নভেম্বর ১২, ২০১৬ ১৬:০১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ নভেম্বর শনিবারে কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে সরকার’-ইত্তেফাক
পেছনে মোকতাদির সমর্থকরা: দলীয় কোন্দলই কারণ -যুগান্তর
গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি রুবেল গ্রেপ্তার -মানবজমিন
ব্লগার হত্যার সব ঘটনাই জিয়ার নির্দেশে: ডিবি - প্রথম আলো
রামপাল বিদ্যুৎ প্রকল্প ও বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি - নয়া দিগন্ত
পুলিশকে কমিশনারের ওয়ার্নিং -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির! - সংবাদ প্রতিদিন
হয়রানি গরিব মানুষের চলছে দেদার ধাপ্পার কারবারও -গণশক্তি
বিহারে ফের খুন সাংবাদিক -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
 

পেছনে মোকতাদির সমর্থকরা: দলীয় কোন্দলই কারণ-যুগান্তর

নাসিরনগর

 

আওয়ামী লীগের দলীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়েছিল। দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, নাসিরনগরের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের দ্বন্দ্বের কারণেই এমনটি ঘটেছে। আর হামলার পেছনে ছিলেন মোকতাদির চৌধুরীর সমর্থকরা।

‘সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে সরকার’-ইত্তেফাক

নজরুল ইসলাম খান

 

সরকার সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 নজরুল ইসলাম খান বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সমাবেশের অনুমতি তো দেয়া হয়নি বরং অনুমতির বিষয় নিয়ে সরকার রসিকতা করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি মামলাবাজ সরকার। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম- জনদুর্ভোগ সৃষ্টি করে সভা করা যাবে না : সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের

 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় কোন জনসভা করা যাবে না। ভবিষ্যতে রাস্তায় আয়োজিত কোন সভায় আমি দাঁড়াবো না। 
 শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক পথ সভায় এ কথা বলেন। 
 দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ২ বছর থাকলেও এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমাকে খুশি করতে হবে না, জাতীয় নির্বাচনের জন্য জনগণকে খুশি করেন।

ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়, দেশের মানুষ খেয়ে-পরে বাঁচতে পারে। অন্যেরা ক্ষমতায় এলে দেশের সম্পদ পাচার ও লুটপাট হয়।
 দেশবাসীর উদ্দেশে তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে তিনি দেশবাসীকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।


'হিন্দুদের ওপর হামলার জন্য দায়ী আওয়ামী লীগ'-বাংলাদেশ প্রতিদিন

দেশে হিন্দুদের ওপর যত আক্রমণ, সম্পত্তি দখল ও দেবালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত তারা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। আজ শনিবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।   রিজভী বলেন, ২০১৪ সালে সাতক্ষীরায় সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখলের মদদ দেয় আওয়ামী লীগ নেতা। - রিজভী বলেন, ‘সরকার সংখ্যালঘুদের ওপর সার্জিক্যাল অপারেশন চলাচ্ছে। এর প্রতিবাদে সব আন্দোলনে বিএনপির সমর্থন আছে।' 
গত ৩০ অক্টোবর নাসিরনগরে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগ ও তোপখানা রোডে সড়ক অবরোধ করে বিভিন্ন সংগঠন। তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

ফের রামপাল প্রকল্প বাতিল চাইল সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি – কালের কণ্ঠ/নয়া দিগন্ত

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন

 

জনস্বার্থ ও সুন্দরবনবিরোধী সব অপপ্রচার বন্ধ করে, জনদাবি মেনে নিয়ে সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প আবারও বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। আজ জাতীয় প্রেসক্লাব মিলনাতনে সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল লিখিত বক্তব্যে এ দাবি জানান। সুলতানা কামাল বলেন, সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে অবস্থান পরস্পরবিরোধী। কারণ জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে সুন্দরবনকে অক্ষত রাখা আমাদের প্রধান দায়িত্ব। এটি জাতিসংঘ ও সারাবিশ্বের আকাঙ্ক্ষা। সুন্দরবন তথা রামপাল নিয়ে কোনো অযৌক্তিক বক্তব্য রাখা হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছি। 

ব্লগার হত্যার সব ঘটনাই জিয়ার নির্দেশে: ডিবি- প্রথম আলো

দেশে এ পর্যন্ত যত ব্লগার হত্যার ঘটনা ঘটেছে, তার সব কটিই হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এমনটাই জানিয়েছেন। প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন আবদুল বাতেন। সেখানেই জিয়ার প্রসঙ্গ আসে। 

পুলিশকে কমিশনারের ওয়ার্নিং-বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

অন্তহীন অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগের পর তদন্ত কমিটি হয়, তদন্ত হয়। কিন্তু অধিকাংশ তদন্ত প্রতিবেদনই থেকে যায় আড়ালে। অপরাধ প্রমাণের পরও প্রত্যাহার, সাময়িক বরখাস্ত, বদলির মধ্যেই আটকে থাকে শাস্তি। একশ্রেণির অসাধু পুলিশ সদস্যের নানা অপকর্ম, অনিয়ম ও অপরাধের কারণে ঐতিহ্যবাহী এই বাহিনী নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। সর্বশেষ গত ১৭ অক্টোবর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিএমপি সদস্যদের ওয়ার্নিং দেওয়া হয়েছে। থানা পর্যায়ে সেবার মান বাড়াতে ডিএমপি কমিশনারের ২২টি বিশেষ নির্দেশনাতেও ‘থোড়াই কেয়ার’ দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা। 
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি দেশ৷ প্রধানমন্ত্রীর নির্দেশে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট৷ কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকেও মিলছে না পর্যাপ্ত টাকা৷ এই পরিস্থিতিতেও সুদূরপ্রসারী লাভের কথা ভেবে সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রকে সহযোগিতা করছেন, তার ভূয়সী প্রশংসা করলেন জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি আরও বলেন, “দেশের টাকা লুঠ হয়েছে৷ সেই টাকা উদ্ধার করতেই হবে৷ প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে৷” গবির-বড়লোক-প্রভাবশালী কাউকে রেয়াত করা হবে না৷ দেশের মানুষের স্বার্থেই যে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে, এদিন সে কথা ফের একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান, দেশকে স্বচ্ছ করতেই নোট বাতিলের সিদ্ধান্ত৷ সাধারণ মানুষের হয়রানি রুখতে আরও কিছু অভিনব পদক্ষেপের কথা ভাবছেন প্রধানমন্ত্রী ও তাঁর কোর টিম৷

বিহারে ফের খুন সাংবাদিক-আজকাল

বিহারে আবার খুন সাংবাদিক। শনিবার সকালে সাসারামের চায়ের দোকানে বসেছিলেন ধর্মেন্দ্র সিং। ৩ জন বাইকে চেপে এসে তাঁকে গুলি করে পালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্মেন্দ্রকে বুকে গুলি করে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তাঁকে সাসারাম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তাঁকে বারাণসীর হাসপাতালে নিয়ে যেতে বলেন। পথে মৃত্যু হয় ধর্মেন্দ্রর। হিন্দি সংবাদ পত্র ‘দৈনিক ভাস্কর’–এ চাকরি করতেন তিনি।

হয়রানি গরিব মানুষের চলছে দেদার ধাপ্পার কারবারও-গণশক্তি

ভারতীয় রুপি

 

নোট বাতিলের ধাক্কায় শহর থেকে গ্রামের মানুষ বিপদে পড়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর একটা দিন কার্যত মুদ্রাহীন থাকার পর বৃহস্পতিবার ব্যাঙ্ক খুললেও চাহিদার ৫ভাগও পূরণ হয়নি। কিন্তু তবু গতকাল রাতে এতটুকু আশা নিয়ে রাজ্যবাসী ঘুমোতে গিয়েছিলেন যে কাল সকাল থেকে অন্তত এটিএম-টা খুলবে এবং টাকা মিলবে।
আর আজকালের খবরে কেজরিওয়াল বলেছেন, নোট বাতিলের নির্দেশ ফিরিয়ে নেওয়া হোক।  এমনই দাবি তুললেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, কালো টাকার উপর নয়, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে নিরীহ জনতার উপর।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২