এমপি ও মন্ত্রীকে বাঁচাতে মিথ্যা প্রতিবেদন: বিএনপি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ নভেম্বর মঙ্গলবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
নাসিরনগরে হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে অবরোধ-ইত্তেফাক
সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত-যুগান্তর
আদালত থেকে পালানো রুবেল ফের গ্রেপ্তার-মানবজমিন
‘জমি যে সাঁওতালদের, কোনো সন্দেহ নেই’অধ্যাপক আবুল বারাকাত- প্রথম আলো
সাঁওতাল জীবনে ক্ষমতার থাবা-কালের কন্ঠ
সাভারে দিনদুপুরে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
মেজাজ হারিয়ে প্রকাশ্যে মোদি-মমতাকে গালাগালি অধীরের- সংবাদ প্রতিদিন
সংসদে কার কী ভূমিকা দেখে পদক্ষেপ, জানালেন ইয়েচুরি-গণশক্তি
কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, তবে নোট বাতিল বহাল-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
নাসিরনগরে হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে অবরোধ-ইত্তেফাক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। এর আগে গত শুক্রবার তারা দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
মঙ্গলবার সকালে বেঁধে দেয়া সময় শেষ হলে তারা আবারো শাহবাগ মোড় অবরোধ করে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারের ব্যবসায়ী জহিরুল হক (৮৫) গত সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
এমপি ও মন্ত্রীকে বাঁচাতে মিথ্যা প্রতিবেদন: বিএনপি-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পুলিশের দেয়া প্রতিবেদনকে সাজানো ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাখান করেছে বিএনপি।
রিজভী বলেন, 'আওয়ামী লীগের ১৮ জন নেতার পাশাপাশি নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিল্লাল হোসেন নাম জড়িয়ে দেওয়া হয়েছে। মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচানোর জন্য পুলিশ এ মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে।'
তিনি বলেন, 'বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, এটা দুষ্কর্মকে ঢেকে দেওয়ার অপচেষ্টা মাত্র।'
সাভারে দিনদুপুরে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই-বাংলাদেশ প্রতিদিন
ঢাকা জেলার সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এর আগে, সোমবার রাতে সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকার পাশে দু’জনকে কুপিয়ে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসব ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত-যুগান্তর
সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফএর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন আরও একজন গরু রাখাল।একই সময়ে আরও একজন গ্রেফতার হবার খবর পাওয়া গেছে।
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি বলেন, এ বিষয়ে বিএসএফএর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
সাঁওতাল জীবনে ক্ষমতার থাবা-কালের কণ্ঠ
জমি ফিরে পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালরা। শুরুতে তাদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে তাঁরা অসহায় মানুষগুলোর কাছ থেকে দুই বছরে চাঁদা নিয়েছেন ৫০ লাখ টাকারও বেশি। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেননি তাঁরা। গত ৬ নভেম্বর তাঁদের মদদে ও নেতৃত্বেই হামলা হয়েছে সাঁওতালপল্লীতে। লুটপাট হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সেদিনের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন সাঁওতাল। পরে আরেকজন মারা গেছে। জান বাঁচাতে সাঁওতালরা এলাকা ছেড়ে চলে গেলে সেই ভিটেমাটিসহ পুরো এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ট্রাক্টর চালিয়ে মুছে ফেলা হয়েছে পোড়া বসতির নিশানাও।
প্রথম আলোতে এ সম্পর্কে লেখা হয়েছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত গত রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল-অধ্যুষিত অঞ্চল ঘুরে সোমবার প্রথম আলোকে বলেন, ‘জমি যে সাঁওতালদের, কোনো সন্দেহ নেই।’
তবে যুগান্তরের খবরে বলা হয়েছে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গাইবান্ধায় ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহারের চেষ্টা করেছে।
গারো তরুণী ধর্ষণ: আদালত থেকে পালিয়ে যাওয়া রুবেল গ্রেফতার-মানবজমিন
আদালত থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি রুবেল অবশেষে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সকালে বাড্ডার প্রগতি সরণীর সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে থেকে বাড্ডা থানা পুলিশে তাকে গ্রেফতার করে।
বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার দশ দিন পর রুবেলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেফতার করে র্যাব-১। শনিবার বিকালে রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য রবিবার তাকে আদালতে নেয়া হয়। আদালতের বারান্দা থেকে রুবেল পালিয়ে যান। এসময় তার এক হাতে হ্যান্ডকাফ পরা ছিল।
দায়িত্ব অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই ইমরান হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সংসদে কার কী ভূমিকা দেখে -পদক্ষেপ, জানালেন ইয়েচুরি-গণশক্তি
মোদী সরকারের বিরুদ্ধে ১৬ নভেম্বর সংসদে কে কী ভূমিকা নেয় তা দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মোদী সরকারের নোট বাতিল নিয়ে যৌথ আন্দোলন বা রাষ্ট্রপতির কাছে যাওয়ার বিষয়েও পার্টি এখনই কিছু ভাবছে না, তা-ও এদিন স্পষ্ট করে দিয়েছেন। গাজিপুরের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের কারণে গরিবরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। মোদীর এই বক্তব্যকে তীব্র আক্রমণ করে ইয়েচুরি বলেন, মোদী সম্পূর্ণ অন্য জগতে বসবাস করেন, যা রূঢ় বাস্তব থেকে বিচ্ছিন্ন। প্রকৃত ভারতের চিত্র ভিন্ন।
আর সি পি আই (এম)-র পলিট ব্যুরো সদস্য ও সাংসদ মহম্মদ সেলিম বলেছেন, গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূলের সঙ্গে গলা মেলানো সম্ভব নয় সি পি আই (এম)-র।
এদিকে নোট বাতিল নিয়ে সংবাদ প্রতিদিনের কয়েকটি খবর এরকম যে, নোট বাতিলে কাশ্মীরে সন্ত্রাস প্রায় বন্ধ, মোদিকে সাধুবাদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর। নোট বাতিলের সিদ্ধান্তে কেন্দ্রের পাশে সুপ্রিম কোর্ট। নোট বাতিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তীব্র ক্ষোভ। রাষ্ট্রপতিকে এ বিষয়ে তিনি ফোন করেছেন।
কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, তবে নোট বাতিল বহাল-আজকাল
‘সার্জিক্যাল হানা নয়। একে বলে কার্পেট বম্বিং। কারণ আচমকা নোট বাতিলে ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে।’ সাধারণ মানুষের সমস্যার জন্য এভাবেই কেন্দ্রকে ধমক দিল সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, তা হলফনামা দিয়ে জানাতে বলল। টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়েও কেন্দ্রকে চিন্তাভাবনা করতে বলল সুপ্রিম কোর্ট। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত বহালই রাখলেন সুপ্রিম কোর্ট।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫