নভেম্বর ২১, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

'সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে'-ইত্তেফাক
রাষ্ট্রপতি আলোচনার ব্যবস্থা করবেন, প্রত্যাশা বিএনপির-যুগান্তর
‘বেশিরভাগ ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে দুদক ব্যর্থ-মানবজমিন
নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় সব আসামিকে রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন রাষ্ট্রপক্ষের- প্রথম আলো
প্রস্তাবনা আলোচনার ভিত্তি হতে পারে না : তথ্যমন্ত্রী-কালের কন্ঠ
বুলু-শিমুলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:


নোট বাতিল ইস্যুতে এককাট্টা বিরোধীরা, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি- সংবাদ প্রতিদিন
মোদীর মুখে চিট ফান্ড তদন্ত বন্ধের উত্তর নেই-গণশক্তি
ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩৩-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- প্রধানমন্ত্রী: ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনসহ জাতির যে কোনো দুর্যোগে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'
 আজ সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, আমাদের স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব সশস্ত্র বাহিনীর ওপর ন্যস্ত। এই পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দেশের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা রক্ষা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সুবিধা বাড়াতেও সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি আলোচনার ব্যবস্থা করবেন, প্রত্যাশা বিএনপির-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপি মনে করে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া চলমান রাজনৈতিক সংকট নিরসন করার কোনো উপায় নেই। সেই কারণে রাষ্ট্রপতির যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনো দলভুক্ত মানুষ নন। উনার দায়িত্ব খালেদা জিয়ার প্রস্তাব উপস্থাপন করবেন এবং এ সর্ম্পকে আলাপ-আলোচনা শুরুর ব্যবস্থা নেবেন।'

এদিকে ইত্তেফাকের শিরোনাম এরকম-বিএনপির প্রস্তাব অসাংবিধানিক, অবাস্তব : সুশীল সমাজ

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাবনাকে অসাংবিধানিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে সুশীল সমাজের নেতা-নেত্রীরা। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তারা জানায়, সাংবিধানিক কর্মকর্তাদের বাদ দিয়ে সামরিক বিভাগকে ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা প্রদান এবং জাতীয় প্রতিরক্ষা বিভাগকে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে ব্যবহারের জন্য খালেদা জিয়ার দেয়া পরামর্শ অর্থহীন।

এ সম্পর্কে কালের কণ্ঠের খবর: প্রস্তাবনা আলোচনার ভিত্তি হতে পারে না : তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে অবাস্তব ও অসাংবিধানিক উল্লেখ করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তার প্রস্তাবনা আলোচনার কোনো সূত্র বা ভিত্তি হতে পারে না। তিনি বলেন, তার প্রস্তাবনার উদ্দেশ্য দেশে অনিশ্চয়তা সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেয়া। এদিকে নয়া দিগন্তের একটি খবরে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন- সংলাপ ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না।

বুলু-শিমুলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-নয়া দিগন্ত

মিরপুর মডেল থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বেশিরভাগ ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে দুদক ব্যর্থ- দুদক চেয়ারম্যান
বেশির ভাগ ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান বলেন, সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ট্রেন দুর্ঘটনার খবরটি প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে আজকালের খবর:  মৃত বেড়ে ১৩৩-সংখ্যা আরো বাড়তে পারে
পাটনা ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩৩। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার ভোররাতে কানপুরের কাছে দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি। সোমবার সকালে উদ্ধারকাজে যোগ দিয়েছেন প্রায় একশো সেনাকর্মী, পুলিস এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মোদীর মুখে চিট ফান্ড তদন্ত বন্ধের উত্তর নেই-গণশক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

 

নোট অচল বিতর্ক সামলাতে চিট ফান্ড কেলেঙ্কারিকে সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আগ্রায় জনসভার মঞ্চ থেকে মোদী বলেছেন, দেশের মানুষ জানেন চিট ফান্ড কেলেঙ্কারিতে কারা যুক্ত। কোটি কোটি মানুষ টাকা খুইয়েছেন। তারা আজকে প্রশ্ন তুলছে।মোদী নাম না করলেও মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করেছেন তিনি।

নোট বাতিল ইস্যুতে এককাট্টা বিরোধীরা, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি-সংবাদ প্রতিদিন

নোট বাতিল সংকট

 

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে সংসদে এককাট্টা বিরোধীরা৷ সোমবারও বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে বারবার মূলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ৷ বিরোধীদের দাবি, নোটবাতিল ইস্যুতে চলা বিতর্কে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে৷  রাজ্যসভায় কংগ্রেস সহ বেশ কিছু বিরোধীদল দাবি তোলে, নোট বাতিল ইস্যুতে ভোটাভুটির পর বির্তকের আয়োজন করতে হবে৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১