নভেম্বর ০২, ২০১৬ ১৫:৩০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

তারেকের স্ত্রীর মামলা শুনতে বিব্রত হাইকোর্ট- ইত্তেফাক
সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারীর তালিকায় আনসারুল্লাহ-যুগান্তর
ঢাকায় ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা -সমকাল 
সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড- প্রথম আলো
শিক্ষক নিয়োগে অনিয়ম-ঢাবিতে ৪ পদের বিপরীতে নিয়োগ ৯ জন -মানবজমিন
এডিবি আগামী ৫ বছরে  ৮ হাজার কোটি ডলার ঋণ দেবে - নয়া দিগন্ত
মন্দিরে হামলার ঘটনায় নাসিরনগরের ওসি প্রত্যাহার -কালের কণ্ঠ
৭ নভেম্বর ঘিরে উত্তেজনা-রাজনীতিতে ফের সংঘাত সহিংসতার আশঙ্কা - যায় যায় দিন
বিদেশে গিয়ে অনেক নারী যা করতে বাধ্য হচ্ছেন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

ভোপাল এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়, সরব মুখ্যমন্ত্রী - সংবাদ প্রতিদিন
পানীয় জলে মারাত্মক বিষ,পরীক্ষা শিকেয়-গণশক্তি
পাক ঘাঁটি ধ্বংসের ভিডিও প্রকাশ-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

সংসদ সদস্য বদির তিন বছরের কারাদণ্ড-প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের খবর।

আবদুর রহমান বদি

 

সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার আজ বুধবার এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বদি।

জঙ্গিবাদ কাউকে বেহেশতে নেবে না :প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামে মানুষ খুন করার কোনো অধিকার দেওয়া নেই। সুতরাং মাদকাসক্ত, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। এসব কাউকে বেহেশতে কিংবা স্বর্গে নিয়ে যাবে না, হুর-পরীও দেবে না। মানুষ হত্যা ও ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীর জায়গা হবে নরকে। জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে দূরে থেকে নিজস্ব মেধা ও মননকে কাজে লাগিয়ে ব্যক্তি এবং পরিবারিক জীবনকে সুন্দর করার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম: তারেকের স্ত্রীর মামলা শুনতে বিব্রত হাইকোর্ট

ডা. জোবায়দা রহমান

 

সম্পদের তথ্য গোপনের মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশনে বেঞ্চ এই বিব্রতবোধের ঘটনা ঘটে। 
পরে জোবায়দা রহমানের আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হয়। প্রধান চিারপতির এস কে সেনহা এখন যে বেঞ্চ নির্ধারণ করে দেবেন ঐ বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির-ইত্তেফাক/প্রথম আলো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। আশা করছি অনুমতি পাবো। গণতান্ত্রিক অধিকারকে সরকার বাধা দেবে না।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা জেলা বিএনপির নেতাদের সঙ্গে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। ফখরুলের অভিযোগ, সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাদের ভাষা স্বৈরাচারী। এক দলীয় মনোভাব। আমরা সংঘাত সৃষ্টি করতে চাই না। আমরা আশা করি তারা (আওয়ামী লীগ) সেখান থেকে সরে আসবে। আমাদেরকে সমাবেশের অনুমতি দেবে।

৭ নভেম্বর ঘিরে উত্তেজনা-রাজনীতিতে ফের সংঘাত সহিংসতার আশঙ্কা-যায় যায় দিন

আগামী ৭ নভেম্বর বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড়োসড়ো সমাবেশ করতে চায়। কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা এদিনে বিএনপির যে কোনো কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে

সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারীর তালিকায় আনসারুল্লাহ-যুগান্তর

সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) সাংবাদিকদের স্বাধীনতা হরণকারী ৩৫ প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা, জঙ্গি ও অপরাধ সংগঠনের তালিকা প্রকাশ করেছে।
আরএসএফের এই তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশী সংগঠন হিসেবে আনসারল্লাহ বাংলা টিম (এবিটি) জায়গা পেয়েছে।

যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম: দুর্নীতি করলে প্রভাবশালীও ছাড় পাবে না : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করলে কোনো প্রভাশালীও ছাড় পাবে না। 
দুদকের দায়ের করা এক মামলায় বুধবার সরকার দলীয় এমপি আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। 
রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করে এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে একে একে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

মন্দিরে হামলার ঘটনায় নাসিরনগরের ওসি প্রত্যাহার-কালের কণ্ঠ

মন্দিরে ভাঙচুর

 

মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রশাসনিক কারণে বুধবার দুপুরে ওসি আবদুল কাদেরকে প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয়েছে।  রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত  ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

শিক্ষক নিয়োগে অনিয়ম ঢাবিতে ৪ পদের বিপরীতে নিয়োগ ৯ জন-মানবজমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের  অভিযোগ উঠেছে। এ বিভাগে ৪টি পদের বিপরীতে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হয়েছে ৯জনকে। এদের মধ্যে ৩ জন মার্স্টাসই পাশ করেননি। যদিও বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী চাওয়া হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শূন্য পদে এদের নিয়োগ দেয়া হয়। এদিকে বিজ্ঞপ্তির বিষয় পত্রিকা দেখে জেনেছেন বলে জানান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম নুরুল আমিন। তিনি বলেন, বিভাগের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

এডিবি আগামী ৫ বছরে  ৮ হাজার কোটি ডলার ঋণ দেবে-নয়া দিগন্ত

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৮ হাজার কোটি ডলার ঋণ সহায়তা দেবে। বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ কৌশলের অংশ হিসেবে এই ঋন সহায়তা বলে জানান সংস্থার বাংলাদেস্থ কান্ট্রি ডিরেক্টর।
আজ বুধবার সকালে পরিকল্পনা কমিশনস্থ এনইসি সম্মেলন কক্ষে পাঁচ বছরের কৌশলপত্র প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ঢাকায় ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা-সমকাল
মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে বুধবার সকাল থেকে ঢাকায় দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ঐক্য ফোরাম ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতিসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন কর্মবিরতিতে অংশ নিয়েছে।

বুধবার সকালে মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে দোকান বন্ধ রেখে এলিফ্যান্ট রোডে মানববন্ধন করেছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। মানববন্ধনে সংগঠনের সভাপতি তৌফিক এহসান বলেন, চলতি বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মূসক আইনের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিলেও সর্বনিম্ন প্যাকেজ মূসকের পরিমাণ ঢাকায় ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করেন।

বিদেশে গিয়ে অনেক নারী যা করতে বাধ্য হচ্ছেন-বাংলাদেশ প্রতিদিন

মধ্যপ্রাচ্যে নারীদের দুর্গতি

 

লোভনীয় কাজের প্রস্তাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায়ই গৃহকর্মী হিসেবে বাংলাদেশি নারীদের নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ ভালো অবস্থায়, কেউ আবার দুর্ভাগ্যে জড়িয়ে পড়েন। বিদেশের মাটিতে কি হয়, কীভাবে তারা বেঁচে থাকেন, তা হয়তো আমরা কেউই আঁচ করতে পারি না। তবে এসব দেশে যাওয়ার পর অনেক নারীদের ওপর যে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়, তার একটি চিত্র ফুটে উঠেছে সেখান থেকে দেশে ফেরা নির্যাতনের শিকার এক নারীর বক্তব্যে। ইতিমধ্যে তার এ বক্তব্যটি একটি নাটিকা আকারে প্রকাশিত হয়েছে ইউটিউবে। মূলত বিদেশগামী নারীদের সচেতনতা বাড়াতে প্রকাশিত হয়েছে ভিডিওটি। এরপরই তোলপাড় শুরু হয়েছে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, এক বাংলাদেশি নারী মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে (ভিডিওতে উল্লেখ নেই)কাজের সন্ধানে যায়। তাদের বিদেশে যেতে সহায়তা করে বর্তমান মধ্যপ্রাচ্যের সেই দেশটিতে বাস করা নাজমা নামের এক নারী। এরপর ওই নারীকে নাজমা কাজের কথা বলে এক বাসিন্দার কাছে দুই লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। যদিও সেটা বুঝতে পারেনি নির্যাতিতা ওই নারী। তখন নাজমা ওই নারীকে বলে, তাকে বাড়িতে লোকটির ছেলে-মেয়ে স্কুলে নিয়ে আসা ও তার বৃদ্ধ বাবাকে দেখাশুনা করা। এরপর গাড়িতে করে লোকটি তাকে নিয়ে যায়। ওই দেশের মানুষ গৃহকর্মীদের সামনে বসতে দেয় না। কিন্তু মানুষরূপী নরপশুটি তাকে সামনে বসিয়ে তার ওপর শারীরিক নির্যাতন শুরু করে। ওই লোকটির বাসায় গিয়ে দেখা যায় কেউ নেই, মেয়েটি জিজ্ঞাসা করলেও উত্তরে লোকটি জানায় তার ছেলে-মেয়ে কিংবা বাবা কেউ নেই। তিনি একাই বাসায় থাকেন। এরপর তার জামাকাপড় খোলা শুরু করে লোকটি। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় তাকে মেরে বিছানায় ফেলে দেয়। জ্ঞান ফিরে মেয়েটি দেখতে পান লোকটি তার পাশে শুয়ে আছে, আর তার গায়ে কোনো পোশাক নেই। তখন কী ঘটেছিল মেয়েটি কিছুটা আঁচ করতে পারে। পরে তাকে ছোট ছোট পোশাক পরিধান করতে বলা হয়, তা পরার পর আবারও শুরু হয় নির্যাতন। নরপশুর হাত থেকে বাঁচতে মেয়েটি জুব্বা পরিহিত লোকটির পা পর্যন্ত ধরে, তবে তার মন গলাতে পারেননি। একদিকে নির্যাতন, অন্যদিকে মেয়েটিকে খেতে দিতো না লোকটি। এভাবে থাকতে থাকতে একদিন জ্বরে আক্রান্ত হয় মেয়েটি। এরপরও তার দিকে সহানুভূতির হাত বাড়ায়নি লোকটি। উল্টো সে সময় তার আরও দুই সহযোগীকে বাড়িতে নিয়ে এসে মেয়েটির নির্যাতন চালায়। এতে মেয়েটির লিপস্টিক লোকটির মুখমণ্ডলসহ সারা জুব্বায় লেগে যায়। তখন সে ওয়াসরুমে গেলে, মেয়েটি ছুরি নিয়ে হাত কাটতে শুরু করে, এটা বুঝতে পেরে লোকটি তাড়াতাড়ি এসে তার হাত থেকে ছুরিটা কেড়ে নেয় এবং হাতে ব্যান্ডেস করে দেয়। অতঃপর একজনকে ফোন করে, মেয়েটিকে আর তার ফ্ল্যাটে রাখা যাবে না বলে জানিয়ে সেখানে পাঠিয়ে দেয় লোকটি। সেখানকার যুবকটিকে হাত-পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি জানালে অনেকক্ষণ পর সম্মতি দেন তিনি। তারপর মেয়েটিকে ওই ছেলেটি একটি জিন্স ও গেঞ্জি পরতে দিয়ে গোসল করতে বলেন। এরপর সুযোগ পেয়ে ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে মেয়েটি। কিন্তু ছেলেটি তাকে লাফ দেওয়ার আগেই থাবা দিয়ে ছাদে ফেলে দেয়। এর কয়েকদিন পর আবারও জ্বরে আক্রান্ত হয় মেয়েটি। তারপর তাকে নাজমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখানের নাজমার এক বোনও ছিল। একই সঙ্গে তাদের ঘরে বিক্রি করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আনা কয়েকজন নারীও ছিল। তখন নাজমা ওই মেয়েটির পরিবারের কাছে ভালো থাকার জন্য তা বাড়িতে ফোন করে বাজে কথা বলে। নাজমা তার মাকে বলে, ''আপনার মেয়েতো বড় খারাপ কাজ করছে, তার পেটে বাচ্চা।'' এমন কথা শুনে মেয়েটির মা বলে, ''সে বিদেশে আছে, বিদেশে থাক। সে যেন বাড়িতে না আসে। এখানে আমার মান সম্মান আছে।'' এরপর যেকয়েকটা দিন সেখানে ছিল মেয়েগুলো, তাদের ঠিকমতো খেতে দিত না। তাদের দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, এমনকি তাদের দিয়ে পা টিপেও নেওয়া হতো ঠিকমতো খেতে দেওয়া হতো না। এক চামচ ভাতের সঙ্গে পঁচা তরকারি দেওয়া হতো। মাঝে মধ্যে নাজমা বাড়িতে যুবক ছেলেদের নিয়ে এনে মদ পান করতো। তাদের একজনকে একদিন ঘটনা খুলে বলে মেয়েটি। এরপর নাজমা তাদের বেদম প্রহার করে এবং মেয়েটির মাকে ফোন করে তার আত্মচিৎকার শুনিয়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করে। কিন্তু মেয়েটির মা বলে, দেখুন, আমি গরিব মানুষ, বাসা-বাড়িতে কাজ করে খাই। তখন ৮০ টাকা দাবি করে, না দিলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু মেয়েটির মা ৪০ টাকা দিতে চাইলেও নাজমা রাজি হয়নি। কয়েকদিন পর মেয়েগুলোকে ১০ জন লোকের কাছে বিক্রি করে দেয় নাজমা। যেদিন রাতে তাদের নিয়ে ওই যুবকদের আসার কথা, সেইদিন নাজমা বোনকে নিয়ে বাড়ি থেকে বের হলে তারা কৌশলে তালা ভেঙে বাড়ি থেকে পালিয়ে বাংলাদেশি এক স্কুলের অধ্যক্ষের কাছে যায়। তার কাছে ঘটনা খুলে বলার পর, তিনি ওই স্কুলে দুই দিন থাকার ব্যবস্থা করে দেন। এরপর বাড়ি পাঠানোর জন্য বিমানের টিকিটও কেটে দেন। কিন্তু পাসপোর্ট না থাকায় তাদের বাড়ি পাঠানো সম্ভব হচ্ছিল না। তখন ওই মেয়েদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে নাজমার বাসায় যান অধ্যক্ষ। প্রথমে রাজি না হলেও পুলিশের কথা বলতেই তারা পাসপোর্ট বের করে দেয়। এরপর তারা দেশে ফেরেন। সবশেষে মেয়েটির একটিই কথা, ভিক্ষা করে খেলেও যেন দালালের মাধ্যমে যেন কোনো নারী বিদেশ না যান।

পুলিশের কানের পর্দা ফাটানো ছাত্রলীগ নেতা বহিষ্কার-প্রথম আলো

পুলিশকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এদিকে পর্দা ফেটে যাওয়া আহত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর এখন ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, আক্তার যে ঘটনা ঘটিয়েছে, এর দায় তাঁকেই নিতে হবে। ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শিগগিরই সদর উপজেলা কমিটি ভেঙে দেওয়া হবে।
শ্রোতাবন্ধুরা !

ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভোপাল এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়, সরব মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন

মমতা ব্যানার্জী

 

ভোপালে জেল পালানো আট সিমি জঙ্গিকে খতম করার প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, এই এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়৷

ঘটনার কথা প্রকাশ হওয়া মাত্রই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ প্রশাসন ও পুলিশের পরস্পরবিরোধী মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷ ঘটনায় ঘৃতাহুতি দিয়েছে এনকাউন্টারে প্রকাশিত একটি ভিডিও৷ সেখানে পুলিশের জঙ্গি মারার হুমকি থেকে শুরু করে জঙ্গিদের পোশাক এমনকী তাদের কাছ থেকে পাওয়া ছুরি নিয়েও নানা সন্দেহ দানা বেঁধেছে৷ সরকারের পক্ষ থেকে ঘটনার সাফাই দেওয়ার চেষ্টা হলেও, ভুয়া এনকাউন্টারের তত্ত্বই ক্রমশ দানা বাঁধছে৷

পাক ঘাঁটি ধ্বংসের ভিডিও প্রকাশ-আজকাল

পাক ঘাঁটি ধ্বংস

 

নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে লাগাতার গুলি ছুঁড়ছে পাকিস্তান। জবাবে ভারতীয় জওয়ানরা সীমান্ত লাগোয়া ৮টি পাক ঘাঁটি ধ্বংস করে। সেই ভিডিওই এবার প্রকাশ করল বি এস এফ। বি এস এফ–এর এক অফিসার জানালেন, গত কয়েক দিন ধরে পাকিস্তান ক্রমাগত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে। জেনেবুঝেই ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। গত কাল থেকে প্রাণ হারিয়েছেন ৮ জন সাধারণ মানুষ।

পানীয় জলে মারাত্মক বিষ,পরীক্ষা শিকেয়-গণশক্তি

বিশুদ্ধ পানির অভাব

 

রাজ্যজুড়ে পানীয় জলে বিষের উপস্থিতি এখন রাজ্যবাসীর শঙ্কার কারণ। হু হু করে বাড়ছে এই বিষের পরিমাণ। উদাসীনতা আর অবহেলায় প্রায় বন্ধ সরকারের পানীয় জলের মান নির্ণয় পরীক্ষা। 

রাজ্যবাসী ভালো করে জানেনই না, তাঁরা কোন জল পান করছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ক্রমশ বাড়ছে শরীরে আর্সেনিক, ফ্লোরাইড বা ক্লোরিনের মাত্রা। বাড়ছে জলবাহিত রোগও। অথচ পানীয় জলের নমুনা পরীক্ষার কাজ বিশ বাঁও জলে। নমুনা পরীক্ষার কাজ ব্যাহত বলে স্বীকারোক্তি রাজ্য সরকারের।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২