বিনা বিচারে ১৬ বছর কারাবন্দী শিপনের জামিন
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
কুমিল্লায় গুলি করে ইউপি চেয়ারম্যান ও তার শ্যালককে হত্যা-ইত্তেফাক
দুই ঘণ্টার সমাবেশের অনুমতি ২টায় জানলো বিএনপি-যুগান্তর
বিনা বিচারে ১৬ বছর কারাবন্দী শিপনের জামিন- প্রথম আলো
রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ- নয়া দিগন্ত
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না বিএনপি- কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট যে-ই হোক, সম্পর্ক বদলাবে না ওবায়দুল কাদের ও বার্নিকাটের অভিমত-যায় যায় দিন
রাজাকার পরিবারের হুমকিতে গ্রামছাড়া আ.লীগের ৪৫ পরিবার-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
সরকার কন্ডোম খুঁজে পায়, নিখোঁজ ছাত্রকে নয়- সংবাদ প্রতিদিন
প্রিমিয়ামের টাকাই জমা দেয়নি রাজ্য ঘোর অনিশ্চতায় কৃষকের ফসল বিমা-গণশক্তি
পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ৩ দূতাবাস কর্মী-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
আমেরিকার নির্বাচন নিয়ে আজকের সব দৈনিকে বিশেষভাবে খবর ছাপা হয়েছে। তবে এ সম্পর্কে যায় যায় দিনের একটি খবরের শিরোনাম-যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট যে-ই হোক, সম্পর্ক বদলাবে না-ওবায়দুল কাদের ও বার্নিকাটের অভিমত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স বস্নুম বার্নিকাট।
পরে তারা দুজনেই বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে যিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোন না কেন বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।
সোমবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্শা বার্নিকাট।
কুমিল্লায় গুলি করে ইউপি চেয়ারম্যান ও তার শ্যালককে হত্যা-ইত্তেফাক
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সরদার (৪৮) এবং তার শ্যালক মহি উদ্দিন (৩৫)।
মনির হোসেনের চাচাতো ভাই মোশাররফ হোসেন মোবাইল ফোনে জানান, পূর্ব শক্রতার জের ধরে সকাল সাতটার দিকে চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এতে অন্তত আটজন আহত হন।জেলা পুলিশ কন্টোলরুম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
দুই ঘণ্টার সমাবেশের অনুমতি ২টায় জানলো বিএনপি-যুগান্তর
অবশেষে শর্তসাপেক্ষে 'জাতীয় বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সমাবেশ করতে পারবে দলটি।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান যুগান্তরকে বলেন, ২৭টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'আমরা বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার বিষয়ে ডিএমপির অনুমতির কথা জানতে পেরেছি।'
তিনি বলেন, 'বড় বিষয় হল, আমরা এখানে সমাবেশ করার কোনো অনুমতি চাইনি। আমরা শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিলাম।' তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিনা বিচারে ১৬ বছর কারাবন্দী শিপনের জামিন-প্রথম আলো
বিনা বিচারে ১৬ বছর কারাবন্দী ঢাকার সূত্রাপুরের মো. শিপন অবশেষে জামিন পেলেন। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চ আদালতের আদেশ পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে. বি. এম. হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব সংবিধান অনুসারে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন। এটি সবার জন্যই লজ্জাকর।
রাজাকার পরিবারের হুমকিতে গ্রামছাড়া আ.লীগের ৪৫ পরিবার-বাংলাদেশ প্রতিদিন
জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউপির খাদুলী গ্রামের রাজাকার মৃত সাইফুল ইসলামের ছেলের হুমকিতে গ্রাম ছাড়া আওয়ামী লীগের ৪৫ পরিবার। তারা গ্রামে ফিরে যেতে নয় মাস যাবত প্রশাসনসহ বিভিন্ন দ্বারে ঘুরছে। দীর্ঘ নয়মাস ধরে পরিবারগুলো শিশু সন্তান নিয়ে বিভিন্নস্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের ৫২ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় রাজাকার পরিবারের সদস্যরা কিভাবে আওয়ামী লীগ পরিবারকে গ্রামছাড়া করে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
খাদিজার ওপর হামলা : বদরুলের বিরুদ্ধে চার্জশিট-ইত্তেফাক/যুগান্তর
কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বর হামলার বহুল আলোচিত মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক শারাবন তহুরা আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। এসএমপির মুখপাত্র রহমত উল্লাহ জানিয়েছেন, খাদিজার ওপর বর্বর হামলার ঘটনায় শাহপরাণ থানার চার্জশিট নম্বর ১৯৫ তারিখ ৮ নবেম্বর ২০১৬। চার্জশিটে বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ দণ্ডবিধির অপরাধ উল্লেখ করা হয়েছে।
বায়োমেট্রিকে মোবাইল অপরাধ কমেছে : তারানা-কালের কণ্ঠ
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধনের ফলে হুমকি, চাঁদাবাজিসহ মোবাইলভিত্তিক অপরাধ ব্যাপক হারে কমে গেছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধনের ফলে আইনশৃঙ্খলায় প্রভাব নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ইদানীং মোবাইল ফোনে হুমকি দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি কম্পিউটারে কারো নম্বর তৈরি করে স্পুফিং বা কল মাস্কের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এর সঙ্গে সিম বায়োমেট্রিকের কোনো সম্পর্ক নেই। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পর গত ৩ মাসে অবৈধ ভিওআইপি ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে বলেও জানান প্রতিমন্ত্রী। স্পুফিং কলটি নিশ্চিত হতে গ্রাহকদের সমাধান দেন প্রতিমন্ত্রী।
মুক্তিযোদ্ধাকে পেটানোর ভিডিও ভাইরাল-বাংলাদেশ প্রতিদিন
একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে স্থানীয় এমপির লোকজন। আর মারধরের সেই ভিডিওটি এখন ভাইরাল। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সরব সেই ভিডিও নিয়ে। মুক্তিযোদ্ধার নাম মোক্তার আহমেদ মিজান। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। ভিডিওতে আরেক তরুণকেও পেটানোর দৃশ্যও দেখা গেছে। ওই তরুণ মোক্তার আহমেদের ছেলে সুমন আহমেদ। যারা মারধর করছিলেন তারা স্থানীয় যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার অনুসারী ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মী বলে জানা গেছে। ভিডিওটি গতকাল সোমবার থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরছে। তবে সিসিটিভি ফুটেজে ঘটনার সময়কাল দেখা যাচ্ছে ১৮ অক্টোবর, সন্ধ্যা পৌনে সাতটা। ঝিনাইদহের শৈলকূপায় ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিওটি সংগ্রহ করে গতমাসের শেষের দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ৩ দূতাবাস কর্মী-আজকাল
পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ভারতীয় হাই কমিশনের ৩ কর্মী। তাঁদের বিরুদ্ধে চরবৃত্তি এবং নাশকতামূলক কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ তুলেছিল পাকিস্তান সরকার। বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবারই দেশে ফিরেছেন ওই ৩ আধিকারিক। বাকি ৫ জনকে ফেরানোর পরিকল্পনা চলছে।
প্রিমিয়ামের টাকাই জমা দেয়নি রাজ্য ঘোর অনিশ্চতায় কৃষকের ফসল বিমা-গণশক্তি
৭ই নভেম্বর— শস্য বিমার প্রিমিয়ামের টাকা জমা দেয়নি রাজ্য সরকার। ঘোর অনিশ্চয়তায় কৃষকের ফসল বিমা।
চলতি খারিফ মরসুমে ইতিমধ্যে পাটচাষিরা সুযোগ পাননি বিমার। আউশ ধানের ক্ষয়ক্ষতি হলেও বিমার আওতা থেকে বাদ গিয়েছে কৃষক। সামনে আমন ধান। রাজ্যজুড়ে আমন ধান কাটা শুরুও হয়ে গেছে। কিন্তু বিমার জন্য প্রিমিয়ামের টাকা এখনও জমা করেনি মমতা ব্যানার্জির সরকার। রাজ্য টাকা না দেওয়ায় ম্যাচিং গ্রান্ট হিসাবে কেন্দ্রীয় সরকারের টাকাও জমা পড়েনি। ফলে বিনা প্রিমিয়ামে অথৈ জলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা।
বিমার প্রিমিয়াম জমা ছাড়াই লক্ষ লক্ষ কৃষককে বিমার আওতায় আনা হয়েছে। কবে প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার জমা দেবে কৃষি দপ্তরের আধিকারিকরাও হলফ করে বলতে পারছেন না।
সরকার কন্ডোম খুঁজে পায়, নিখোঁজ ছাত্রকে নয়: কানহাইয়া-সংবাদ প্রতিদিন
নিখোঁজ ছাত্র ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার৷ জেএনইউ’র নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের প্রসঙ্গে এক সাক্ষাৎকরে কানহাইয়া তিনি বলেন, “সরকার বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে ৩০০০ কন্ডোম খুঁজে পেতে পারে কিন্তু একজন নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে পারে না৷”
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ জেএনইউ’র ছাত্র নাজিব আহমেদ৷ তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস চত্ত্বর৷ ছেলেকে খুঁজে পাওয়ার দাবিতে পথে নেমেছেন নাজিবের মা স্বয়ং৷ কিন্তু এতকিছুর পরেও নাজিবকে খুঁজে পাওয়া যায়নি৷ আচমকা ক্যাম্পাস থেকে নাজিবের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে এবিভিপি’র হাত রয়েছে বলেও অভিযোগ করছে ছাত্রদের একাংশ৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮