সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
'আওয়ামী লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল'-ইত্তেফাক
সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী-যুগান্তর
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভী, মাঠে থাকার ঘোষণা বিএনপির -মানবজমিন
তিন সাঁওতালের মৃত্যুর সুষ্ঠু বিচার দা- প্রথম আলো
আটক দুই কনস্টেবলের রিমান্ড চাইবে পুলিশ -কালের কন্ঠ
ভারতের শিরোনাম:
নোট বাতিল ইস্যুতে ফের বানচাল সংসদ অধিবেশন- সংবাদ প্রতিদিন
নৈরাজ্যে বন্ধ চাষ, গ্রাম ভারত এখন ‘নেই রাজ্য-গণশক্তি
নোট বাতিলের পর ভোট, ৬ রাজ্যে উপনির্বাচন -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
তিন সাঁওতালের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি-প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে তিনজন সাঁওতালের মৃত্যুর সুষ্ঠু বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় আনতে হবে, সর্বোপরি আদিবাসীদের নিরাপত্তা দিতে হবে।
এদিকে আজ সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আজ আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
'আওয়ামী লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল'-ইত্তেফাক
নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয়েছে তা আগে থেকেই তৈরি করা ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ জিয়া নাগরিক ফোরামের আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য শেষ হয়েছে আর সঙ্গে সঙ্গেই তারা নাকচ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। অবস্থাদৃষ্টি মনে হয়, তাদের প্রতিক্রিয়া আগেই তৈরি ছিল।
খালেদা জিয়ার প্রস্তাবনা পুরোটা মানতে হবে সেটা বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবের ওপর ভিত্তি করে সকল দলের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অতীতেও হয়নি। যদি কল্যাণ চান তাহলে সব দলের সঙ্গে আলোচনা করতে হবে।
প্রস্তাবের পক্ষে ঐক্যমত গড়ে তুলে জনমত সৃষ্টি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশের বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ-প্রথম আলো
যশোরে পুলিশের বিরুদ্ধে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কে যশোর সদর উপজেলার দৌলতদিহি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, জাহাঙ্গীরকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশ হত্যা করেছে। তবে যশোর কোতোয়ালি থানা-পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ডাকাতি করতে গিয়ে দুই পক্ষের গোলাগুলিতে জাহাঙ্গীর নিহত হয়েছেন।
সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও স্বাক্ষরতার হার শতভাগ না হওয়া লজ্জাজনক।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে 'সুবর্ণ জয়ন্তী' অনুষ্ঠানের শুভেচ্ছা ব্ক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আজ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতকে উন্মুক্ত করেছে। দেশবাসীকে নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল হিসেবে আজ বাংলাদেশ বিশ্বে বিবেচিত হচ্ছে।
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভী, মাঠে থাকার ঘোষণা বিএনপির-মানবজমিন
অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াত আইভী। গতকাল গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওদিকে এ খবরে আওয়ামী লীগ শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অপরদিকে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিবের ঘোষণার পর উল্লসিত হয়ে উঠে নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার দলটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। দলের নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত কার্যালয়ে দেখা যায় নেতা কর্মীদের ভিড়। ফলে আগামী জাতীয় নির্বাচনের আগে নাসিক নির্বাচনে এসিড টেস্টে মিলিত হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
'যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী দেশকে পাপমুক্ত করেছে'-ইত্তেফাক
নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের মতো পাপীদের বিচার করে দেশকে পাপমুক্ত করছেন।'
শনিবার বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, 'স্বাধীনতার পর থেকেই দেশ বিরোধীরা চক্রান্ত করতে থাকে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করেছেন। খালেদা জিয়া সেই রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন।'
আটক দুই কনস্টেবলের রিমান্ড চাইবে পুলিশ-কালের কণ্ঠ
রাজধানীতে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পুলিশের গুলিতে ছত্তিশগড়ে নিহত ৬ মাওবাদী-সংবাদ প্রতিদিন
ছত্তিশগড়ের নারায়নপুর জেলার বেচার জঙ্গলে পুলিশের গুলিতে নিহত অন্তত ছয় মাওবাদী৷ মাও ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও অধাসেনার যৌথ বাহিনী মাওবাদীদের ডেরায় হানা দেয়৷ পুলিশকে দেখেই পাল্টা তীব্র গুলিবর্ষণ করে মাওবাদীরা৷ যৌথ বাহিনীর গুলিতে ছয় মাওবাদী প্রাণ হারায়৷
নৈরাজ্যে বন্ধ চাষ, গ্রাম ভারত এখন ‘নেই রাজ্য’-গণশক্তি

নোট অচল হয়ে সবচেয়ে বেশি সমস্যায় গ্রাম ভারত। রবি মরশুমের গোড়ায়, বীজ বোনার সময় লেনদেন প্রায় আটকে পড়েছে। কাজ নেই খেতমজুরদেরও। ছোটখাটো কাজে অসংগঠিত ক্ষেত্রে যে অংশ জড়িত, কাজ মিলছে না তাঁদেরও।
প্রধানমন্ত্রীর ঘোষণার চারদিন পর গুজরাটের আনন্দে ব্যাঙ্কের লাইনে ঠায় দাঁড়িয়ে থেকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বরকত শেখ। বছর পঁয়তাল্লিশের এই কৃষক দৌড়ে বেড়াচ্ছিলেন শহরে ব্যাঙ্কের বিভিন্ন শাখায়, নতুন নোটের খোঁজে। না হলে খেতমজুরদের টাকা দেওয়া যাচ্ছিল না। পরে মারা যান এই মাঝারি কৃষক। মুম্বাইয়ের শহরতলিতে কাঠের মিস্ত্রি জগদীশ শর্মার কাছেও ছিল না নতুন নোট। তাঁর স্ত্রীয়ের সদ্য প্রসব করা শিশু মারা যায় চিকিৎসা না পেয়ে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯