নাসিরনগরের ঘটনা শান্তি বিনষ্টের চক্রান্তের অংশ-ইনু
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৩২-ইত্তেফাক
'বিএনপির সমাবেশের আবেদন পায়নি ডিএমপি'-যুগান্তর
নেতা বহিষ্কারে প্রমাণিত আ. লীগ জড়িত: বিএনপি- প্রথম আলো
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর স্থগিত- নয়া দিগন্ত
সমবায় আন্দোলন জোরদার করতে প্রধানমন্ত্রীর আহবান-মানবজমিন
বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলারডুবি- কালের কণ্ঠ
অস্ত্রের মুখে কারখানা থেকে ৫৬১ বস্তা চাল লুট-বাংলাদেশে প্রতিদিন
ভারতের শিরোনাম:
দূষণের জেরে দিল্লিতে বন্ধ ১৮০০ স্কুলের পঠন-পাঠন- সংবাদ প্রতিদিন
অঘোষিত জরুরি অবস্থা চলছে-সিতারাম ইয়েচুরি-গণশক্তি
বিবাদ সরিয়ে এক ছাদের নিচে যাদবরা -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
মানবজমিনের শিরোনাম: সমবায় আন্দোলন জোরদার করতে প্রধানমন্ত্রীর আহ্বান
বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশের সমবায় আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্ন পূরণে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৩২- দৈনিক ইত্তেফাকের শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় আরো ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সম্পর্কে ইত্তেফাকে প্রকাশিত অন্য একটি খবরের শিরোনাম‘নাসিরনগরের ঘটনা শান্তি বিনষ্টের চক্রান্তের অংশ-ইনু
খবরে বলা হয়েছে, তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্তের একটি অংশ। তিনি বলেন, ‘এসব হামলায় জড়িতদের এক চুলও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় বিএনপি-জামাতের উপর সর্তক দৃষ্টি রাখা উচিত।
এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম' নেতা বহিষ্কারে প্রমাণিত আ. লীগ জড়িত: বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, 'স্থানীয় তিন নেতার বহিষ্কারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুরের ওপর হামলায় ঘটনায় আওয়ামী লীগই জড়িত বলে প্রমাণিত হয়েছে।' তিনি বলেন, দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে যে কারা এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল হোতা। গত সাত বছরে যে সব ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে, এটি আজ দিবালোকের মতো স্পষ্ট।’
নিম্নচাপ সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম-নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত। মানবজমিন বলেছে,নিম্নচাপের কারণে বরিশালে ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ। এটি কাল উপকূলে আঘাত হানবে।
ইত্তেফাক শিরোনাম করেছে এরকম-৪ নম্বর হুঁশিয়ারি সংকেত, অব্যাহত থাকবে বৃষ্টি।
বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলারডুবি-কালের কণ্ঠ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে এফবি সুখতারা নামের একটি মাছ ধরার ট্রলার ১৮ জেলেসহ ডুবে গেছে। এ ছাড়া এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি মা-বাবা, এফবি রথিজিৎ এবং এফবি আছিয়া নামের পাঁচটি ট্রলার ৯২ জেলেসহ নিখোঁজ রয়েছে।
অস্ত্রের মুখে কারখানা থেকে ৫৬১ বস্তা চাল লুট-বাংলাদেশ প্রতিদিন
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেঁধে অস্ত্রের মুখে ৫৬১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত ঢুকে মিলে থাকা তিন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে চাল লুট করে পালিয়ে যায়।
'বিএনপির সমাবেশের আবেদন পায়নি ডিএমপি-যুগান্তর
ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির করা কোনো আবেদন পায়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে করা বিএনপির কোনও আবেদন পাইনি।’
এর আগে বিএনপির পক্ষ থেকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। ৭ নভেম্বর না হলেও যে ৮ নভেম্বর অনুমতি দেয়া হয়, ঢাকা মহানগর পুলিশের কাছে সে আবেদনও করে দলটি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহরাওয়ার্দীতে ৭ ও ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেয়া হবে না।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দূষণের জেরে দিল্লিতে বন্ধ ১৮০০ স্কুলের পঠন-পাঠন-সংবাদ প্রতিদিন
দূষণের বিষ চাদর এখনও সরেনি রাজধানীর উপর থেকে। আর তাই শনিবারও প্রায় এক হাজার আটশো প্রাথমিক বিদ্যালয়ের পঠন-পাঠন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দিল্লির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন।
দুর্গাপুজা থেকে শুরু করে দীপাবলীর রাত পর্যন্ত ঝলমলে আলোর রোশনাইয়ের সাক্ষী যেমন রাজধানী, তেমনই ঘোরতর দূষণেও ডুবেছে দিল্লি। এর জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন। শনিবারও স্বাভাবিক হল না রাজধানীর প্রাথমিক স্কুলগুলির পঠন-পাঠন।
বিবাদ সরিয়ে এক ছাদের নিচে যাদবরা-আজকাল
অখিলেশ–শিবপাল— এতদিনে দুই পক্ষই বুঝে গেছে নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। তাতে উত্তরপ্রদেশ নির্বাচনে লাভ লুটবে মায়াবতীর ব স পা এবং বি জে পি। তাই এবার ঘর গুছোতে উদ্যোগী হল সমাজবাদী পার্টি। এজন্য দলের ২৫ বছরের জন্মদিনের অনুষ্ঠানকেই মঞ্চ হিসেবে বেছে নিল যাদব পরিবার।
সংবাদমাধ্যমের কণ্ঠরোধে একঘরে মোদী-গণশক্তি
সংবাদমাধ্যমের কণ্ঠরোধ নিয়ে যথেষ্টই কোণঠাসা মোদী।
পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার পর সন্ত্রাসবাদী হামলা চলাকালীন ‘বিধি ভেঙে খবর সম্প্রচারের অপরাধে’ হিন্দি নিউজ চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার অনুষ্ঠান সম্প্রচারের উপর একদিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ‘এনডিটিভি ইন্ডিয়া’ চ্যানেলের সম্প্রচার আগামী ৯ই নভেম্বরের রাত ১২টা ১মিনিট থেকে ১০ই নভেম্বরের ১২টা ১মিনিট পর্যন্ত সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মোদী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কারণ হিসেবে বলা হয়েছে, পঠানকোটে সন্ত্রাসবাদী হামলার সময় দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ফাঁস করা হয়েছে।
মোদী সরকারের এই পরোয়ানার পরে সংবাদমাধ্যম তো বটেই, বিরোধী রাজনৈতিক দলগুলিসহ দেশজুড়ে নানান মহল থেকে উঠেছে তীব্র প্রতিবাদ। ফের জরুরি অবস্থা ফিরে এল বলে মোদী সরকারকে দুষতে শুরু করেছে বিভিন্ন মহল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫