নভেম্বর ১৩, ২০১৬ ১৭:২৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ নভেম্বর রোববার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

সমাবেশের অনুমতি না দেয়ায় সোমবার বিএনপির বিক্ষোভ-ইত্তেফাক
ক্রসফায়ারে হত্যা : তিন পুলিশের বিরুদ্ধে পরোয়ানা-যুগান্তর
নাসিরনগরে ফের রহস্যজনক আগুন-মানবজমিন
হত্যা ও আগুনযুদ্ধে নেমে খালেদা ব্যর্থ হয়েছেন: ইনু- প্রথম আলো
সোহরাওয়ার্দী ও নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ-কালের কন্ঠ
ফুটপাথে চাঁদাবাজির উৎসব-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির - সংবাদ প্রতিদিন
খোঁড়াচ্ছে অর্থনীতি বিপাকে মানুষ- রাজ্যে চড়ছে দাম, কালোবাজারি -গণশক্তি
নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন মমতা -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

উন্নয়নের স্বার্থে শান্তি–শৃঙ্খলা বজায় রাখুন: প্রধানমন্ত্রী-প্রথম আলো

দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। কারণ, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়।’প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের জনগণের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময়ে এসব কথা বলেন।

সমাবেশের অনুমতি না দেয়ায় সোমবার বিএনপির বিক্ষোভ-ইত্তেফাক

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। রবিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
 মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার দেখা করতে গেলেও তারা দেখা দেননি। সমাবেশের অনুমতি না দিয়ে  বিরোধী দলের কর্মসূচিকে নিয়ে মারাত্মক প্রতারণা, প্রহসন ও ভেল্কিবাজির আশ্রয় নিয়েছে বর্তমান শাসক গোষ্ঠী।
এদিকে কালের কণ্ঠের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, বিএনপির ঘোষিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল থেকে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং এর আশপাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সঙ্গে রয়েছে রায়টকার ও জলকামানের গাড়ি।

বিতর্কিত সাংসদদের মনোনয়ন দেয়া হবে না: ওবায়দুল কাদের-প্রথম আলো

নিজ এলাকায় যাঁরা বিতর্কিত হয়ে পড়েছেন, তাঁদের আগামী নির্বাচনে মনোয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচজন সাংসদকে মনোনয়ন দেয়া হবে না বলে ভারতের একটি বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ রকম কোনো লিস্ট নেই। তবে সবার এসিআর প্রধানমন্ত্রীর কাছে আছে। যাঁরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাঁদের মনোনয়ন দেয়া হবে না। তাঁদের বিকল্প প্রার্থী আমরা দেখছি।’

হত্যা ও আগুনযুদ্ধে নেমে খালেদা ব্যর্থ হয়েছেন: ইনু-কালের কণ্ঠ/প্রথম আলো

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের টুপি পরে খালেদা জিয়া রাজাকার ও জঙ্গি-সাম্প্রদায়িকদের উসকে দিচ্ছেন। দেশি-বিদেশিদের হত্যা করছেন, রাজাকারদের বাঁচানোর চেষ্টা করছেন। হত্যা ও আগুনযুদ্ধে নেমে খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। তিনি বলেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন রাজাকার-মুক্তিযোদ্ধাদের প্রতিযোগিতার মাঠ হবে না।
আজ দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কারাগারে চরম অবহেলায় গউসুলের মৃত্যু: খালেদা-প্রথম আলো

কারাগারে দলের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক গউসুল আজমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে খালেদা জিয়া এ অভিযোগ করেন। গতকালই গাইবান্ধা জেলা কারাগারে গউসুল মারা যান।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সরকারের দুঃশাসনে কারাগারে আটক বিএনপির নেতা-কর্মীরা প্রায়ই মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, যা রহস্যজনক।

শর্তসাপেক্ষে ডেসটিনি চেয়ারম্যান ও এমডির জামিন-কালের কণ্ঠ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
জামিন আদেশে গাছ বিক্রি করে ২৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে পারলেই জামিন পাবেন ডেসটিনির দুই কর্ণধার রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে তাদেরকে এই টাকা জমা দিতে হবে।

সংখ্যালঘুদের ওপর হামলা-প্রশাসনকে সজাগ থাকার আহ্বান প্রধান বিচারপতির-প্রথম আলো

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে একটি গোষ্ঠী। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে৷
প্রধান বিচারপতি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন রয়েছে। কিন্তু এই ধারাকে বাধাগ্রস্ত করতে কিছু লোক জনগণের সম্পদ লুট করছে।

এদিকে নাসিরনগরে ফের রহস্যজনক আগুন- এ শিরোনাম করেছে মানবজমিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের এক বাড়ির জাল রাখার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাতে এই আগুন দেয়া হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান- ৮ জনের একটি দল পশ্চিম পাড়ায় পাহারা দিচ্ছিল। তারা ভোর ৪ টার দিকে চলে যাওয়ার পর ঐ পাড়ার ছুট্টু লাল দাসের জাল রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঐ ঘরে রাখা জাল পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্রসফায়ারে হত্যা : তিন পুলিশের বিরুদ্ধে পরোয়ানা-যুগান্তর
কুষ্টিয়ায় যুবক দাউদ হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী বানিয়ে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগের এক মামলায় ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।   রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

ফুটপাথে চাঁদাবাজির উৎসব-বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন

হকার উচ্ছেদে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজ চক্র। দুই মেয়রের ‘ফুটপাথ-রাস্তা দখল মুক্ত’ করার সব অভিযান বারবার ব্যর্থ করে দিচ্ছে তারা। ওয়ার্ড কাউন্সিলরসহ ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, সিটি করপোরেশনের দুর্নীতিবাজ কর্মচারী ও পুলিশের সমন্বয়ে গড়ে উঠেছে এ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। শুধু গুলিস্তান এলাকার ফুটপাথ-রাস্তা থেকেই এ চক্র প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রাজধানীর অন্যান্য এলাকার ফুটপাথ-হকার মিলিয়ে মাসে অন্তত কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়ে থাকে। মোটা অঙ্কের এই চাঁদাবাজি বহাল রাখতে প্রভাবশালী চক্রটি উচ্ছেদকারীদের ওপর হামলা-মামলা ও আন্দোলনের সূত্রপাত ঘটিয়ে থাকে। তাদের অপতত্পরতার কারণে হকার উচ্ছেদ দুই মেয়রের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

খোঁড়াচ্ছে অর্থনীতি বিপাকে মানুষ- রাজ্যে চড়ছে দাম, কালোবাজারি-গণশক্তি

এ টি এম-এ টাকা নেই। বন্ধ অসংখ্য এ টি এম। ব্যাঙ্ক থেকে ১০০ টাকার নোট পেতে চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের। শনিবারও বহু ব্যাঙ্কের সামনে রীতিমতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের। খুচরো টাকা ও জিনিসপত্র নিয়ে চলছে কালোবাজারিও। দুর্দশায় রুজি রোজগারহীন রাজ্যের বহু অসহায় শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ। ভয়াবহ সংকট তৈরি হচ্ছে দৈনন্দিন কেনাবেচায়।
গণশক্তির অন্য একটি খবরের শিরোনাম: কোচবিহারে ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে -অভিযোগ বিমান বসুর
রাজ্যের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে, সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে লোকসভার ভেতরে গণতান্ত্রিক শক্তিকে বাড়াতে লোকসভার উপনির্বাচনে কোচবিহার কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নৃপেন্দ্র নাথ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির-সংবাদ প্রতিদিন

জাপান সফরেই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন৷ দেশে ফিরে কালো টাকার বিরুদ্ধে কার্যত ‘জেহাদ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়ানো হবে৷ তারা টের পাবেন ধীরে ধীরে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর দেশজুড়ে বিরোধীরা সওয়াল তুলেছিল, দেশবাসীকে বিপাকে ফেলে প্রধানমন্ত্রী জাপানে লুকিয়ে রয়েছেন৷

একই দৈনিকের অন্য একটি খবরের শিরোনাম: নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন মমতা -আজকাল

শনিবার রাস্তায় নেমে সাধারণ মানুষের দুর্ভোগের খোঁজ নিয়েছিলেন তিনি৷ নোট দুর্ভোগ নিয়ে এবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার সকালে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতিকে ফোন করেন তিনি। পুরনো নোট নিয়ে চলা দুর্ভোগের কথা জানান। তারপর বেলার দিকে নিজেই টুইট করেন।#  

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২