আ. লীগ কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দেয়া হোক: গয়েশ্বর-ইত্তেফাক
নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির-যুগান্তর
মিতু হত্যা: অস্ত্র মামলায় দুই আসামির বিচার শুরু-মানবজমিন
বহিষ্কৃত অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার জামিন- প্রথম আলো
নাসিক নির্বাচন টেস্ট কেস : মোশাররফ -নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
সময়সীমা শেষ, দিল্লিতে ধরনায় বসবেন মমতা- সংবাদ প্রতিদিন
সরকারের তৈরি বিপর্যয়ে প্রাণ যাচ্ছে মানুষের-সূর্যমিশ্র-গণশক্তি
নোট বাতিল সরকারের সাফল্য: জেটলি-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি-প্রধানমন্ত্রী
ইত্তেফাকে প্রকাশিত এ খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি। বরং এই বাহিনীকে শক্তিশালী, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চেয়েছে।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং এই বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করেছে। আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে চায়; যে বাহিনীর সুনাম দেশে-বিদেশে সমাদৃত হবে।
বহিষ্কৃত অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার জামিন-প্রথম আলো
রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া দুই আসামি হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এই জামিন মঞ্জুর করেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান। তিনি বলেন, জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষে তিনি জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। আসামিপক্ষ থেকে বলা হয়, দুই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।
রোহিঙ্গা সম্পর্কিত বেশ কয়েকটি খবর ছাপা হয়েছে দৈনিকগুলোতে। এ সম্পর্কে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম:
রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দেয়া হোক: গয়েশ্বর
মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
একই দৈনিকের অন্য একটি খবরে বলা হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। তাদের পক্ষ থেকে বলা আরো বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দেয়ার মতো যথেষ্ট। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐ ঘটনার ব্যপারে জোরালো কোনে ভূমিকা দেখছি না।
তাছাড়া যুগান্তরের একটি খবরে বলা হয়েছে, মিয়ানমার সরকারের মদদপুষ্ট হয়ে সেদেশের মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করার খবরটি ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। নাসিক নির্বাচন নিয়ে যুগান্তরের খবর এরকম যে,
নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, নারয়ণগঞ্জ গডফাদারদের এলাকা। সেখানে নির্বাচনের সময় মানুষ স্বস্তিবোধ করে না। তাই মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার জন্য নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।
এ সম্পর্কে নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, নারায়নগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনকে এ সরকারের অধীনে বিএনপি সর্বশেষ টেস্ট নির্বাচন হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
মিতু হত্যা: অস্ত্র মামলায় দুই আসামির বিচার শুরু-মানবজমিন
চট্টগ্রামে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় দুই আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আজ চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নুর মঙ্গলবার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি শুরুর দিন ঠিক করে দেন। এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত ৫ই জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নোট বাতিল সরকারের সাফল্য: জেটলি-আজকাল
দেশের স্বার্থেই নোট বাতিলের সিদ্ধান্ত। ফের বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সরকার যে রাতারাতি এই সিদ্ধান্ত নেয়নি তা বোঝাতে কসুর করলেন না তিনি। তাঁর কথায় বিদেশ থেকে কালো টাকা ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছে। কালো টাকা সাদা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এরপরই ৫০০ এবং হাজার টাকার মতো বড় অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্ত।
তিন কেন্দ্রে উপনির্বাচনেও মানুষের আস্থা মমতায়-সংবাদ প্রতিদিন
ছয় মাস আগে বিধানসভা ভোটে তিনি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিলেন৷ ছয় মাসের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কোনও সম্ভাবনা থাকে না৷ কিন্তু সাম্প্রতিক নোট কাণ্ড নিয়ে তাঁর জেহাদ আন্দোলন চলছে৷ খুব স্বাভাবিকভাবেই তিন আসনের উপনির্বাচনে দেখার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ফলাফল কেমন হয়৷ কিন্তু সোমবার সকালে ভোটবাক্স খুলতেই বোঝা গেল, মমতার প্রতি এই রাজ্যের মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস আরও বহু গুণ বেড়েছে৷ এমনকী নোট কাণ্ড নিয়ে তাঁর আন্দোলনেও সমর্থন রয়েছে মানুষের৷
মমতা ব্যানার্জী এ সম্পর্কে তার প্রতিক্রিয়ায় বলেছেন,উপ নির্বাচনের রায় জনবিদ্রোহ এবং গণবিদ্রোহ। তিনি বলেছেন, তাঁর রাজ্যে মানুষ নোট বাতিলের বিরুদ্ধেই রায় দিয়েছে৷ কেন্দ্র যেন এর থেকে শিক্ষা নেয়৷ দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীকে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বিকেলেই সেই সময়সীমা শেষ হতেই কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতের পথে হাঁটলেন মমতা৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২