সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:১৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ১৬ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।


বাংলাদেশের দৈনিকের শিরোনাম: 

  • সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১/প্রথম আলো
  • ইত্তেফাকের শিরোনাম প্রধানমন্ত্রী জিএফ সম্মেলনে যোগ দিতে কানাডা পৌঁছেছেন
  • সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলে খালাস, আইনজীবীসহ ৫ জনের দণ্ড:ইত্তেফাকের আরেকটি শিরোনাম
  • ট্যাম্পাকোর অগ্নিকাণ্ডে তিতাসের তদন্ত কমিটি: বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম
  • বিপাকে চামড়া ব্যবসায়ীরা: দৈনিক মানব জমিন 
  • নয়াদিগন্তের শিরোনামে এসেছে, দেশে গণতন্ত্র নেই, অবিলম্বে নির্বাচন দিন : মির্জা ফখরুল 

ভারতের বাংলা দৈনিকের কিছু শিরোনাম:

  • সিঙ্গুরে এখনই জমির দখল সরাসরি চাষিদের হাতে তুলে দিচ্ছে না সরকার: আনন্দবাজার পত্রিকার শিরোনাম
  • ফের গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে।সংবাদ প্রতিদিনের খবর
  • গান্ধীরা এখনও বন্ধুই:‌ অমিতাভ দৈনিক আজকালের শিরোনাম
  • টাটা মেটালিকসের সঙ্গে চুক্তি, পানাগড়ে ভলভোকে ২৫ একর জমি দিলেন মমতা: বর্তমান পত্রিকার শিরোনাম

পাঠক/শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। 


সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

প্রথম আলো এই শিরোনামে জানিয়েছে, কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তির নাম শাহ আলম। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থার হিসাব বিভাগের কর্মকর্তা। 
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে নামিয়ে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে। সাকিব একটি বিজ্ঞাপনের কাজের জন্য সেখানে গিয়েছেন। 
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে জানান, মেঘনা অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার সকালে ঢাকা থেকে লোকজন নিয়ে উখিয়ার একটি হোটেলে নামেন। সকাল সাড়ে ৯টার দিকে চারজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি পুনরায় ঢাকায় ফিরে যাওয়ার সময় ইনানী সৈকতের রেজুখাল সংলগ্ন সৈকতে বিধ্বস্ত হয়। এতে একজন নিহত ও পাইলটসহ অপর চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
কক্সবাজার শহর থেকে অন্তত ৪৫ কিলোমিটার দুরে উখিয়ার ইনানী সৈকতের কাছে রেজুখালের বিপরীতে (পশ্চিমে) ঝাউবাগানের সামনে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। সেটি এখন পুলিশ-বিজিবি সদস্যরা ঘিরে রেখেছে। স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটক সেখানে জড়ো হন। 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি তিনজনের পরিচয় পেয়েছেন। এরা হলেন হেলিকপ্টারের পাইলট শফিকুল ইসলাম। অপর দুজন হলেন নিহত শাহ আলম ও শরিফুল। অবশ্য শরিফুলের পরিচয় তিনি জানাতে পারেননি।

প্রধানমন্ত্রী জিএফ সম্মেলনে যোগ দিতে কানাডা পৌঁছেছেন

দৈনিক ইত্তেফাক এই খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে কানাডা গেছেন। আজ শুক্রবার কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে তিনি যোগদান করবেন। এতে বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়াকে ২০৩০ সালের মধ্যে নির্মূল করা নিয়ে আলোকপাত করা হবে। ১২ দিনের সফরের দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনা ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশে আগামী রবিবার যুক্তরাষ্ট্র যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তাকে স্বাগত জানান। লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে এয়ার কানাডার বিমানে মন্ট্রিলের উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি রাতে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কানাডার কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং অটোয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে মন্ট্রিলের হোটেল ওমনি মন্ট-রয়্যাল-এ নিয়ে যাওয়া হয়। কানাডা সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।


ইত্তেফাকের আরেকটি শিরোনাম: সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলে খালাস, আইনজীবীসহ ৫ জনের দণ্ড।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনার মামলার খালাস পেয়েছেন তার স্ত্রী  ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই আদেশ দেন।
এছাড়া আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
চার আসামি হলেন- সালাউদ্দিন কাদেরের ম্যানেজার মাহবুব হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক হোসেন ও নয়ন আলী, আইনজীবী ফখরুলের সহকারী মেহেদি হাসান। 

বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ট্যাম্পাকোর অগ্নিকাণ্ডে তিতাসের তদন্ত কমিটি। বিস্তারিত খবরে এসেছে, গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গঠিত এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান জানান, বৃহস্পতিবার এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তিতাসের ঢাকা মেট্রো উত্তরের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী রানা আকবর হায়দারীকে প্রধান করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো-৪ এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী বাসু দেব সাহা ও তিতাসের উপ-ব্যবস্থাপক (ভিজিলেন্স বিভাগ) শহীদ হোসাইন সোহাগকে সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার টঙ্গীর ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন মীর মশিউর রহমান।


বিপাকে চামড়া ব্যবসায়ীরা:

দৈনিক মানব জমিন আরও জানিয়েছে,লবণের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে মন্দার মধ্যে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। গত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে কমদামে বিক্রি হয়েছে পশুর চামড়া। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এর আগে কখনও এত কম দামে চামড়া ক্রয় করনেনি বলে জানিয়েছেন তারা। সমপ্রতি চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার এসোসিয়েশন চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। প্রতি বর্গফুট গরুর চামড়ার দর নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৫০ টাকা।


দেশে গণতন্ত্র নেই, অবিলম্বে নির্বাচন দিন : মির্জা ফখরুল

দৈনিক নয়াদিগন্ত এই শিরোনামে লিখেছে: দেশে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যে সরকার আছে তারা নির্বাচিত সরকার নয়। সুতরাং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সুষ্ঠু নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ নির্বাচন হওয়া দরকার। আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচদিনের সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রশ্ন শুধু নির্বাচনের নয়, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার। এখন দেশে কোনো গণতন্ত্র নেই। এই সরকার একটা একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপরে।’ 


শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি এখন।


সিঙ্গুরে এখনই জমির দখল সরাসরি চাষিদের হাতে তুলে দিচ্ছে না সরকার:

আনন্দবাজার পত্রিকা এই শিরোনামে লিখেছে,ক্ষতিপূরণের টাকা মিলেছে, হাতে পরচা এসেছে, প্রকল্প এলাকার ভিতরে কোথাও আল দিয়ে, কোথাও ফিতে ফেলে জমি চিহ্নিত করার কাজও অনেকটাই সারা। শীর্ষ আদালতের রায় ঘোষণার দু’সপ্তাহের মধ্যে এত দূর কাজ এগিয়েও এখনই জমির দখল (ফিজিক্যাল পজেশন) সরাসরি চাষিদের হাতে তুলে দিচ্ছে না রাজ্য সরকার। ভাঙা হচ্ছে না টাটাদের পরিত্যক্ত কারখানার পাঁচিলও। সবটাই থাকবে পুলিশি পাহারায়।
বুধবারই সিঙ্গুরে ‘বিজয় উৎসব’ পালন করে চাষিদের হাতে আনুষ্ঠানিক ভাবে জমির পরচা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, ৯ হাজারের বেশি পরচা তৈরির কাজ শেষ। যার অর্থ, ওই চাষিদের জমির মালিকানা নির্দিষ্ট হয়ে গিয়েছে এবং খাতায়কলমে এখন তাঁরাই ওই জমির মালিক। হুগলি জেলা প্রশাসনও নবান্নের কাছে জানতে চেয়েছে, পরচা হাতে পাওয়া চাষিদের জমির দখল কবে দেওয়া হবে? নবান্ন থেকে এই প্রশ্নের উত্তর মেলেনি। আর নবান্নের অনুমতি না মেলা পর্যন্ত মালিকদের জমির দখলও দিতে চাইছে না জেলা প্রশাসন।
গান্ধীরা এখনও বন্ধুই:‌ অমিতাভের ভাষ্য। দৈনিক আজকাল আরো জানিয়েছে,গান্ধী পরিবারের সঙ্গ সম্পর্ক এখনও অটুট। একটি সাক্ষাৎকারে দাবি অমিতাভ বচ্চনের। আচমকা তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার ফলে সম্পর্কে নাকি কোনও চিড়ই ধরেনি। তাঁর আক্ষেপ একটাই, এলাহাবাদের মানুষকে ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলো রাখতে পারেননি। ১৯৮৪ সালে পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর ডাকে রাজনীতিতে যোগ দেন। ভোটে জিতে এলাহাবাদের সাংসদ হন। কিন্তু ৩ বছরের মাথায় সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তার পরেই গান্ধী আর বচ্চন পরিবারের দূরত্ব বাড়ে। কেন ছেড়েছিলেন রাজনীতি? বিগ বি–র জবাব, ‘রাজনীতিতে আসার সিদ্ধান্তটা আবেগ থেকে নিয়েছিলাম। পরে বুঝলাম রাজনীতিতে আবেগের জায়গা নেই। টানতে পারছিলাম না। তাই ছেড়ে দিলাম’। বিদেশে অভিনেতারা নিজেদের রাজনৈতিক মতামত খোলাখুলি জানান। এদেশে সেরকম রেওয়াজ নেই। কেন? অমিতাভের মতে, বিদেশের দর্শকরা অনেক বেশি সমঝদার। এদেশে তা নয়। প্রিয় অভিনেতার রাজনৈতির মতামত ভিন্ন হলে তা মানতে পারেন না ভক্তরা। 
 

ফের গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে

সংবাদ প্রতিদিনের এই খবরে এসেছে, ফের ধর্ষণ রাজধানীর বুকে৷ এবার গণধর্ষণের শিকার হলেন এক তরুণী ও এক নাবালিকা৷ অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ একজন পলাতক৷ দিল্লির আমন বিহারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
পুলিশ সূত্রের খবর গত বুধবার সন্ধেয় দুই তরুণী তাঁদের প্রেমিকের সঙ্গে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এনডিপিএল-এর মাঠে একটি গাছের নিচে বসে ছিলেন৷ তখনই পাঁচজন যুবক তাঁদের দিকে এগিয়ে আসে৷ নিজেদের সেখানকার নিরাপত্তারক্ষী বলে পরিচয় দেয় তারা৷ ওই দুই জুটি প্রকাশ্যে আপত্তিকর অবস্থায় রয়েছে, এমন দাবি করে চারজনকে মারধর শুরু করে৷ মেয়েদের গায়ে হাত তোলার প্রতিবাদ করায় দুই প্রেমিককে বেঁধে রেখে তারা ওই নাবালিকা ও তরুণীকে ঝোপের আড়ালে নিয়ে যায়৷ অভিযোগ, সেখানেই দুজনকে গণধর্ষণ করে ওই পাঁচ যুবক৷ বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেয় তারা৷
১৭ ও ১৮ বছরের দুই তরুণী জানিয়েছেন, পুলিশকে ঘটনার কথা জানালে পরিনতি ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয় তাঁদের৷ তবে সাহস করে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়৷ তাঁদের মেডিকাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়েছে৷ ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করে পুলিশ৷ একজনের খোঁজ চালানো হচ্ছে৷


টাটা মেটালিকসের সঙ্গে চুক্তি, পানাগড়ে ভলভোকে ২৫ একর জমি দিলেন মমতা :

বর্তমান পত্রিকা এই শিরোনামে জানিয়েছে,সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সাইরাজ মিস্ত্রির অন্যতম সংস্থা টাটা মেটালিকসের সঙ্গে রাজ্যের বেকার-যুবতীদের ‘দক্ষতা উন্নয়নে’র লক্ষ্যে গাঁটছড়া বাঁধল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের সঙ্গে ‘মউ’ চুক্তি স্বাক্ষর করলেন টাটা মেটালিকসের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পাল।


পার্সটুডে/নাসির মাহমুদ/১৬