প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে বললেন রিজভী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
মোরশেদ খান ও তার স্ত্রী-ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ-ইত্তেফাক
নাসিরনগরে হামলাকারীরা ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : দুদু- নয়া দিগন্ত
শান্তি রক্ষায় সব পদক্ষেপ নেয়া হবে- টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা -সমকাল
সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে বাংলাদেশি নিহত-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
মোদির সিদ্ধান্তের বিপক্ষে মমতা-কেজরির, স্বাগত নীতিশের - সংবাদ প্রতিদিন
কৃষকের সঙ্গে বেইমানির জবাব দেয়া হবে তীব্র গণআন্দোলনে -গণশক্তি
হাতে ৫০০, ১০০০ –এর নোট, চরম ভোগান্তি মানুষের-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের খবরটি আজকের ঢাকা ও কোলকাতার প্রায় সব দৈনিকের বিশেষ খবর হিসেবে ছাপা হয়েছে।এ সম্পর্কে প্রথম আলোর কয়েকটি খবরের ভিন্ন শিরোনাম- সব হিসাব উল্টে দিয়ে ট্রাম্পের জয়, পরাজয় মেনে নিলেন হিলারি, ঐক্যের ডাক ট্রাম্পের। ইত্তেফাকের শিরোনাম- ট্রাম্পকে হিলারির অভিনন্দন। ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। ট্রাম্পকে খালেদা জিয়ার অভিনন্দন।
শান্তি রক্ষায় সব পদক্ষেপ নেয়া হবে- টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা-সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত অব্যাহত রয়েছে। জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। সেই শান্তি ও নিরাপত্তা বিধানে সরকার অঙ্গীকারবদ্ধ। এজন্য সরকার প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে।
আগামী নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যেতে হবে। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। ২০০৮ সাল ও ২০১৪ সালে মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে_ এটিই আমাদের প্রত্যাশা।
মোরশেদ খান ও তার স্ত্রী-ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ-ইত্তেফাক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম জানান, রায়ের কপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে মোরশেদ খান ও তার স্ত্রী-পুত্রকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
নাসিরনগরে হামলাকারীরা ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর তাণ্ডব চালানোর ঘটনার ৮ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এসে গৌর মন্দির পরিদর্শনে যান তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ধর্মের নামে যারা নাসিরনগরে হামলা করেছে গোয়েন্দারা তাদের খুঁজে বের করবে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, রামুর ঘটনা, বিদেশীদের হত্যা, ধর্মীয় গুরুদের হত্যা, হলি আর্টিজানে হত্যা করেও তারা সুবিধা করতে না পেরে এখন ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননার ঘটনা ঘটাচ্ছে।
যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম: প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে বললেন রিজভী
বিস্তারিত খবরে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেছেন, আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সাবধান থাকুন, সতর্ক থাকুন-তাদের ফলো করুন।
তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো দলকে নিয়ে ভয় পাবেন না, আতংকে থাকবেন না। কারণ আপনার পিতাকে হত্যার পর তার (বঙ্গবন্ধু) কাছের লোক, তার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক ও আব্দুল মালেক উকিলরাই ক্ষমতা নিয়েছিলেন।
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : দুদু-নয়া দিগন্ত
নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামীদিনে আবারো ভোটার বিহীন নির্বাচনের পাঁয়তারা হলে আমরা বসে থাকবো না। আগামী দিনে যদি ভোটারবিহীন নির্বাচন করা হয় বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে।
সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে বাংলাদেশি নিহত-বাংলাদেশ প্রতিদিন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাচ্চু মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে বাচ্চু মিয়া সুপারি চুরি করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রমকালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মুহিউদ্দিন।
বাংলাদেশ প্রতিদিনের অন্য একটি খবর: মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ
মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার প্রজ্ঞাপনটি জারি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী। এতে বলা হয়, মুক্তিযুদ্ধকালীন ১৩ বছর বয়সের নিচের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মোদির সিদ্ধান্তের বিপক্ষে মমতা-কেজরির, স্বাগত নীতিশের-সংবাদ প্রতিদিন
রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে এই নয়া নিয়ম প্রত্যাহারেরও দাবি তুলেছিলেন তিনি৷ টুইট করে এই সিদ্ধান্তকে হঠকারি বলে দাবি করেছিলেন তিনি৷ এবার তাঁর এই বক্তব্যকেই সমর্থন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
হাতে ৫০০, ১০০০ –এর নোট, চরম ভোগান্তি মানুষের-আজকাল
শুরু হয়েছিল কাল রাতেই, সেই ভোগান্তিই এবার চরমে উঠল বুধবার সকালে। গতকাল রাতে প্রধানমন্ত্রী ঘোষণা করার পরেই গোটা রাজ্যের মানুষ পথে নামেন। কেউ অফিস ফেরতা, কেউ অবসরের সময় বাদ দিয়ে ভিড় করে এ টি এমের সামনে। টাকা জমা দেওয়া বা টাকা তুলে নেওয়ার শেষ চেষ্টা টুকু করে নিতে। কারণ রাত ১২ টার পর থেকেই বন্ধ হয়ে যাবে এ টি এমের সমস্ত কাউন্টার। সেই সময় মধ্যরাত পর্যন্ত যে যতটুকু পারেন টাকা লেনদেন করে নিলেন। কিন্তু যাঁদের কপালে কিছুই জুটলো না, তাঁরা মুশকিলেন পড়লেন বুধবার সকালে। অনেকেই রোজের ব্যবসায়ী, বাজারের তরিতরকারি বিক্রেতা, মাছ ক্রেতা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সকলকেই তাড়া করছে খুচরো আতঙ্ক।
কৃষকের সঙ্গে বেইমানির জবাব দেয়া হবে তীব্র গণআন্দোলনে-গণশক্তি
মোদী সরকার কৃষকদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য কৃষক সংগ্রাম জাঠা দেশব্যাপী প্রচার করবে বলে জানালেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। মঙ্গলবার কলকাতা থেকে পূর্ব ভারতের জাঠাটির সূচনা সমাবেশে ভাষণ দিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করার বদলে বিশ্বাসঘাতকতা করেছেন। দেশবাসীর মুখে যাঁরা অন্ন জোগাচ্ছেন সেই কৃষকদের অনাহারের সমস্যা নিয়ে এই সরকার ভাবে না, কৃষকরা আত্মহত্যা করলেও সরকার বিচলিত হয় না। এই ঘুমন্ত সরকারকে জাগানোর জন্য গণআন্দোলনের চাবুক দরকার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯