হাসিনা সরে গেলে বিএনপি নির্বাচনে অংশ নেবে: দুদু
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ- ইত্তেফাক
আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি-দুদু- যুগান্তর
বাংলাদেশ ব্যাংকে শতকোটি টাকার অলস তহবিল-সমকাল
সরকার থেকে দলকে আলাদা করার প্রয়াস চলেছে: কাদের- প্রথম আলো
প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপ হবে- ওবায়দুল কাদের মানবজমিন
জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী : ২০ দলীয় জোট- নয়া দিগন্ত
খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৭ নভেম্বর- কালের কণ্ঠ
প্রায় দুই ডজন নেতার ভাগ্য বিপর্যয় - যায় যায় দিন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
পাকিস্তানের সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় নয়, জানাল বিএসএফ - সংবাদ প্রতিদিন
সীমান্তে ফের তীব্র গোলাগুলি-দৈনিক গণশক্তি
৪ পাক সেনা ঘাঁটি ওড়াল ভারত - আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপ হবে-ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিনের এ খবরে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যখন প্রয়োজন মনে করা হবে, তখন বিএনপির সঙ্গে সংলাপের আয়োজন হবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে তবে সেটা এখনই নয়। এর আগে সরকারের পক্ষ থেকে নেওয়া সংলাপের উদ্যোগের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপির অনীহার কারণে সংলাপ হয়নি। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। কিন্তু তিনি ওই আহ্বানে সাড়া না দিয়ে বরং দুর্ব্যবহার করেছেন।
ওবায়দুল কাদেরের আরেকটি বক্তব্য ছাপা হয়েছে-দৈনিক প্রথম আলোয়। শিরোনামটি এরকম-সরকার থেকে দলকে আলাদা করার প্রয়াস চলেছে: কাদের
সরকার থেকে দলকে আলাদা করার একটা জোর প্রয়াস চলেছে। তাই এবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে মন্ত্রীদের রাখা হয়নি।
আজ রোববার দুপুর ১২টায় সচিবালয়ে সাংবাদিক ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে নিজে দলের পদ ও মন্ত্রিত্ব দুটিই ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দৈনিক কালের কণ্ঠের শিরোনাম-খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৭ নভেম্বর
ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ-দৈনিক ইত্তেফাকের খবর
উচ্চ আদালতে বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সঙ্গে ২০১০ সাল থেকে পূর্বের বিভিন্ন বছরের মামলা তালিকা করে তা নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে পাঠানো হচ্ছে।
এসব মামলার অনেকগুলো ২০-২৫ বছর ধরে হাইকোর্টের বিভিন্ন শাখায় পড়ে আছে।
বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুরোনো মামলা তালিকা করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়।
আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি-শামসুজ্জামান দুদু-
যুগান্তরে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে জিয়া পরিষদ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে।
তিনি বলেন, 'আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যাই বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।'
এসময় আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলারও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
আ. লীগে নারী নেতৃত্ব বেড়েছে ৭ শতাংশ, বিএনপিতে ১-প্রথম আলো
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নারী নেতৃত্ব বেড়েছে প্রায় ৭ শতাংশ। আর ক্ষমতাসীন দলটির রাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নারী প্রতিনিধিত্ব বেড়েছে মাত্র এক শতাংশ। ৮১ সদস্যের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২০ দশমিক ২৭ শতাংশ অর্থাৎ ১৫ জন নারী রয়েছেন। অন্যদিকে ৫০২ সদস্যের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নারী আছেন ১২ দশমিক ৮০ শতাংশ অর্থাৎ ৬৪ জন।
ইত্তেফাকের খবর-লোক দেখানো সার্চ কমিটি করে লাভ নেই: এ টি এম হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, লোক দেখানো সার্চ কমিটি করে লাভ নেই। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। তাই ভালো কিছু করার ইচ্ছা থাকলে এখনই কাজ শুরু করতে হবে। সংবিধানে ইসি নিয়োগে আইন করার কথা থাকলেও কোনো রাজনৈতিক দলই নিজেদের জন্য বিষয়টা সুবিধাজনক মনে করে না। তাই এখনো আইনটি হয়নি।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০-বাংলাদেশ প্রতিদিন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এতে ২০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টায় পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে ৪ হাজার ২৩৪ পিছ ইয়াবা, ৭৬ গ্রাম হেরোইন, দেড় কেজি গাঁজা, ৫০ পিছ ইনজেকশন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী : ২০ দলীয় জোট-নয়া দিগন্ত/বংলাদেশ প্রতিদিন
জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে এই নির্বাচনে বিশ দল অংশ নেবে কি নেবে না তা জোটের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়েছে। আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব জানান ২০ দলের সমন্বয়ক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাদের ঘোষিত এ পদ্ধতি সংবিধানের মূলনীতির পরিপন্থি।
বাংলাদেশ ব্যাংকে শতকোটি টাকার অলস তহবিল-সমকাল
নতুন উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক গঠিত শতকোটি টাকার তহবিল অকেজো পড়ে আছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পে সহায়তার জন্য ২০১৪ সালে এ তহবিল গঠন করা হয়। তবে যোগ্য উদ্যোক্তার অভাবে এখান থেকে এখন পর্যন্ত এক টাকাও বিতরণ করা যায়নি।
প্রায় দুই ডজন নেতার ভাগ্য বিপর্যয়-যায় যায় দিন
আওয়ামী লীগের প্রায় দুই ডজন নেতার ভাগ্য বিপর্যয় হয়েছে। বিতর্কিত ভূমিকা, শারীরিক অক্ষমতা এবং পদ-পদবি পেয়েও দলীয় কর্মকা-ে সক্রিয় না থাকার কারণে এবার কেন্দ্রীয় কমিটিতে তাদের জায়গা হয়নি। পাশাপাশি উঠতি বয়সী নেতাদের সুযোগ দেয়া এবং দল ও সরকারকে যতটা সম্ভব আলাদা করার বিষয়টিও এতে প্রভাব ফেলেছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাকিস্তানের সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় নয়, জানাল বিএসএফ-দৈনিক সংবাদ প্রতিদিন
একদিকে গুলির লড়াই, অন্যদিকে মিষ্টি বিনিময় যে একসঙ্গে চলতে পারে না, দ্বিধাহীনভাবে তা জানিয়ে দিল ভারতীয় সেনা৷ পাকিস্তানের সঙ্গে কোনওরকম শুভেচ্ছা বিনিময় করতে নারাজ জওয়ানরা৷
ওয়াঘা সীমান্তে এই মিষ্টি বিনিময় দুই দেশের সৌভাতৃত্ব বজায় রাখার প্রথা৷ স্বাধীনতা দিবস, দিওযালির মতো উপলক্ষ্যে তা করা হয়ে থাকে৷ কিন্তু মাঝে মধ্যেই সন্ত্রাস সমস্যা থাবা বসায় এই শুভেচ্ছায়৷ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বেশি করে জাগিয়ে তোলে সম্পর্কের কাঁটাতার৷ ঠিক যেমন এবারও৷ দুই দেশ সরকারিভাবে যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধের খেকে কম কিছু হচ্ছে না সীমান্তে৷
৪ পাক সেনা ঘাঁটি ওড়াল ভারত-আজকাল
দীপাবলিতে পাকিস্তানকে যোগ্য জবাব। তাদের চারটি সেনা ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা। শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে আর এস পুরা, সাম্বা এবং হীরানগর সেক্টরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে গোলা গুলি চলাকালীন, কেরান সেক্টরে পাক সেনার চারটি ঘাঁটি উড়িয়ে দেয় জওয়ানরা। তাতে প্রায় ২০ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর।
সীমান্তে ফের তীব্র গোলাগুলি-দৈনিক গণশক্তি
সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অল্প ব্যবধানে দুই ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটে গেলো। দুটিই ঘটেছে নিয়ন্ত্রণরেখার কাছে মাচ্ছিল সেক্টরে। শুক্রবার রাতে সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ান নীতীন সুভাষ দূরপাল্লার কামান চালানোর সময়ে দুর্ঘটনাতে জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। এই জওয়ানের মৃত্যুর ঘটনা নিয়ে প্রথমে জানানো হয়েছিল শনিবার সকালে পাকিস্তানী সেনাদের ছোঁড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। পরে বি এস এফ বিবরণ সংশোধন করে।
মাচ্ছিলেই শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখার কাছে সন্ত্রাসবাদী আক্রমণে এক জওয়ানের মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০