গাইবান্ধার ঘটনায় স্বার্থান্বেষী মহল জড়িত: মোশাররফ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৪ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
চিকিৎসাধীন ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ-ইত্তেফাক
মকবুলের যুদ্ধাপরাধের প্রমাণ স্পষ্ট: তদন্তসংস্থা-যুগান্তর
মান্নার জামিন আপিলে স্থগিত-মানবজমিন
গাইবান্ধার ঘটনায় স্বার্থান্বেষী মহল জড়িত: মোশাররফ- প্রথম আলো
নাসিরনগরের জেলের ঘরে আগুনের ঘটনায় মামলা -কালের কন্ঠ
ভবন ভাঙতে চায় না বিজিএমইএ -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
এবার নর্দমায় মিলল রাশি রাশি ৫০০, ১০০০ টাকার নোট- সংবাদ প্রতিদিন
মোদীর নাটক, মরিয়া মমতা-প্রশ্ন এড়াতে বাগাড়ম্বর প্রধানমন্ত্রীর -গণশক্তি
কালো টাকার কারবারিদের ঘুম উড়ে গিয়েছে: মোদি -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
গাইবান্ধার ঘটনায় স্বার্থান্বেষী মহল জড়িত: মোশাররফ-প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলে জমি দখল ও দখলমুক্ত করার সরকারি চেষ্টার ফলে যে ঘটনা ঘটেছে, এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মহলটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
আজ সোমবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্পসচিব বলেন, হতাহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই এলাকার ভূমিহীন সাঁওতালদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু চিনিকলের জমিতে কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না।
ইত্তেফাকারের খবর: চিকিৎসাধীন ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ
গাইবান্ধার তিন সাঁওতালের হাতকড়া অবিলম্বে খুলে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সংঙ্গে তাদের হাতকড়া পরানোকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
মান্নার জামিন স্থগিতের খবরটি ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকে ছাপা হয়েছে।
বিস্তারিত খবরে বলা হয়েছে, সেনা বিদ্রোহে উসকানি দেয়ার মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।
গত ১০ অক্টোবর বিচারপতি মোহম্মদ দস্তগীর হোসেন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মান্নাকে এই মামলায় জামিন দেয়। জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মরক্কোর পথে প্রধানমন্ত্রী-ইত্তেফাক/প্রথম আলো
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মরক্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনটি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আগামী ১৫ ও ১৬ নভেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
১৮ নভেম্বর সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা-বাংলাদেশ প্রতিদিন
নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠনের ফর্মূলা দিতে আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এদিন বিকাল ৪টায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সুশীল সমাজের কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের বিভিন্নস্থানে হত্যা-আত্মহত্যা, ধর্ষণ, দুর্বৃত্তের হামলা সম্পর্কিত বিভিন্ন দৈনিকের কয়েকটি খবর: দৈনিক মানবজমিনের খবর-পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সদর উপজেলার তেজদাসকাঠী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী আমিনা রহমান আঁখি জখম হয়েছেন। ইত্তেফাকের দুটি খবর এরকম- নাগরপুরে নববধুসহ ২ নারীর আত্মহত্যা এবং নওগাঁয় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক। যুগান্তরের খবর-ধর্ষণে ব্যর্থ ছাত্রলীগ নেতার বিবস্ত্র ছবি ফেসবুকে ভাইরাল।
মকবুলের যুদ্ধাপরাধের প্রমাণ স্পষ্ট: তদন্তসংস্থা-যুগান্তর
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মকবুল আহমাদের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংস্থা। সোমবার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্তসংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান একথা জানান। তিনি বলেন, 'মকবুলের বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তবে অনেক অগ্রগতি হয়েছে।
ভবন ভাঙতে চায় না বিজিএমইএ-বাংলাদেশ প্রতিদিন
হাতিরঝিলের ক্যান্সার হিসেবে চিহ্নিত পোশাকশিল্প মালিকদের অবৈধ ১৬ তলা ভবনটি আগামী তিন বছরেও ভাঙতে চায় না বিজিএমইএ। এ জন্য উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনা ও ভবন ভাঙতে তিন বছর সময় চেয়ে আবেদন করা হবে। সর্বশেষ পোশাকশিল্প মালিকরা ভবন রক্ষায় রাষ্ট্রপতির অনুকম্পাও চাইতে পারেন বলে জানা গেছে। যদিও আদালতের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে বিজিএমইএকে নিজস্ব খরচে ভবন ভাঙার নির্দেশ দেয়া আছে।
নাসিরনগরের জেলের ঘরে আগুনের ঘটনায় মামলা-কালের কণ্ঠ
নাসিরনগরে এক হিন্দু জেলের জাল রাখার ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস রোববার রাতে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু জাফর জানান। রবিবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মোদীর নাটক, মরিয়া মমতা-প্রশ্ন এড়াতে বাগাড়ম্বর প্রধানমন্ত্রীর: গণশক্তি
নোট বাতিলের প্রতিক্রিয়ায় এবং সরকারের তরফে প্রস্তুতির প্রকট অভাবে দেশজুড়ে মানুষের ক্ষোভ বাড়ছে। অর্থনীতি খোঁড়াচ্ছে। এই অসন্তোষের মুখে বাগাড়ম্বরকেই হাতিয়ার হিসাবে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিভিশন ভাষণে ৫০০ ও ১হাজার টাকার নোট বাতিলের ঘোষণার পাঁচদিন পরে প্রকাশ্য জনসভায় রবিবার প্রধানমন্ত্রী বললেন, ‘কিছু লোক আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, হয়তো আমাকে বাঁচতেও দেবে না। কিন্তু আমি প্রস্তুত।
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, বিকল্প নোটের পর্যাপ্ত জোগান না হওয়া পর্যন্ত পুরানো নোটে লেনদেন চলতে দেওয়া হোক। নোট বাতিলের সিদ্ধান্ত আমজনতার তীব্র সংকটের সময়ই এই দাবি তুললো সি পি আই (এম) পলিট ব্যুরো।
নোট সংকট নিয়ে-সংবাদ প্রতিদিনের কয়েকটি খবর এরকম- মমতা বলেছেন,গরিবরা শান্তিতে ঘুমোচ্ছে না, এটা সাধারণ মানুষের অপমান। এবার নর্দমায় মিলল রাশি রাশি ৫০০, ১০০০ টাকার নোট। নোট সমস্যায় বেড়ে গেছে হোটেল ভাড়া।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪