ তার বাবা বিধাননগরের মেয়র ইন কাউন্সিল বীরেন্দ্রনাথ বিশ্বাসের কাছ থেকে এই গ্রেফতারির বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ বুড়ো খুনে প্রথমে সিন্ডিকেট জগতের পান্ডা ইঁদুর গোপালের দুই শাগরেদ আকাশ দাস ও সুব্রত বসুকে ৩ মার্চ গ্রেফতার করা হয়৷ তারপর ৮ মার্চ রঞ্জু ঘোষ, প্রবীর মণ্ডল, কালিদাস অধিকারী, টুকাই এবং মনোরঞ্জন সরকারকে গ্রেফতার করে পুলিশ৷ এর আগেই ধরা হয়েছিল গ্যাস বাবুকে৷ খুনের ঘটনায় এরা প্রত্যেকেই অন্যতম অভিযুক্ত বলে পুলিশের দাবি৷ এর আগে সুপারি কিলার বাপি রহমানকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল৷ তাকে জেরা করে খুনে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ৷

পার্সটুডে/নাসির মাহমুদ/২০