ফ্রান্স ও পশ্চিমা অংশীদারদের ইরানবিরোধী বিবৃতি ‘ভণ্ডামিপূর্ণ’: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i162162-ফ্রান্স_ও_পশ্চিমা_অংশীদারদের_ইরানবিরোধী_বিবৃতি_ভণ্ডামিপূর্ণ’_তেহরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক ফ্রান্স ও কয়েকটি পশ্চিমা দেশের ইরানের বিরুদ্ধে মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে যৌথ বিবৃতি দেওয়ার নিন্দা করেছেন। তিনি এই পদক্ষেপকে ‘ভণ্ডামিপূর্ণ অপপ্রচারের সুস্পষ্ট উদাহরণ’ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-08-14T09:51:41+00:00 )
আগস্ট ১৪, ২০২৬ ১৪:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক ফ্রান্স ও কয়েকটি পশ্চিমা দেশের ইরানের বিরুদ্ধে মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে যৌথ বিবৃতি দেওয়ার নিন্দা করেছেন। তিনি এই পদক্ষেপকে ‘ভণ্ডামিপূর্ণ অপপ্রচারের সুস্পষ্ট উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক হামিদ আহমাদি গতকাল বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্স ও কয়েকটি পশ্চিমা দেশের ইরানের বিরুদ্ধে যৌথ বিবৃতি পুরানো অভিযোগের পুনরাবৃত্তি। তাঁর মতে, এর মাধ্যমে এসব দেশ বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় এবং বিশেষত ইরানি নাগরিকদের ক্ষেত্রে, মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে নিজেদের ভূমিকার জন্য জবাবদিহি এড়ানোর চেষ্টা করছে।

হামিদ আহমাদি ফ্রান্সের আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলে ঔপনিবেশিক অতীতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আফ্রিকার কয়েকটি দেশে ফ্রান্সের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপের কারণে লাখ লাখ নিরপরাধ মানুষ নিহত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

তিনি ফরাসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অন্যদের নৈতিক শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদের উচিত অন্যান্য দেশের নাগরিক ও অভিবাসীদের প্রতি নিজেদের বর্ণবাদী আচরণ সংশোধন করা এবং তাঁর ভাষায়, “গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলি সরকারের প্রতি সর্বাত্মক, নিঃশর্ত ও অমানবিক সমর্থন” বন্ধ করা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর এই বিবৃতি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন ইরানি জনগণ ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বেআইনি সামরিক হামলার বিষয়ে বিবৃতি প্রদানকারী দেশগুলোর “লজ্জাজনক নীরবতা” ভুলে যায়নি।

তিনি আরও বলেন, এসব হামলার ১২ দিন ও ৪০ দিনব্যাপী যুদ্ধের সময় সংঘটিত বহু ঘটনায় হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মিনাবের একটি স্কুলে ১৬৮ জন নিরপরাধ মানুষের নিহত হওয়ার ঘটনাটিও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।