নভেম্বর ০৭, ২০১৬ ১৭:৪২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল-ইত্তেফাক

আদালত অবমাননা : চার ওসির বিরুদ্ধে হাইকোর্টের রুল-যুগান্তর

কর মেলায় শেষ দিন উপচে পড়া ভিড়- প্রথম আলো

আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে : মির্জা ফখরুল- নয়া দিগন্ত

৬ দিনে রাজস্ব আদায় ১৭২৭ কোটি টাকা ছাড়িয়েছে- মানবজমিন

'দাউদ মার্চেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় দূতাবাস' - কালের কণ্ঠ

কম বয়সী মেয়েদের দূরে পাঠিয়ে দেয়ার ভাবনা- চরম নিরাপত্তাহীনতায় হিন্দুরা-যায় যায় দিন

ভারতের শিরোনাম:

মুম্বই হামলার ধাঁচে ভারতে বড়সড় হামলার ছক হাফিজের- সংবাদ প্রতিদিন

পুলিশের হাতে নিগৃহীত নিখোঁজ নাজিবের মা, আটক ছাত্রনেতারা -গণশক্তি

পুরুলিয়ায় সদ্যোজাতকে বাঁচাল চার কুকুরের দল-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

নাসিরনগরের ঘটনা নিয়ে আজও জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে নানা খবর ছাপা হয়েছে।

নাসিরনগর হিন্দুদের বাড়িঘর ভাঙচুর

 

যুগান্তর ও ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবরের শিরোনাম-  নাসিরনগরের ঘটনায় বাড়ি-বাড়ি তল্লাশি, আরো ২১ জনকে আটক।

বিস্তারিত খবরে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় রোববার রাতে বিভিন্ন স্থান থেকে আরো ২১ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ভিডিও ফুটেজের ভিত্তিতে এ পর্যন্ত ৭৪ জনকে আটক করেছে।এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের পুরুষরা গ্রেফতার আতংকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নারীরাও রয়েছেন আতংকে।

এ সম্পর্কে যায় যায় দিনের একটি অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম- কম বয়সী মেয়েদের দূরে পাঠিয়ে দেয়ার ভাবনা-

চরম নিরাপত্তাহীনতায় নাসিরনগরের হিন্দুরাব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর দ্বিতীয় দফা হামলার পর হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন জমির দলিল, জরুরি কাগজপত্র, সোনা-দানা, নগদ টাকা নিরাপদে লুকিয়ে রাখছেন। তারা বাড়ির কমবয়সী মেয়েদের দূরে, নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেয়ার কথা ভাবছেন।

হাইকোর্টের রায় আপিলে বহাল-গভর্নিং বডির সভাপতি পদে থাকতে পারছেন না এমপিরা-প্রথম আলো/ইত্তেফাক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এছাড়া দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যগণের (এমপি) না থাকার বিষয়ে দেয়া রায়ও বহাল রাখা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। গত ১ জুন হাইকোর্ট এক রায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংক্রান্ত্ত প্র-বিধানমালার ৫(২) ধারা এবং বিশেষ কমিটি গঠন সংক্রান্ত ৫০ ধারা অবৈধ ঘোষণা করে।

আদালত অবমাননা : চার ওসির বিরুদ্ধে হাইকোর্টের রুল-যুগান্তর

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অমান্য করায় রাজধানীর চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে এই রুল জারি করেন হাইকোর্ট।

ইসি পুনর্গঠনের প্রস্তাব দেবেন খালেদা জিয়া-ইত্তেফাকনতুন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। ইতিমধ্যে প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে। শিগগিরই জোটের বৈঠক ডাকবেন তিনি। 

বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা জোরদার-প্রথম আলো

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে যুবকের হামলায় আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারী যুবকের পরিচয় জানতে তদন্ত চলছে। বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হয়েছেন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হয়েছেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করেন।

বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় আদালতের অসন্তোষ-প্রথম আলো

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।এ ব্যাপারে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি অস্পষ্ট বলে আদালত উল্লেখ করেছেন।শেষবারের মতো সময় দেয়া হলো জানিয়ে আদালত আগামী ২৪ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে শৃঙ্খলা-সংক্রান্ত বিধি গেজেট আকারে প্রকাশ করে তা আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

'দাউদ মার্চেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় দূতাবাস' – কালের কণ্ঠ

আন্ডারওয়ার্ল্ডের বস খ্যাত দাউদ ইব্রাহীমের সহযোগী আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে কিভাবে দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় দূতাবাস। এখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুই করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দুটি মামলায় সাজা ভোগ শেষে আদালতের নির্দেশেই দাউদ মার্চেন্টকে মুক্তি দেয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সরকার : ফখরুল-যুগান্তর

সরকার সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।শ্রোতাবন্ধুরা !

ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মুম্বই হামলার ধাঁচে ভারতে বড়সড় হামলার ছক হাফিজের-সংবাদ প্রতিদিন

মুম্বই হামলার আদলে ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে লস্কর-ই-তৈবা৷ ভারতীয় সেনাবাহিনী ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তারই বদলা নিতে এই হামলা হতে পারে৷ কিন্তু এখন ভারত-পাক সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে, বিকল্প পথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে হাফিজ সইদের নেতৃত্বাধীন লস্কর জঙ্গিরা৷কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, লস্কর নেতা হাফিজের অনুগামীরা জম্মুর নদীপথ পেরিয়ে দেশে ঢোকার চেষ্টা করতে পারে৷

পুলিশের হাতে নিগৃহীত নিখোঁজ নাজিবের মা, আটক ছাত্রনেতারা-গণশক্তি

জে এন ইউ-এর ছাত্র নিখোঁজ নাজিব আহমেদকে খুঁজে বের করা তো দূর, ছেলেকে খুঁজে দেওয়ার দাবি জানাতে গিয়ে মোদী সরকারের পুলিশের হাতে নিগৃহীত হলেন নাজিবের মা ফাতিমা বিবি। রবিবার রাজধানী দিল্লি এই বর্বরতার সাক্ষী হলো। নাজিবের মা-কে নিগ্রহের পর টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ২৩দিন ধরে যাঁর ছেলের খোঁজ নেই, সেই মায়ের উপর বর্বরতা চালাতেও বিবেকে বাধলো না মোদী প্রশাসনের।পুলিশের এই আচরণের কড়া নিন্দা করেছেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

পুরুলিয়ায় সদ্যোজাতকে বাঁচাল চার কুকুরের দল-আজকাল

'মানুষের পরম বন্ধু কুকুর' এমন কথা সারমেয়প্রেমীদের বলতে শোনা যায় প্রায়ই। কথাটি যে মিথ্যা নয় তার বহু প্রমাণও রয়েছে। কিন্তু, এইবার পশ্চিমবঙ্গেই এক পরিত্যক্ত সদ্যোজাতর জীবন বাঁচিয়ে ফের চলতি প্রবাদটির সত্যতা প্রমাণ করল চার সারমেয়।  শনিবার সকালে রোজকার মতই স্কুলের পথে রওনা দিয়েছিলেন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক উল্লাস চৌধুরি। আচমকাই শিশুর কান্না শুনে থমকে যান তিনি। পথের ধারে ঝোপের আঁড়ালে উঁকি দিতেই চমকে ওঠেন উল্লাস। এক সদ্যোজাত শিশুকে ঘিরে রেখেছে চারটি কুকুর। অক্ষত শিশুটি কেঁদে চলেছে। কিন্তু উল্লাসকে দেখে লেজ নেড়ে যেন খানিক স্বস্তির আশ্বাস পেল ওই চার সারমেয়। ঘটনা দেখে দ্রুতই এলাকার বাসিন্দাদের খবর দেন উল্লাস। তাঁর প্রতিবেশী পারভিন সেন শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। উল্লাস জানিয়েছেন, শিশুটিকে নিরাপদ আশ্রয়ে না পাঠিয়ে ঘটনাস্থল থেকে নড়েনি কুকুরগুলো।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭