ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব খালেদার: আ.লীগের প্রত্যাখ্যান
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
ছিনতাই করতে গিয়ে কনস্টেবল আটক-ইত্তেফাক
খালেদার প্রস্তাব 'নাকচ' আওয়ামী লীগের-যুগান্তর
খালেদা জিয়ার ফর্মুলা জাতির সঙ্গে তামাশা- আওয়ামী লীগ-মানবজমিন
ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব খালেদার- প্রথম আলো
'রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতাবিরোধী অপরাধের শিকার'-কালের কন্ঠ
ভারতের শিরোনাম:
নোট বাতিল ইস্যুতে ফের বানচাল সংসদ অধিবেশন- সংবাদ প্রতিদিন
নোট বদলের উর্ধ্বসীমা কমলো সামান্য ছাড় বিয়ে, কৃষিকাজে -গণশক্তি
নোট নিয়ে ফের সিদ্ধান্ত বদলাচ্ছে কেন্দ্র-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব খালেদার-প্রথম আলো/যুগান্তর/কালের কণ্ঠ
নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
একজন নারীসহ চারজন কমিশনার নিয়োগের প্রস্তাব করেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের হতে হবে সর্বজন শ্রদ্ধেয়, সৎ, অভিজ্ঞতাসম্পন্ন ও দলনিরপেক্ষ। বাছাই কমিটির কাছে নিবন্ধিত সব রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো দুজন করে নাম প্রস্তাব করতে পারবে। সেখান থেকে বাছাই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্ত মনোনয়নের পর কেউ যদি দায়িত্ব পালন করতে অসম্মতি প্রকাশ করেন, তবে একই প্রক্রিয়ায় আবারও বাছাই করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার ফর্মুলা জাতির সঙ্গে তামাশা- আওয়ামী লীগ-মানবজমিন
নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া ফর্মুলাকে অন্ত:সারশূন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ধরণের ফর্মুলা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় আজ ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ছিনতাই করতে গিয়ে কনস্টেবল আটক-ইত্তেফাক
রাজধানীর কাওরান বাজারের হোটেল সোনারগাঁও মোড়ে ছিনতাইয়ের অভিযোগে লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে জনতা। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পান্থকুঞ্জ পার্কের পাশে এ ঘটনা ঘটে।আব্দুল বাছির নামে এক ডিম বিক্রেতার ৪৪ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ট্রাফিক উত্তরের এই পুলিশ কনস্টেবল।
থানা পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে ওই পুলিশ সদস্যকে মারধর করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে জনতার অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি প্লাস পাবে বাংলাদেশ'-ইত্তেফাক
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এদিকে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্ট'র ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার শর্ত সাপেক্ষে বাণিজ্য ক্ষেত্রে জিএসপি প্লাস সুবিধা প্রদানে সহায়তার করার আশ্বাস দিয়েছেন। তবে এ ক্ষেত্রে ২৭টি কনভেনশন অনুসরণ করার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্ব প্রদান করেছেন।
অভ্যন্তরীণ বিরোধে নাসিরনগর অভিমুখে লংমার্চ বাতিল-যুগান্তর
মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরমুখী লংমার্চ পুলিশের বাধা আর আয়োজকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাতিল হয়ে গেছে। মাইনরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই লংমার্চ শুরু হলেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশের বাধা দেয়। পরে এক পর্যায়ে নিজেদের মধ্যে বিরোধের পর অংশগ্রহণকারীরা ১১টা ৪০ মিনিটে আবার টিএসসিতে ফিরে আসেন।
২০১৮ সালেই জাতীয় নির্বাচনের তফসিল-যুগান্তরসংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি প্রায় দু’বছর। ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে নির্বাচনের সাংবিধানিক ক্ষণ গণনা শুরু হবে। কেননা সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের সদস্যরা শপথ নেন।সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে বলা আছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে (ক) ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে।’ তাই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতেই হবে। সে ক্ষেত্রে ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিন তথা ২০১৯ সালের ৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করতে হবে।
বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বৃহস্পতিবার এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, সংসদীয় সরকার পদ্ধতিতে সরকারের কোনো মেয়াদ নেই। কারণ অনাস্থা প্রস্তাব এলে সরকার ভেঙে যেতে পারে। তবে সংসদের মেয়াদ হবে ৫ বছর। আর এ ৫ বছর গণনা শুরু হবে যেদিন সবাই (নির্বাচিত সংসদ সদস্য) শপথ গ্রহণ করেন সেদিন থেকে।
আইটিইউ পুরস্কার পেল 'বঙ্গবন্ধু স্যাটেলাইট' প্রকল্প-সমকাল
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) 'রিকগনিশন অফ এক্সিলেন্স' পুরস্কার পেল বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে 'আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬'-তে এ পুরস্কার তুলে দেন আইটিইউ মহাসচিব হাওলিন ঝাও। তারানা হালিম জানান, উদ্ভাবনী আইসিটি সেবার স্বীকৃতি হিসেবে আইটিইউ বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পকে এ পুরস্কার দিয়েছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নোট নিয়ে ফের সিদ্ধান্ত বদলাচ্ছে কেন্দ্র!-আজকাল
একদল বলছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল স্থগিত রাখা হতে পারে। আরেক দল রিজার্ভ ব্যাঙ্কের সূত্রকে উদ্ধৃত করে বলছে, নতুন নিয়ম এনে নোট বদলের প্রক্রিয়াকে আরও আঁটোসাঁটো করতে চলেছে সরকার।
প্রথম খবরটির সমর্থনে বলা হচ্ছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করে নতুন নোট নেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দেওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে খবর, আজ রাতেই ঘোষণা হতে পারে একটি নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মাফিক নোট বদলের পুরো প্রক্রিয়ায় বন্ধ করে দিতে চলেছে সরকার।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে-ব্যাঙ্কে পুরনো নোট জমা দিলে আঙুলে মোছে না এমন কালি দেওয়া বন্ধ করা হোক। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন।
নোট বাতিল ইস্যুতে ফের বানচাল সংসদ অধিবেশন-সংবাদ প্রতিদিন
শুক্রবারও বিরোধীদের হই-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা অধিবেশন৷ একাধিকবার কিছু সময়ের জন্য মুলতবি হয়ে যায় রাজ্যসভা অধিবেশনও৷ এদিনও ফের নোট বাতিল ইস্যুতে সরকারকে চেপে ধরে বিরোধীরা৷
এদিকে নোট বাতিল ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মন্তব্য ঘিরে আক্রমণের পথে হাঁটে বিজেপি৷নোট বদলের উর্ধ্বসীমা কমলো সামান্য ছাড় বিয়ে, কৃষিকাজে-গণশক্তিনোট কেলেঙ্কারিতে জেরবার কেন্দ্রের মোদী সরকার বাতিল নোট বিনিময়ের উর্ধ্বসীমা ফের কমিয়ে দিলো বৃহস্পতিবার। নোট সঙ্কট আরো গভীর হওয়ার ইঙ্গিত দিয়ে কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, এবার থেকে আর ৪৫০০টাকা নয়, মাত্র ২০০০টাকার পুরোনো নোট বদলে নেওয়া যাবে। তাও আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত মাত্র একবার এই বদলের সুযোগ মিলবে। তবে দেশজোড়া সমালোচনার চাপে পড়ে বিয়ে এবং কৃষিকাজের জন্য সামান্য বাড়তি সুবিধা এদিন একইসঙ্গে ঘোষণা করা হয়েছে সরকারী তরফে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮