নিরীহ মানুষ হত্যা করা মানবতাবিরোধী কাজ: শেখ হাসিনা
প্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি । শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- নিরীহ মানুষকে হত্যা মানবতাবিরোধী কাজ: প্রধানমন্ত্রী/প্রথম আলো'র শিরোনাম
- ইত্তেফাকের শিরোনাম অসংখ্য নেতাকর্মী কারাগারে অন্ধকারে সময় কাটাচ্ছেন: মির্জা ফখরুল
- বিজয় দিবসের আগেই সরবে জিয়ার কবর: বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম
- নিখোঁজ ট্যাম্পাকোর ১১ কর্মী, স্বজনদের কান্না: মানব জমিন
- নয়াদিগন্তের শিরোনামে এসেছে,ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রপতির
ভারতের শিরোনাম:
- মমতার হাত দিয়েই সিঙ্গুরে শুরু পরচা বিলি :আনন্দবাজার পত্রিকা
- অশান্ত বেঙ্গালুরুতে আজ শ্মশানের নীরবতা : সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
নিরীহ মানুষকে হত্যা মানবতাবিরোধী কাজ:
প্রধানমন্ত্রীর এই উদ্ধৃতিকে শিরোনাম করে প্রথম আলো লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নিরীহ মানুষকে মারে, তারা কখনো ধর্মে বিশ্বাস করতে পারে না। নিরীহ মানুষ হত্যা করা মানবতাবিরোধী কাজ। নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না।
আজ মঙ্গলবার সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সমগ্র দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদেরও মোবারকবাদ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের নবী করিমও (সা.) বলে গেছেন, নিরীহ মানুষকে যেন হত্যা না করা হয়। তারপরও ধর্মের নামে মানুষ হত্যা করা, জঙ্গিবাদ সৃষ্টি করা। আমি মনে করি, এতে আমাদের ইসলামেরই ক্ষতি হচ্ছে। ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। এই শান্তির ধর্মকে যারা হেয়প্রতিপন্ন করছে, তারা শান্তিপ্রিয় মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে।’
"অসংখ্য নেতাকর্মী কারাগারে অন্ধকারে সময় কাটাচ্ছেন"
মির্জা ফখরুলের এই উক্তিকে শিরোনাম করে ইত্তেফাক লিখেছে,
দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, আজকে সমগ্র বাংলাদেশের অসংখ্য গণতান্ত্রিক নেতাকর্মী ঈদুল আজহায় শরিক হতে পারেনি। তারা কারাগারে অন্ধকারে সময় কাটাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করছি।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর থেকে ৫ দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন মির্জা ফখরুল। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ ছাড়ায় কয়েকটি উপজেলা তৃনমূল নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বিজয় দিবসের আগেই সরবে জিয়ার কবর: বাংলাদেশ প্রতিদিন।
বিস্তারিত খবরে পত্রিকাটি লিখেছে,
সংসদ ভবনের চূড়ান্ত নকশাসহ বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা নতুন ঢাকার ৮৫৩টি নকশাই চলতি মাসে সরকারের হাতে পৌঁছবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর পরই সংসদ এলাকায় জিয়ার কবরসহ লুই কানের নকশা-বহির্ভূত সব স্থাপনা উচ্ছেদ করবে সরকার। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই জিয়ার কবর সরানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী জানান, তবে সে কবর কোথায় প্রতিস্থাপন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জিয়া পরিবারের সদস্যরা।
নিখোঁজ ট্যাম্পাকোর ১১ কর্মী, স্বজনদের কান্না: মানব জমিনের খবর।
টঙ্গীর ট্যাম্পাকো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। নিখোঁজ রয়েছেন ১১জন। নিখোঁজের তালিকা এবং নিহতদের উদ্ধারকাজ তদারকি করার জন্য কারখানার পাশেই জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নিখোঁজদের খুঁজে স্বজনরা কারখানার আশপাশে ভিড় করছেন। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠছে এলাকার পরিবেশ। কেউ পারছে না তাদের সান্ত্বনা দিতে।
ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রপতির: নয়াদিগন্ত এই শিরোনামে লিখেছে:
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবাইকে ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, যাতে কেউ ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন- ‘কোনো ধর্মই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না। সকল ধর্মের প্রধান বার্তা হচ্ছে, জনগণের কল্যাণ নিশ্চিত করা।’
তিনি বলেন, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদ-উল-আজহার মূল তাৎপর্য থেকে সামাজিক ও ব্যক্তিজীবনে শিক্ষা গ্রহণের আহবান জানান।
তিনি বলেন, ‘আমরা সবাই ঈদ-উল-আজহার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সহিষ্ণু সমাজ গড়ে তুলতে পারি। এ জন্য ধৈর্য ও আত্মাত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে।’
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি এখন।
মমতার হাত দিয়েই সিঙ্গুরে শুরু পরচা বিলি :আনন্দবাজার পত্রিকার খবর।
সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে ৩১ অগস্ট। সিঙ্গুরের চাষিদের জমি ফিরিয়ে দিতে সময় দিয়েছে ১২ সপ্তাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য দু’সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু করে দিচ্ছে। কাল, বুধবার ‘সিঙ্গুর উৎসব’-এর মঞ্চ থেকে চাষিদের হাতে জমির নতুন পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চেক তুলে দেবেন সেই সব অনিচ্ছুক জমিমালিকদের হাতে, জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদে যাঁরা এত দিন চেক নেননি।
অশান্ত বেঙ্গালুরুতে আজ শ্মশানের নীরবতা: সংবাদ প্রতিদিন। তীব্র অশান্তি থামলেও শ্মশানের নীরবতা বেঙ্গালুরুতে৷ মঙ্গলবার শহরজুড়ে গত দু’দিনের মতো বিশৃঙ্খলা না থাকলেও আতঙ্কিত শহরবাসীকে পথে-ঘাটে বিশেষ দেখা যায়নি৷ ইদ উপলক্ষে সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকলেও বেসরকারি সংস্থাগুলি খোলাই রয়েছে৷ তা সত্বেও বেঙ্গালুরুর থমথমে পরিস্থিতি কাটেনি এখনও৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে কর্নাটক ও তামিলনাড়ুর মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানান৷ পাশাপাশি কাবেরী নদীর জলবণ্টন ঘিরে দুই রাজ্যে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দরিদ্র মানুষ এবং সরকারি সম্পত্তি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান৷ তিনি আরও বলেন, জলবণ্টনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান আইনের মাধ্যমেই করতে হবে৷ আইন ভেঙে গোটা সমস্যার কোনও সুরাহা হবে না বলেও তিনি জানান৷
পার্সটুডে/নাসির মাহমুদ/১৩