নভেম্বর ০১, ২০১৬ ১৩:৫৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ নভেম্বর মঙ্গলবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

৫৩ লাখ অনগ্রসর লোক ভাতা পাচ্ছেন- ইত্তেফাক
প্রধান বিচারপতির বক্তব্যে আইনমন্ত্রীর দ্বিমত-যুগান্তর
গণতান্ত্রিক আন্দোলনে ছাড় নয়: মির্জা ফখরুল-সমকাল 
৩০ মিনিট আগে পরীক্ষা হলে এসেছে পরীক্ষার্থীরা: নাহিদ- প্রথম আলো
দুই অস্ত্রধারীর বিরুদ্ধে পুলিশের মামলা-মানবজমিন
৭ নভেম্বর আ'লীগের পুনর্জন্ম হয়েছে : রিজভী- নয়া দিগন্ত
কিশোরী ও তরুণীদের ওপর সহিংসতার ধরন পাল্টেছে- যায় যায় দিন

ভারতের শিরোনাম:

বাড়ি খুঁজতে বেরিয়ে স্বামীর সামনেই গণধর্ষিতা স্ত্রী - সংবাদ প্রতিদিন
ভুয়ো সংঘর্ষের অভিযোগ ভোপালে -দৈনিক গণশক্তি
রাজ্য-কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ১৭ হাজার কোটি টাকার -বোঝা বহনের ক্ষমতা নেই -বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

দুই অস্ত্রধারীর বিরুদ্ধে পুলিশের মামলা-মানবজমিন

 

রাজধানীর গুলিস্তানের ফুটপাতে হকারদের উচ্ছেদের সময় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনায় দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। হকারদের দোকান ভাংচুর ও টাকা লুটের ঘটনায় হকারদের পক্ষ থেকে গতকাল হকারদের পক্ষ থেকেও পল্টন থানায় একটি মামলা হয়। তবে সেখানে অস্ত্র নিয়ে মহড়া দেয়া ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানকে আসামি করা হয়নি। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, পুলিশের মামলায় ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে এই মামলায়।

১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন সময়ের দাবি-দ্বৈত শাসনের অবসান চান প্রধান বিচারপতি: যায় যায় দিন

এস কে সিনহা

 

অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলির ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে না থাকায় 'দ্বৈত শাসন' সৃষ্টি হচ্ছে জানিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করে ১৯৭২ এর সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ফেরাতে বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। প্রধান বিচারপতি বলেন, দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্যপদে সময়মতো বিচারক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এতে বিচারকাজে বিঘ্ন ঘটছে এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যাচ্ছে।

এ সম্পর্কে যুগান্তরের একটি খবরের শিরোনাম: প্রধান বিচারপতির বক্তব্যে আইনমন্ত্রীর দ্বিমত।

বিচার বিভাগের বিভিন্ন কাজে ধীরগতির জন্য ‘দ্বৈত শাসন’ বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমি মাননীয় প্রধান বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা করি। তার বক্তব্যটি আমি পড়েছি। আমি শ্রদ্ধার সঙ্গে দ্বিমত পোষণ করছি।’ 
  
৫৩ লাখ অনগ্রসর লোক ভাতা পাচ্ছেন-ইত্তেফাক

অনগ্রসর শ্রেণি

 

সরকার বয়স্ক, দুস্থ, অস্বচ্ছল, অক্ষম ও দেশের অন্যান্য শ্রেণির লোকদের সহায়তায় প্রায় ৫৩ লাখ পিছিয়ে পড়া লোককে ভাতা কর্মসূচির আওতায় এনেছে। সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান সোমবার বাসসকে বলেন, সারাদেশের বয়স্ক, দুস্থ, অস্বচ্ছল, অক্ষম, চা বাগান শ্রমিক ও অন্যান্য শ্রেণির লোকেরা এই ভাতা পাচ্ছে।
তিনি বলেন, দেশে অস্বচ্ছল ও অক্ষম লোকদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য দেশের এই ভাতাপ্রাপ্ত লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই কর্মসূচিও বিস্তৃত হচ্ছে।
জিল্লুর রহমান বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে এবং অতিদারিদ্র্য লোকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গোটা দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

৩০ মিনিট আগে পরীক্ষা হলে এসেছে পরীক্ষার্থীরা: নাহিদ-প্রথম আলো

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

 

গত দুই বছরের মতো এবারও পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশ করেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।পরীক্ষা দেখতে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই খুশি। তারা বলেছে, প্রশ্ন ভালো হয়েছে। উত্তর দিতে পারবে। এবার আমরা ৩০ মিনিট আগে পরীক্ষা হলে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম। বেশির ভাগই তাতে সাড়া দিয়েছে।সারা দেশে আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় এই দুই পরীক্ষা শুরু হয়। এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এই দুই পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এবারে পরীক্ষায় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন জেএসসি এবং ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন জেডিসি পরীক্ষার্থী। বিদেশের আটটি কেন্দ্র থেকে ৬৮১ জনের পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম: সর্বোচ্চ কর দাতাদের ট্যাক্স কার্ডের সংখ্যা ১২৫ হচ্ছে

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক

 

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০-(সংশোধিত)-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দাতাদের দেওয়া ট্যাক্স কার্ডের সংখ্যা ২০ থেকে ১২৫ করা হয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৬৪টি, প্রতিষ্ঠান পর্যায়ে ৫০টি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১ জনকে এই কার্ড দেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

৭ নভেম্বর আ'লীগের পুনর্জন্ম হয়েছে : রিজভী-নয়া দিগন্ত

রুহুল কবির রিজভী

 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস পালন কর‌তে দেয়া হ‌বে না। এটা হা‌নি‌ফের নিজস্ব বক্তব্য। এটা সরকা‌রের বক্তব্য নয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী । সেইসাথে ব্রাহ্মনবাড়িয়াতে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কাযাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।‌ রিজভী ব‌লেন, ৭ ন‌ভেম্বর স্বাধীনতা সুরক্ষা ও আওয়ামী লী‌গের পুনজন্ম হ‌য়ে‌ছে। এ দিন আওয়ামী লী‌গের একদলীয় শাসনতন্ত্র থে‌কে বহুদলীয় শাসন ব্যবস্থা শুরু হ‌য়ে‌ছিল। এ রকম একটা দিন নি‌য়ে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নি‌ফের বক্তব্য অনাকা‌ঙ্খিত।‌

কিশোরী ও তরুণীদের ওপর সহিংসতার ধরন পাল্টেছে-যায় যায় দিন 

কিশোরী ও তরুণীদের ওপর সহিংসতার ধরন পাল্টে গেছে

 

কিশোরী ও তরুণীদের ওপর সহিংসতার ধরন পাল্টে গেছে। তবে অপরাধীদের নিষ্ঠুরতা আগের মতোই ভয়াবহ রয়ে গেছে।সংশ্লিষ্টরা বলছেন, আগে ইভ টিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করার ক্ষেত্রে ধরনটা ছিল প্রাথমিক অবস্থায় ভয় দেখানো, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খারাপ ইঙ্গিত দেয়া। কোনো কোনো ক্ষেত্রে ছিল মেয়েদের চুলের আগা বা বেণির আগা কেটে নেয়া বা ওড়না ধরে টান দেয়া। সর্বশেষ ছিল এসিড নিক্ষেপ যা এখনো আছে। বর্তমানে ছুরি বা চাপাতি দিয়ে হামলার মতো ঘটনা ঘটছে।
বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ৩৭৪টি। এর মধ্যে ৪৯টি হত্যা, ১৩টি হত্যার চেষ্টা, ৩২টি উত্ত্যক্তের ঘটনা, উত্ত্যক্তের কারণে তিনটি আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্য।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বাড়ি খুঁজতে বেরিয়ে স্বামীর সামনেই গণধর্ষিতা স্ত্রী -বর্তমান

মুম্বইতে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হলেন এক মহিলা৷ ঘটনায় আট অভিযুক্তর সাতজনকেই গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, সোমবার রাতে যুবতী এবং তাঁর স্বামী আম্বলিতে ভাড়া বাড়ির সন্ধানে গিয়েছিলেন৷ বাড়ি খোঁজার কাজে তাঁদের সাহায্য করছিলেন একজন মহিলা ‘ব্রোকার’৷ বাড়ি খুঁজতে রাত হওয়ায় তাঁরা ওই রাতে মহিলার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন৷ কিন্তু তাঁদের এই সিদ্ধান্তই বিপদ ডেকে আনে৷ অভিযোগ, গভীর রাতে ওই বাড়িতে আটজন যুবক প্রবেশ করে এবং স্বামীর সামনেই ওই যুবতীকে ধর্ষণ করে৷ 

রাজ্য-কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ১৭ হাজার কোটি টাকার -বোঝা বহনের ক্ষমতা নেই, বলছে নবান্ন- বর্তমান

কেন্দ্রীয় সরকারের কর্মীদের তুলনায় রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ’র বকেয়ার পরিমাণ হল ৫৬ শতাংশ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের এক শতাংশ ডিএ দিতে হলে প্রতি মাসে খরচ হবে ২৫ কোটি টাকা। আর সেখানে ৫৬ শতাংশ ডিএ যদি রাজ্য সরকার দিতে চায়, তাহলে প্রতি মাসে অতিরিক্ত খরচ হবে ১৪০০ কোটি টাকা। আর এক বছরে খরচ হবে ১৬ হাজার ৮০০ কোটি টাকা। বকেয়া ৫৬ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হলে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকার ব্যয়ভার বহন করার ক্ষমতা এই মুহূর্তে নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নবান্নের শীর্ষকর্তারা।

ভুয়ো সংঘর্ষের অভিযোগ ভোপালে-গণশক্তি

ভোপালে কারাগার থেকে পালানো বন্দি হত্যা

 

ভোপালের কেন্দ্রীয় কারাগার থেকে ‘পালিয়ে যাওয়া’ আট বন্দিকে কয়েক ঘণ্টা পরে ‘সংঘর্ষে’ হত্যা করার ঘটনায় জোরালো বিতর্ক তৈরি হয়েছে। এই আট বন্দিই নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র কর্মী। ‘সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত’ বলে অভিযুক্ত এই আটজন বিচারাধীন বন্দি ছিল। সরকারি ভাষ্য অনুযায়ী রবিবার-সোমবার মধ্যরাতে তারা জেলের মধ্যে এক রক্ষীকে খুন করে পালায়। প্রায় দশ ঘণ্টা পরে তাদের ভোপাল থেকে কিছু দূরে ঘিরে ফেলে পুলিশ ও রাজ্যের বিশেষ সন্ত্রাস-মোকাবিলা দল। বন্দিরা গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালালে আটজনই মারা যায়। কিন্তু একে পুলিশের ভাষ্যে বিস্তর অসঙ্গতি, উপরন্তু কোনো কোনো টেলিভিশন চ্যানেল এবং ওয়েবসাইটে প্রচারিত ভিডিও থেকে সন্দেহ দেখা দিয়েছে এই ‘সংঘর্ষ’ ভুয়ো, সাজানো। দাবি উঠেছে বিচারবিভাগীয় তদন্তের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১