পাকুন্দিয়ায় ইউএনও’র নেতৃত্বে জাল ভোটের অভিযোগ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
শিশু আইনের অসঙ্গতি: ৩ সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল- ইত্তেফাক
৬৮ বছরে প্রথম ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটবাসী-যুগান্তর
প্রকাশক দীপন হত্যা ও টুটুলের ওপর হামলার ১ বছর-সমকাল
ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদককে বহিষ্কার- প্রথম আলো
পাকুন্দিয়ায় ইউএনও’র নেতৃত্বে জাল ভোট-মানবজমিন
ভোট কেন্দ্র দখলের মহোৎসব চলছে : রিজভী- নয়া দিগন্ত
সীমান্তে চোরাচালানের গডফাদাররা অধরা- যায় যায় দিন
ভারতের শিরোনাম:
মধ্য কার্তিকেও শীতের দেখা নেই, বাড়ছে অসুখের দাপট- সংবাদ প্রতিদিন
ভোপাল জেল থেকে পলাতক ৮ সিমি জঙ্গি নিকেশ- আজকাল
উন্নত প্রযুক্তির ব্যবহারে পাচার হত সংসদের নথি-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদককে বহিষ্কার-প্রথম আলের শিরোনাম।
বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। আজ সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ওই ঘটনার সময় সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত এল।
দেলোয়ার হোসেন শাহাজাদা বলেন, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
৬৮ বছরে প্রথম ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটবাসী-দৈনিক যুগান্তরের শিরোনাম
খবরে বলা হয়েছে, কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ছিটমহলবাসীসহ সংযুক্ত ৬টি ইউনিয়নে ভোটাররা ভোট প্রদান করেছে।
দীর্ঘ ৬৮বছর পর জীবনে প্রথম ভোট দিতে পারছেন কুড়িগ্রামের দাছিয়ারছড়াসহ বিলুপ্ত ১১টি ছিটমহলের ৩ হাজার ২০৭ জন সাবেক ছিটবাসী। এ নিয়ে তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম: ঢাবির 'ঘ' ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৯.৮৩%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৩ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭ হাজার ৫৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯.৮৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন।
ইত্তেফাকের খবর: শিশু আইনের অসঙ্গতি: ৩ সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল
শিশু আইনের অসঙ্গতি দূরীকরণের বিষয়ে যথা সময়ে আদালতে ব্যাখ্যা দাখিল না করায় সরকারের তিন সচিবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে তিন সচিবকে জবাব দিতে বলা হয়েছে।
সরকারের তিন সচিব হলেন- আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, একই মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও জাস্টিস উইংয়ের সচিব মো. শহিদুল হক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
দুদকে অভিযোগ বেশি, অনুসন্ধান কম-প্রথম আলোর শিরোনাম
খবরে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসা প্রায় ৯৩ শতাংশ অভিযোগ চলে যাচ্ছে বাতিলের খাতায়। অনুসন্ধানের জন্য নেওয়া হচ্ছে ৭ শতাংশ অভিযোগ।
তবে সংস্থাটি বলছে, অধিকাংশ অভিযোগই তফসিলবহির্ভূত হওয়ার কারণে অনুসন্ধানের জন্য নেওয়া হচ্ছে না। এ ছাড়া অনেক ক্ষেত্রেই ঢালাও ও তুচ্ছ অভিযোগ থাকে। কমিশন সতর্কভাবে যাচাই-বাছাই করে নতুন অভিযোগ নিচ্ছে। সে কারণেই অনুসন্ধানের জন্য কম অভিযোগ নেওয়া হচ্ছে।
প্রকাশক দীপন হত্যা ও টুটুলের ওপর হামলার ১ বছর-সমকাল
প্রকাশক দীপন হত্যা ও টুটুলের ওপর হামলার এক বছর পূর্ণ হচ্ছে আজ। দীপন হত্যার ঘটনায় আবদুস সবুর ওরফে রাজু ও মইনুল হাসান ওরফে শামীম ওরফে সিফাত নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। টুটুলের ওপর হামলার ঘটনায় সুমন হোসেন পাটোয়ারী ও রশিদ উন নবী ভূঁইয়া টিপু নামে দু'জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সবুর ও হাসানও টুটুলের ওপর হামলা পরিকল্পনায় সম্পৃক্ত ছিল। এদিকে প্রকাশকদের ওপর হামলার ঘটনায় মুকুল রানা নামে একজন পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। তবে দুই প্রকাশকের ওপর হামলার পরিকল্পনা ও মাঠ পর্যায়ে জড়িত অধিকাংশকে এখনও ধরা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, জিয়াসহ এবিটির শূরা বোর্ডের অন্য সদস্যদের গ্রেফতার করা গেলে নিষিদ্ধ এ সংগঠন সম্পর্কে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।
পাকুন্দিয়ায় ইউএনও’র নেতৃত্বে জাল ভোট-মানবজমিন
এবার ভোটকেন্দ্রে জালভোটের নেতৃত্ব দিলেন কেন্দ্রের দায়িত্বে থাকা খোদ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট দিতে না পেরে দলে দলে ভোটকেন্দ্র থেকে ফেরত যাচ্ছিলেন ভোটারেরা। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেও মিলছিল না কোন প্রতিকার। প্রিসাইডিং অফিসারের কক্ষে প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ উল্টো ধমক দিচ্ছিলেন তাদের। পাশে বসা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনও ছিলেন নির্বিকার।
ভোট কেন্দ্র দখলের মহোৎসব চলছে : রিজভী-নয়া দিগন্ত
স্থগিত হওয়া ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট খাটো চুরি ডাকাতি নয়, বরং ব্যাপকভাবে
চরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ ৩১ অক্টোবর সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, দেশব্যাপী অনুষ্ঠিত আজকের নির্বাচনে দলীয় প্রার্থীদের মারধর, অগ্নিসংযোগ, ও লুটপাটের ঘটনা ঘটছে। সশস্ত্র আওয়ামী ক্যাডররা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়ে তাদের পূর্বের ন্যায় বর্বর আচরণ ও পাশবিক তান্ডব অব্যহত গতিতে চালিয়ে যাচ্ছে।
সীমান্তে চোরাচালানের গডফাদাররা অধরা-যায় যায় দিন
দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার-সংক্রান্ত মামলার তদন্ত হয়, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। তদন্তের দুর্বলতার কারণে অধিকাংশ সময় তাদের নাম পর্যন্ত প্রকাশ পায় না। তাই সীমান্ত এলাকার চোরাচালান ও পাচার-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। বিজিবি চোরাচালানের মাস্টারমাইন্ডদের ব্যাপারে পুলিশকে তথ্য দেয়ার পরও রহস্যজনক কারণে তারা গ্রেপ্তার হয় না।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
উন্নত প্রযুক্তির ব্যবহারে পাচার হত সংসদের নথি-বর্তমান
দু’দশক। চার জন এমপি। সংসদের অন্দরে ফারহাত আখতারের জাল কতদূর ছড়িয়েছিল, তার শিকড় পর্যন্ত পৌঁছানোটাই এখন মোদি সরকারের প্রধান মাথাব্যথা। ব্যক্তিগত সচিব হিসাবে বিভিন্ন কমিটির রিপোর্ট এবং মন্ত্রকের গোপন নথির নাগাল পাওয়া তার কাছে খুব কঠিন কিছু ছিল না। আর নথির গুরুত্ব অনুযায়ী স্থির হত দাম। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ঝুলি নিয়েই বসে রয়েছে। ১০ হাজার থেকে ১ লক্ষ। কমিটির রিপোর্টের রেট এর মধ্যেই ঘোরাফেরা করত। মন্ত্রকের রিপোর্ট হলে তিনটির বদলে মিলত ২ লক্ষ টাকা। তার উপর আইএসআই এজেন্ট মেহমুদ আখতার এবং তার ভারতীয় সঙ্গী শোয়েবের থেকে দিল্লি পুলিশের হাতে যে সব তথ্য এসেছে, তা কপালের ভাঁজ বাড়ানোর পক্ষে যথেষ্ট। সরকারি কম্পিউটার থেকে নিমেষে তথ্য বের করে আনার জন্য পাক চরেরা ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তির ইউএসবি ডিভাইস। যা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা মাত্রই যাবতীয় নথি চলে আসে ব্যবহারকারীর দখলে। এভাবে বছরের পর বছর তথ্য হাতিয়েছে গুপ্তচরেরা। যা দিনের শেষে চলে গিয়েছে আইএসআইয়ের হাতে। কোন কোন মন্ত্রক থেকে কী তথ্য ফাঁস হয়ে গিয়েছে, তা খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই ডিসিপি ভীষ্ম সিং এসিপি সঞ্জয় শেরাওয়াতকে দায়িত্ব দেয়া হয়েছে।
ভোপাল জেল থেকে পলাতক ৮ সিমি জঙ্গি নিকেশ-আজকাল
এক রক্ষীকে হত্যা করে ভোপালের কেন্দ্রীয় কারাগার থেকে পালাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি–র ৮ বন্দী। কিন্তু বেশি দূর যেতে পারল না। জেল থেকে ১০–১২ কিলোমিটার দূরে আচারপুরা গ্রামে পুলিস তাদের ঘিরে ফেলে। এবং গোলাগুলিতে নিকেশ করে ৮ জনকেই। রবিবার রাতে এই বন্দীরা বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে ভোপালের সুরক্ষিত সেন্ট্রাল জেলের দেয়াল টপকে পালিয়া যায়। পালানোর আগে ইস্পাতের পাত এবং ভাঙা কাচের টুকরো দিয়ে তারা গলা কেটে খুন করে কনস্টেবল রাম শঙ্করকে। জেল পালানোর চাঞ্চল্যকর ঘটনায় দেশ জুড়েই তোলপাড় শুরু হয়ে যায়।
ওষুধের থেকে বেশি টাকার মদ কেনে গ্রামের মানুষ!-আজকাল
গলা ভিজিয়ে দিশি মদ খেয়ে আনন্দ করতে গ্রামীণ ভারতের জুড়ি মেলা ভার। স্বাস্থ্য বিপন্ন হোক, ক্ষতি নেই। মাদকতা চাই। আর তাই স্বাস্থ্যখাতে মাসিক খরচের থেকে দিশি মদে বেশি খরচ করেন গ্রামের মানুষ। সমীক্ষায় দেখা যাচ্ছে, গড়পড়তা গ্রামবাসী মাসে যেখানে মদের পিছনে খরচ করেছে ১৪০ টাকা। সেখানে স্বাস্থ্যখাতে খরচ মাত্র ৫৬ টাকা। আর তামাক জাতীয় পণ্যের পিছনে খরচটা একটু বেশী, মাসে ১৯৬ টাকা। সমীক্ষায় আরও প্রকাশিত হয়েছে, গ্রাম ভারতের ভোগ্যপণ্যের চালচিত্র বদলাচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১