'রাস্তাও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে'
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
ত্রিশালে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১-ইত্তেফাক
স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে : খালেদা জিয়া-যুগান্তর
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা-যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা-মানবজমিন
গোবিন্দগঞ্জে কোন কর্তৃত্ববলে গুলি, জানতে চেয়ে রিট- প্রথম আলো
গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কন্ঠ
'রাস্তাও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
নোট বদল ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষ, চাপে সরকার- সংবাদ প্রতিদিন
প্রস্তুতি ছাড়াই নোট বাতিল করা হয়েছে, অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
গোবিন্দগঞ্জে কোন কর্তৃত্ববলে গুলি, জানতে চেয়ে রিট-প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।ঘটনাস্থলে কোন কর্তৃত্ববলে আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, এর ব্যাখ্যা দাখিলে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে তিনটি সংগঠন।
সংগঠন তিনটি হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্রতী সামাজিক কল্যাণ সংস্থা ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। আসকের কৌঁসুলি অবন্তী নুরুল রিট আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যেসব সাঁওতালের নিজস্ব বাড়িঘর নেই, তাঁদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথায় এসব বাড়িঘর তৈরি করে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া নির্দেশে বলা আছে
'রাস্তাও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে'- বাংলাদেশ প্রতিদিন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'রাস্তাও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে। দলে যেসব মৌসুমী পাখি আছো, তারা ভালো হয়ে যাও। কিছু বসন্তের কোকিলও আছে, তারাও সংশোধন হয়ে যাও।' আজ সকাল ১১টায় ঝিনাইদহের কালিগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। যশোরের বিমানবন্দর থেকে নেমে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহের কালিগঞ্জে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে তিনি আরও বলেন, 'দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন দলকে সুশৃঙ্খল ও মেরামত করতে।'
ত্রিশালে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১-ইত্তেফাক
ময়মনসিংহের ত্রিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
ওসি মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মো. বাদল ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ. বারীর মধ্যে বিরোধ চলছিল।
হিন্দু বাড়ি ও মন্দিরে হামলা-নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার-ইত্তেফাক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল হোসেন চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার চকদার মঞ্জিল বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনার জের ধরে ৩০ অক্টোবর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে : খালেদা জিয়া-যুগান্তর
বিএনপির চেয়রাপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে একের পর এক গোপন চুক্তির মাধ্যমে বর্তমানে দেশকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিনই কোনাও না কোনোভাবে আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর চলছে প্রত্যক্ষ ও পরোক্ষ নিরবচ্ছিন্ন আগ্রাসন। তাই এই মূহুর্তে আধিপত্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় প্রতিভূদের রুখতে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। আমরা সেই পথেই অপশক্তির অশুভ ইচ্ছাকে পরাস্ত করতে সক্ষম হবো।
রাখাইন রাজ্যে সেনা অভিযান-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থা, সচিব পর্যায়ে বৈঠক অনিশ্চিত-প্রথম আলো
মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনার কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ২৩-২৪ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক অনিশ্চিত হয়ে উঠেছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা-যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা-মানবজমিন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় আবদুস ছালাম খান (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্থানীয় এক যুবলীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহত মুক্তিযোদ্ধার ছেলে বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
বাংলাদেশি দুই টাকা ভারতে বিক্রি হচ্ছে ৫ রুপি!-বাংলাদেশ প্রতিদিন
ভারতের মাদক সেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য বাংলাদেশি নতুন দুই নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এ জন্য দেশটিতে নাকি বাংলাদেশের দুই টাকার নোট ৫ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। খবর বিবিসি বাংলার। যশোরের বেনাপোল বন্দরে এই মাসেই দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দু'জন ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
প্রস্তুতি ছাড়াই নোট বাতিল করা হয়েছে, অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের- আজকালে প্রকাশিত এ খবরটির পাশাপাশি অন্য খবরে দৈনিকটি লিখেছে-
নোট ইস্যুতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন। পরিস্থিতি সামলাতে কেন্দ্রকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ। কালো টাকার সিংহভাগ বিদেশে আছে বলে তো মোদি খোদ দাবি করেছিলেন। হঠাৎ মত বদল কেন এমন প্রশ্ন করেছেন সীতারাম ইয়েচুরি। এদিকে ভারতের কালো টাকা ভুটানে গেলেই সাদা হয়ে যাচ্ছে এবং তার কদর বাড়ছে।
নোট বদল ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষ, চাপে সরকার-সংবাদ প্রতিদিন
যুক্তি। পাল্টা যুক্তি। তর্ক-বিতর্ক। শীতকালীন অধিবেশন শুরুতে বুধবার সকাল থেকে সংসদের দুই কক্ষের ছবিটা এরকমই। বিষয় নোট বদল। শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদ যে সরগরম হবে তা প্রত্যাশিতই ছিল। এদিন হলও তাই।
দৈনিকটির অন্য একটি খবর-দেশের অর্থনীতিতে খোলা হাওয়ার প্রবেশ তাঁর হাত ধরেই। মোদির সিদ্ধান্তে যখন উত্তাল গোটা দেশ, তখন কী প্রতিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের? জানা যাচ্ছে, দেশের অর্থনীতির স্বার্থেই মোদির এ সিদ্ধান্ত, এমনটা মনে করেন না দুঁদে এই অর্থনীতিবিদ।
দৈনিক গণশক্তির খবর- নোট বাতিলের ফলে সংকট বাড়িয়েছে- কোচবিহারে আলু চাষির আত্মহত্যা। বাড়ছে পণ্যের সংকট-৩০ হাজার গাড়ি আটকে আছে সীমান্তে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬