জঙ্গিরা ধর্মের নামে বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে : নৌপরিবহন মন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
‘ভুয়া’ জন্মদিন পালন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-ইত্তেফাক
ধান কাটতে পারবেন সাঁওতালরা-যুগান্তর
দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি-মানবজমিন
প্রকৌশলী থেকে যেভাবে জঙ্গি, জানাল র্যাব- প্রথম আলো
১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ অবৈধ ঘোষণা-কালের কন্ঠ
এবারও অনিশ্চিত তিস্তা চুক্তি-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইল বিরোধীরা- সংবাদ প্রতিদিন
নোট বাতিলে সংসদে কোণঠাসা মোদি-গণশক্তি
নোট বাতিলে উত্তরপ্রদেশে সুবিধায় বিজেপি! -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন এ সম্পর্কিত খবর সমকালসহ আজকের প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। খবরটিতে বলা হয়েছে, মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগদান শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু সম্মেলন নিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছে,
পানি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নতুন একটি বৈশ্বিক তহবিল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই তহবিল দিয়ে পানি বিষয়ে টেকসই উন্নয়ন অর্জনে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর করার সুপারিশ করেছেন তিনি।
মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) শীর্ষ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন।
‘ভুয়া’ জন্মদিন পালন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-ইত্তেফাক
ভুয়া জন্মদিন পালন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন।
গত ৩১ আগস্ট সাংবাদিক নেতা গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে।
গত ২৭ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা সমন ফেরত আসে। এরপর বাদীর আইনজীবী দুলাল মিত্র গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন। ঐ আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে।
অবশেষে সাঁওতালদের মামলা নিল পুলিশ-প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক–কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ১১ দিন পর অবশেষে সাঁওতালদের পক্ষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে স্বপন মুরমু বাদী হয়ে মামলাটি করেন।
সাঁওতালদের ওপর হামলা, ঘরে আগুন, পুরোনো বসতবাড়িতে লুটপাট ও সাঁওতাল হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়।
ধান কাটতে পারবেন সাঁওতালরা-যুগান্তর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুগারমিল এলাকায় রোপিত ধান কাটার অনুমতি পেয়েছেন সাঁওতালরা। একইসঙ্গে তারা পাট ও কালাইসহ অন্যান্য যেসব ফসল লাগিয়েছে, সরকার কেটে নিলেও তা সাঁওতালদের ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, তা গাইবান্ধার ডিসি, এসপি ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ২১ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
জঙ্গিরা ধর্মের নামে বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে : নৌপরিবহন মন্ত্রী-ইত্তেফাক
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা ধর্মের নামে মুসলমানদের বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে। তিনি বলেন, যে ইসলাম ধর্ম পৃথিবীতে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গি সৃষ্টি করছে। এ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবির জঙ্গিদের সঙ্গে নিয়ে দেশে হত্যা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ কারণেই জামায়াত-শিবির দেশে যেন কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নৌমন্ত্রী আহ্বান জানান।
এবারও অনিশ্চিত তিস্তা চুক্তি-বাংলাদেশ প্রতিদিন
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ফের আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এজেন্ডাগুলোর এক নম্বরে থাকছে তিস্তা চুক্তি প্রসঙ্গ। যদিও প্রতিবেশী দেশটির তরফে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির প্রত্যাশা ও প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবশ্য শেখ হাসিনার এই সফরে ভারতের সঙ্গে প্রায় দেড় ডজন চুক্তির সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও যোগাযোগ সম্পৃক্ত এসব চুক্তির প্রস্তাবনা নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর নয়াদিল্লি যাবেন।
প্রকৌশলী থেকে যেভাবে জঙ্গি, জানাল র্যাব-প্রথম আলো
গাজীপুরের ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসে বিএসসি পাস করেন গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আবদুল্লাহ। কিন্তু ২৭ বছর বয়সী এই যুবক প্রকৌশল হিসেবে পেশাগত কাজে জড়াননি। তিনি জড়িয়ে পড়েন জঙ্গি কর্মকাণ্ডে। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘সরোয়ার-তামিম’ গ্রুপের সদস্য হিসেবে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ, নাশকতার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক দ্রব্য তৈরি ও হামলাকারীদের প্রশিক্ষণও দিতেন সোহান।
সম্প্রতি সারোয়ার জাহান, তামিম চৌধুরীসহ শীর্ষ নেতাদের মৃত্যু ও অনেকে আত্মগোপন করায় জেএমবিকে আবার সংঘবদ্ধ করার কাজ করছিলেন তিনি। তবে সোহানসহ জেএমবি ‘সরোয়ার-তামিম’ গ্রুপের পাঁচ সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র্যাব)।
দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি-মানবজমিন
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ বাংলাদেশি বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহায়তায় বন্দী অবস্থা থেকে মুক্তি লাভের পর তারা আজ দুপুরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। গত বছরের ২৫ অক্টোবর ওই ২৫ বাংলাদেশি চাকুরীর উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়েছিলেন।
মন্ত্রিসভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক সমাপনী চলবে-প্রথম আলো
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যত দিন পর্যন্ত না মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে, তত দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০ নভেম্বর শুরু হতে যাওয়া পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নোট বাতিল ইস্যুতে দৈনিক আজকালের কয়েকটি খবর তুলে ধরছি।
৫০০ এবং হাজার টাকার আগের নোট ফিরিয়ে আনার দাবি আরও জোরদার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির আজদাপুরের সব্জি মাণ্ডিতে কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে ছোট ব্যবসায়ী, কৃষক মজুরদের হয়ে সওয়াল করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নোট বাতিলের জেরে উদ্ভূত পরিস্থিতি ভারতের ইতিহাসে ‘নজিরবিহীন’। তিনদিনের মধ্যে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন মমতা ব্যানার্জি। এদিকে নোট বাতিলে উত্তর প্রদেশে সুবিধায় রয়েছে বিজেপি।আর অরুন জেটলি বলেছেন-১০০০ টাকার নোট আর ফিরছে না।
নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইল বিরোধীরা-সংবাদ প্রতিদিন
৫০০, ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদের দুই কক্ষ৷ নোট বাতিলকে কেন্দ্র করে অধিবেশনের শুরু থেকেই প্রবল বাগ-বিতণ্ডা শুরু হয় সংসদের দু’কক্ষেই৷ বিরোধী দলগুলির তরফ থেকে নোট বাতিলের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করা হয়৷ কিন্তু তুমুল উত্তেজনা এবং হই-হট্টগোলের জেরে গোটা দিনের জন্যই মুলতুবি হয়ে যায় লোকসভা৷
নোট ইস্যুতে গণশক্তি পত্রিকায়ও বেশ কয়েকটি খবর ছাপা হয়েছে। নোট বাতিলে সংসদে কোণঠাসা মোদি। মালিয়াদের ১০হাজার কোটি মাফ শিরোনামে দৈনিকটি লিখেছে, একদিকে কালো টাকা উদ্ধারের লক্ষ্যে নোট অচলের ঘোষণা। অন্যদিকে, চুপিসাড়ে চলছে বড় বড় শিল্পমালিকদের বিপুল অঙ্কের ঋণ মকুব। ওপরতলার ৬৩জন শিল্পমালিকের মোট প্রায় ৭হাজার কোটি টাকার ঋণ মাফ করেছে স্টেট ব্যাঙ্ক। তার মধ্যে রয়েছে নিন্দিত বিজয় মালিয়ার ১২০০কোটি টাকার ঋণও।
ঋণ মাফের খবর বেরিয়ে পড়ায় প্রবল বিপাকে পড়েছে কেন্দ্র। দৈনিকটি আরো লিখেছে- দিন যত গড়াচ্ছে ভোগান্তি তত বাড়ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭